ফেইসবুকে জনপ্রিয়তম ভারতীয় এ আর রেহমান
ভারতীয়দের মধ্যে ফেইসবুকে সবচেয়ে জনপ্রিয় তারকা এ আর রেহমান।
ফেইসবুকে ভারতীয় তারকাদের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক এ আর রেহমান। সর্বমোট এক কোটি ভক্ত নিয়ে অমিতাভ বচ্চন এবং শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘জয় হো’ খ্যাত ৪৬ বছর বয়সি রেহমানের ফেইসবুক পেইজে ভক্তের সংখ্যা এক কোটি তেরো লাখ আট হাজার পাঁচশো নয়, যার মধ্যে তার প্রতিটি পোস্টে গড় কমেন্টের সংখ্যা একাশি হাজার একশ ঊনষাট । ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে সম্প্রতি রেহমান একটি ছবি পোস্ট করেছেন। ছবিটির ক্যাপশন ছিলো, ‘এক কোটি এবং ধন্যবাদ’।
কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে দেখা গিয়েছে ভারতীয়দের মধ্যে জনপ্রিয়তার দৌড়ে এ আর রেহমানের পরে অবস্থান করতে; তার ভক্তের সংখ্যা একানব্বই লাখ নয় হাজার আটশো আটানব্বই। শচীনের পরেই রয়েছেন অভিনেতা সালমান খান। তার ভক্তের সংখ্যা ৭৫ লাখ। বলিউডিদের মধ্যে আরও আছেন আমির খান যার ভক্ত সংখ্যা তেষট্টি লাখের একটু উপরে। এদিকে অমিতাভ বচ্চন, যিনি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে বেশ সক্রিয়, তার রয়েছে প্রায় ছত্রিশ লাখ ভক্ত।
অভিনেত্রীদের মধ্যে সেরা দশের তালিকায় জায়গা করে নিতে পেরেছেন একমাত্র প্রিয়াঙ্কা চোপড়া; তার ভক্তের সংখ্যা পয়ত্রিশ লাখ বায়ান্ন হাজার ছয়শ নিরানব্বই। জনপ্রিয় তারকাদের ওই তালিকায় আরও আছেন হৃত্বিক রোশান, শাহরুখ খান, অক্ষয় কুমার এবং লতা মুঙ্গেশকার।
