বিচারক বাপ্পা
‘পাওয়ার ভয়েজ’ এর ৩য় রাউন্ড থেকে বিচারকের আসনে বাপ্পা মজুমদার
১৫ জানুয়ারি থেকে পাওয়ার ভয়েস ২০১২-এর তৃতীয় রাউন্ডের রেকর্ডিং শুরু হয়েছে। সংগীত বিষয়ক এই রিয়েলিটি শোয়ের আয়োজন করেছে চ্যানেল নাইন।
চ্যানেলটির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ‘এ পর্ব থেকে বিচারক প্যানেলে সংগীত শিল্পী সুবীর নন্দী, সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা এর সঙ্গে যুক্ত হচ্ছেন সংগীত শিল্পী বাপ্পা মজুমদার। একই সঙ্গে প্রতিযোগিতাটির ‘মহাগুরু’ হিসেবে সংগীত শিল্পী রুনা লায়লাও হাজির থাকবেন।’
আরো জানা গেছে, ‘সারাদেশ থেকে অডিশনের মাধ্যমে পাওয়া ১৬৮ জন প্রতিযোগীর মধ্য থেকে ৪০ জন প্রতিযোগীকে এই রাউন্ডের জন্য বাছাই করা হয়। প্রতিযোগীদের মধ্যে ময়মনসিংহ থেকে ৪, চট্টগ্রাম থেকে ৮, ঢাকা থেকে ১৪, রংপুর থেকে ১, বরিশাল থেকে ২, খুলনা থেকে ৪, সিলেট থেকে ১, রাজশাহী থেকে ৩ ও ইউরোপ থেকে ২জনকে বাছাই করা হয়েছে ৩য় রাউন্ডের জন্য। বাকি একজন প্রতিযোগীকে লটারির মাধ্যমে দ্বিতীয় রাউন্ড থেকে বাছাই করা হবে। আর এই পর্ব থেকেই দর্শকরা তাদের পছন্দের প্রতিযোগীকে এসএমএস এর মাধ্যমে ভোট দিতে পারবেন।’
অনুষ্ঠানটির আগের পর্বগুলোর মতো এই পর্বেরও সঞ্চালনা করছেন সংগীত শিল্পী আঁখি আলমগীর।
চ্যানেল নাইনে সপ্তাহের প্রতি শুক্র ও বুধবার রাত ৯টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি।
উল্লেখ্য, চ্যানেলÑনাইন ও প্রাণ আর এফ এল গ্রুপের পাওয়ার এনার্জি ড্রিংকস যৌথভাবে আয়োজন করেছে ট্যালেণ্ট হান্ট রিয়ালিটি শো “পাওয়ার ভয়েজ ২০১২”।
“পাওয়ার ভয়েস ২০১২” দি ভয়েস অফ বাংলাদেশ এর সলিউশন প্রভাইডার হিসাবে থাকছে গ্রামীণ ফোন (জি পি), রেডিও পার্টনার রেডিও টুডে ও অন্যান্য পার্টনার ভাসাবি, ডায়মন্ড ওয়ার্ল্ড, ওটু, স্টুডিও আরাশ, এসএসএল ওয়ারলেস ও মেকওভার পার্টনার পারসোনা ।
