অভিনয় ভালোবাসি: রণবীর
বলিউডের ঐতিহ্যবাহী ফিল্মি পরিবার থেকে উঠে আসা অভিনেতা রণবীর কাপুর বলেছেন অর্থের জন্য নয়, বরং অভিনয়কে ভালবাসেন বলেই তিনি পেশা হিসেবে একে গ্রহণ করেছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
অভিনেতা ঋষি কাপুর এবং অভিনেত্রী নিতু কাপুরের ছেলে রণবীর কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, শুধুমাত্র অর্থ আয়ের জন্য তিনি সিনেমাকে পেশা হিসেবে বেছে নেননি, বরং অভিনয়কে ভালবাসেন বলেই চলচ্চিত্রে কাজ করছেন। রণবীর বলেন, ‘আমি যেখান থেকে এসেছি, অর্থ সেখানে কোনদিনও সমস্যা ছিলো না। আমি খুবই বিলাসবহুল শৈশব কাটিয়েছি। আমি অভিনয় করছি কারণ আমি অভিনয়কে ভালোবাসি। আমি খুবই ধন্য যে আজ অভিনয়ের এতটা সুযোগ পাচ্ছি।’
রণবীর আরও বলেন, ফিল্মি পরিবার থেকে আসার পরও পরিবারের নামকে কখনোই নিজের স্বার্থে ব্যবহার করেননি তিনি। রণবীর বলেন, ‘আমি পরিবারের নামকে কখনও নিজের স্বার্থে কাজে লাগাইনি। যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, তবে সেটা নিজের চেষ্টায়ই করতে হবে। আমার বাবা-মা কিংবা আমার দাদা রাজ কাপুর যা করে গেছেন তার উপর আমি নির্ভর করি না।’
রণবীর জানান, বাবা-মায়ের কাছ থেকে কখনও অভিনয়ের ব্যাপারে পরামর্শ নেন না তিনি। কারণ সাফল্য এবং ব্যর্থতার দায়ভার নিজেই নিতে চান রণবীর।
