কলকাতায় বাংলা গানের উৎসব
বাংলা গানের উৎকর্ষ ও বৈচিত্র্য তুলে ধরতে ৮ থেকে ১৬ ফেব্রুয়ারি পঞ্চাশজন শিল্পী নিয়ে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ও আইটিসি সংগীত রিসার্চ অ্যাকাডেমির সহায়তায় কলকাতায় প্রথমবারের মতো নয় দিনব্যাপী বাংলা গানের উৎসবের আয়োজন করা হয়েছে।
ওই উপলক্ষ্যে ২৭ জানুয়ারি বেঙ্গল শিল্পালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, উৎসবে বাংলাদেশ এবং কলকাতার প্রথিতযশা ৫০জন শিল্পী গান গেয়ে শোনাবেন। শিল্পীরা রবীন্দ্রনাথ, নজরুল ও তিনকবির গান, সেকালের বাংলা গান, রাগপ্রধান বৈঠকী গান, ফিউশন, জীবনমুখী ও আধুনিক গান এবং লোকগান পরিবেশন করবেন। পাশাপাশি থাকবে গীতিনৃত্যনাট্য। উৎসবে বাংলাদেশের খাবার ও প্রকাশিত বই পাওয়া যাবে। অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত বিভিন্ন শিল্পীর কণ্ঠে ধারণ করা বাংলা গানের ৩০টি অ্যালবাম প্রকাশিত হবে।
উৎসব উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উৎসব উৎসর্গ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।
উৎসব সবার জন্য উম্মুক্ত থাকবে। প্রথম দিন অনুষ্ঠান শুরু সন্ধ্যা ৬টায়, অন্যান্য দিন সন্ধ্যা সাড়ে ৬টায়। আসরে উপস্থিত হতে হলে ১ ফেব্রয়ারি থেকে কলকাতায় ১ নম্বর নেতাজী সুভাষচন্দ্র বসু রোড, টালিগঞ্জে অবস্থিত সংগীত রিসার্চ অ্যাকাডেমির অফিস থেকে বিনামূল্যে প্রবেশ-পত্র সংগ্রহ করতে হবে। বাংলাদেশে যদি কেউ পাশ সংগ্রহ করতে চান তাহলে বেঙ্গল ফাউন্ডেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে ঢাকায় বেঙ্গল গ্যালারি থেকে বিনামূল্যে পাশ সংগ্রহ করতে পারেন। বিস্তারিত জানার জন্য আগ্রহীরা বেঙ্গল ফাউন্ডেশনের ওয়েব সাইট দেখতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কবি নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী ও আইটিসি সংগীত রিসার্চ অ্যাকাডেমির নির্বাহী পরিচালক রবি মাথুর। ১৬ ফেব্রুয়ারি সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক আনিসুজ্জামান।
২৭ জানুয়ারি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন শিল্পী কিরণ চন্দ্র রায়, শামা রহমান, খায়রুল আনাম শাকিল, সামিনা চৌধুরী এবং দি ডেইলি স্টার পত্রিকার সংস্কৃতি সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক। বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের, মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং পরিচালক সুবীর চৌধুরী।
