২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নবযাত্রায় বাংলাদেশ’

নাসির উদ্দীন ইউসুফ (সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাট্যজন ও চলচ্চিত্র নির্মাতা)

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 09:14 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

আমি মনে করি বাংলাদেশের নবযাত্রা শুরু হয়েছে। আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ দেশের সাংস্কৃতিক কর্মীরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন করে আসছি তারই প্রাথমিক ফল ‘বাচ্চু রাজাকার’ (আবুল কালাম আযাদ)-এর ফাঁসির আদেশ। আমার সৌভাগ্য হয়েছিলো রায় ঘোষণার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ উপস্থিত থাকার। বেলা পৌনে ১১টায় রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।

শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ১১২ পৃষ্ঠার বিশাল রায়টির কথা উল্লেখ করে বলেন এতে ৩৩৪টি অনুচ্ছেদ রয়েছে। এরপরে তিনি ১১টা ৫০ মিনিটে সংক্ষিপ্ত রায় পড়া শেষ করেন। এতে বলা হয়েছে, আযাদের বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে সাতটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। একটি অভিযোগ প্রমাণ হয়নি। হত্যা, গণহত্যা, ধর্ষণ এবং এ ধরনের কাজে সহযোগিতার জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুসারে আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- ঘোষণা করা হয়েছে। ১৯৪৭ সালের ৫ মার্চ ফরিদপুরের বড়খাড়দিয়া গ্রামে জন্মগ্রহণকারী আবুল কালাম আযাদ রাজেন্দ্র কলেজে লেখাপড়া করেন। তিনি জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদেরও বিচার চলছে। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, একাত্তরে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য আনুষ্ঠানিকভাবে রাজাকার বাহিনী গঠনের আগ পর্যন্ত আযাদ পাকিস্তানি সেনাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে সহযোগিতা করেন। ১৯৭১ সালের ২১ এপ্রিল তিনি ‘স্বাধীনতাবিরোধী শক্তিগুলোর সঙ্গে একত্র হয়ে, ফরিদপুরে পাকিস্তানি সেনাদের ‘অভ্যর্থনা’ জানান। আযাদ স্থানীয় রাজাকার বাহিনীর দায়িত্বে ছিলেন এবং আলবদর বাহিনীরও প্রধান ছিলেন। পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে আযাদ স্থানীয় হিন্দু সম্প্রদায় ও স্বাধীনতার পক্ষের বাঙালি জনগোষ্ঠীর ওপর নৃশংস নির্যাতন চালান বলে অভিযোগ গঠনের আদেশে উল্লেখ করা হয়। এই রায়ে মুজাহিদের নামও এসেছে ২ বার। এটা আমি স্পষ্টই শুনেছি। এসময় সেখানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি মুনতাসির মামুনসহ আরো ২জন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

রায় ঘোষণার পরে আদালতে তো আর চিৎকার করা যায় না, তবে আমরা একে অপরের সঙ্গে হাত মিলিয়েছি। আমাদের এতদিনের আন্দোলনের ফলের এটি সূচনা মাত্র। এরই মধ্যে আমরা আন্দোলনের সহযাত্রীদের অনেককেই হারিয়েছি। শহীদ জননী জাহানারা ইমাম, কবি সুফিয়া কামাল, ফয়েজ আহমেদ, কবির চৌধুরী, আফজাল শরীফ প্রমুখ আমাদের মাঝে নেই। তবে আমাদের আন্দোলনে তাদের নিষ্ঠা ও ত্যাগের ফসল এটি।

আমি আরো বলতে চাই, গত একচল্লিশ বছরে সবচেয়ে বড় ঘটনা এটি।  এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে রাজাকাররা সত্যিই অপরাধী। আর অপরাধী যত শক্তিধরই হোক তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। এর ফলে আবারো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। আর এর মধ্য দিয়ে বাংলাদেশ শুভযাত্রা শুরু করলো।

শাওন মাহমুদ (সংগীত শিল্পী  ও শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা):

এই মুহূর্তে আমি বলতে চাই, আমরা এতদিন ধরে যে ক্যাম্পেইন করেছি, যে বিচারের দাবি নিয়ে পথে থেকেছি তার একটা ফল ‘বাচ্চু রাজাকার’-এর ফাঁসির আদেশ। আমাদের দায়িত্ব ছিলো এই প্রজন্মের কাছে যুদ্ধাপরাধীদের কুকীর্তির কথা জানিয়ে দেওয়ার। আমরা সেটা পেরেছি। তারাও আমাদের সঙ্গেই আছে। আমাদের পরের প্রজন্মের কাছে দেওয়া কথা আমরা রাখতে পেরেছি। এখন দাবি একটা, যতদ্রুত সম্ভব এই রায় কার্যকর করা হোক।

মাসুদ পথিক (চলচ্চিত্র নির্মাতা):

এটা খুব ইতিবাচক ঘটনা। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটি সময়ের দাবি ছিলো। এই সরকারকে আমাদের মত তরুণ ভোটাররা এবারে ভোট দিয়েছিলো শুধু এই বিচার হবে সেই প্রত্যাশা থেকে। অন্য যুদ্ধাপরাধীদেরও বিচার দ্রুত হওয়া উচিত। এবং তাদের বিচারের রায় কার্যকর করা উচিত দ্রুতই। সাধারণভাবেও একজন খুনির বিচার করা হয়। সেদিক থেকে দেরিতে হলেও আজকে যে রায় দেওয়া হলো তাতে জাতি কিছুটা হলেও যুদ্ধাপরাধের বিচারে যে দায় আমরা বহণ করছি প্রজন্মান্তে তা লাঘব হওয়া শুরু হল। এই রায় আমাদের দেশের অনেক খারাপ ঘটনার মধ্যে দারুণ একটি ইতিবাচক ঘটনা। এটা আমাদের প্রজন্মকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে বলেই আমার বিশ্বাস।