‘বাংলাদেশি আইডল’
ফেব্রুয়ারি থেকে অডিশন শুরু হবে ‘বাংলাদেশি আইডল’ এর
সংগীত রিয়ালিটি শো ‘বাংলাদেশি আইডল’ এর প্রচার শুরু করবে এসএটিভি। ফেব্রুয়ারি থেকে এর অডিশন পর্ব শুরু হবে। ১৪ জানুয়ারি একটি পাঁচতারকা হোটেলে এর আনুষ্ঠানিক ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান ডেল্টা বে ও এসএটিভি। এর বিচারক এর দায়িত্বে থাকবেন এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু, মেহরীন এবং ফেরদৌসী রহমান ।
দীর্ঘ দিন অসুস্থ থাকার পর এই অনুষ্ঠানে দেখা গেল আইয়ুব বাচ্চুকে। তিনি বলেন, ‘আমরা কয়েকজন সংগীত প্রতিভা খুঁজে বের করতে পারবো এ অনুষ্ঠানের মাধ্যমে। এরকম একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে।’
এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম বারের মতো কোনো সংগীত রিয়ালিটি শোর বিচারক হিসেবে অভিষেক হতে যাচ্ছে এন্ড্রু কিশোরের। তিনি বলেন ‘আমাকে এর আগে অনেকেই বলেছিলেন বিচারক হতে। কিন্তু আমি আসলে নিজেকে এত বড় কাজের যোগ্য মনে করতাম না। তাই এতদিন বিচারক হওয়া হয়নি। বাংলাদেশি আইডল বাংলাদেশে একটি বড় ঘটনা হবে একথা বলতে পারি।’
সংবাদ সম্মেলনে আরো জানানো হয় ১৮ থেকে ২৮ বছর বয়সি বাংলাদেশি নাগরিক এতে অংশগ্রহণ করতে পারবেন। সারাদেশে এর অডিশন পর্ব চলবে। বিস্তারিত জানানো হবে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে। ২০০১ সালে সাইমন ফুলার নির্মিত বৃটিশ টেলিভিশন সিরিজ পপ আইডল এর ধারাবাহিকতায় পরবর্তীতে আইডল ফরম্যাট তৈরি করা হয়। বিশ্বের ৪৮টিরও বেশি দেশে ১৯০ জনেরও বেশি আইডল নির্বাচিত হয়েছেন এ পর্যন্ত।
এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিচারক এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহরীন। ডেল্টা বে প্রোডাকশনস এন্ড ডিস্ট্রিবিউশন প্রাইভেট লি. এর চেয়ারম্যান ফখরুদ্দিন রাজী, ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন মুকুল, অ্যাডভাইজার খ ম হারুন, এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দীন আহমেদ, চিফ অপারেটিং অফিসার সৈয়দ সালাউদ্দীন জাকী প্রমুখ ।
