২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন গ্লোব-২০১৩: বিজয়ী ‘আরগো’

অস্কার মনোনয়নে স্পিলবার্গের ‘লিঙ্কন’-এর চেয়ে পিছিয়ে থাকলেও ১৩ জানুয়ারি ৭০ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এর রাতটি নিজের করে নিলেন বেন অ্যাফ্লেক। নিজে ‘সেরা পরিচালক’ বিভাগে বিজয়ী তো হয়েছেনই, সেইসঙ্গে তার পলিটিকাল থ্রিলার ‘আরগো’ জিতে নিয়েছে ‘সেরা চলচ্চিত্র-ড্রামা’ বিভাগের পুরস্কারটিও।

সেঁজুতি শোণিমা নদী

বিনোদন ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 08:14 AM

Updated : 13 Oct 2022, 02:47 PM

এদিকে বেন অ্যাফ্লেকের এই রাতে ‘লিঙ্কন’-এর কপালে জুটেছে কেবল একটি পুরষ্কার। এর প্রধান চরিত্রে অভিনয়ের সুবাদে ড্যানিয়েল ডে লুইস অর্জন করেছেন ‘সেরা অভিনেতা-ড্রামা’ বিভাগের পুরস্কার। ওদিকে ‘সেরা অভিনেত্রী-ড্রামা’ বিভাগে বিজয়ী হয়েছেন ‘জিরো ডার্ক থার্টি’-এর প্রধান অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন। এছাড়া ‘পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা’র পুরস্কারটি বাগিয়ে নিয়েছেন ক্রিস্টফ ওয়াল্টজ;  ‘জ্যাঙ্গো আনচেইনড’ এর সুবাদে এ নিয়ে দ্বিতীয়বারের মতো গোল্ডেন গ্লোব বিজয়ী হলেন তিনি। ‘পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী’র পুরস্কার অর্জন করেছেন ‘লা মিজারেবল’ এর অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে।

টম হুপার পরিচালিত ‘লা মিজারেবল’ এ রাতে ঘরে নিয়ে গেছে ‘কমেডি/মিউজিকাল’ বিভাগের আরো দু’টি প্রধান পুরষ্কার। ওই বিভাগের অন্যতম প্রতিদ্বন্দ্বী ‘সিলভার লাইনিংস প্লেবুক’কে হারিয়ে ‘সেরা চলচ্চিত্র’-এর পুরস্কার জিতে নিয়েছে ‘লা মিজারেবল’; এর প্রধান চরিত্রে অভিনয় করে বিভাগটির ‘সেরা অভিনেতা’র পুরস্কার অর্জন করেছেন হিউ জ্যাকম্যান।

ওদিকে, অস্কারে ৮টি মনোনয়ন পাওয়া ‘সিলভার লাইনিংস প্লেবুক’এর প্রধান অভিনেত্রী জেনিফার লরেন্স অর্জন করেছেন ‘কমেডি/মিউজিকাল’ বিভাগের সেরা অভিনেত্রীর পুরস্কার। ‘সেরা চিত্রনাট্য’র পুরস্কারটি গেছে ‘জ্যাঙ্গো আনচেইনড’ এর ঘরে; সেটি ছিলো ওই রাতে পরিচালক কুয়েন্টিন টারানটিনোর একমাত্র পুরস্কার। এছাড়া, প্রত্যাশিতভাবেই ‘সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র’র পুরস্কার জিতে নিয়েছে মিশেল  হ্যানাকের সিনেমা ‘আমোর’।

অনুষ্ঠানের ‘বেস্ট অরিজিনাল স্কোর’ এর পুরস্কার জয় করেছে ‘লাইফ অফ পাই’। ওদিকে ‘সেরা সঙ্গীত’

এর পুরস্কার অর্জন করেছেন অ্যাডেল, ‘স্কাইফল’ সিনেমায় তার গাওয়া থিমসংটির জন্য।

এছাড়াও ‘টেলিভিশন সিরিজ-ড্রামা’ বিভাগে ছিলো ‘হোমল্যান্ড’ এর জয়জয়কার। ‘সেরা টেলিভিশন সিরিজ-ড্রামা’-এর পুরস্কার তো বটেই, এর দুই প্রধান অভিনয়শিল্পী ডেমিয়েন লুইস এবং ক্লেয়ার ডানসও জয় করে নিয়েছেন বিভাগটির ‘সেরা অভিনেতা’ এবং ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার।

অনুষ্ঠানটির আজীবন সম্মাননা পুরস্কার ‘সেসিল বি ডিমিলে’ দেওয়া হয় অভিনেত্রী এবং পরিচালক জোডি ফস্টারকে। সিনিয়র অভিনেতা রবার্ট ডি নিরোর হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন তিনি। পুরো আয়োজনের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী টিনা ফে এবং অ্যামি পোহলার।

বিজয়ীদের পুরো তালিকা:

সেরা পরিচারক:       বেন অ্যাফ্লেক (আরগো)

সেরা চিত্রনাট্য:         কুয়েন্টিন টারানটিনো (জ্যাঙ্গো আনচেইনড)

সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র: আমোর

সেরা চলচ্চিত্র- ড্রামা:  আরগো

সেরা অভিনেতা- ড্রামা: ড্যানিয়েল ডে লুইস (লিঙ্কন)

সেরা অভিনেত্রী- ড্রামা: জেসিকা চ্যাস্টেইন (জিরো ডার্ক থার্টি)

সেরা চলচ্চিত্র- কমেডি/মিউজিকাল: লা মিজারেবল

সেরা অভিনেতা- কমেডি/মিউজিকাল: হিউ জ্যাকম্যান (লা মিজারেবল)

সেরা অভিনেত্রী- কমেডি/মিউজিকাল: জেনিফার লরেন্স (সিলভার লাইনিংস প্লেবুক)

পার্শ¦ চরিত্রের সেরা অভিনেতা: ক্রিস্টফ ওয়াল্টজ (জ্যাঙ্গো আনচেইনড)

পার্শ¦ চরিত্রের সেরা অভিনেত্রী: অ্যান হ্যাথওয়ে (লা মিজারেবল)

বেস্ট অরিজিনাল স্কোর: লাইফ অফ পাই

সেরা সঙ্গীত: স্কাইফল থিমসং (অ্যাডেল)

সেরা টেলিভিশন সিরিজ- ড্রামা: হোমল্যান্ড

সেরা অভিনেতা- টেলিভিশন ড্রামা সিরিজ: ড্যামিয়েন লুইস (হোমল্যান্ড)

সেরা অভিনেত্রী- টেলিভিশন ড্রামা সিরিজ: ক্লেয়ার ডানস (হোমল্যান্ড)

সেরা টেলিভিশন মিনি সিরিজ: গেইম চেঞ্জ

সেরা অভিনেতা-টেলিভিশন মিনি সিরিজ: কেভিন কস্টনার (হ্যাটফিল্ডস অ্যান্ড ম্যাকয়েস)

সেরা অভিনেত্রী-টেলিভিশন মিনি সিরিজ: জুলিয়ান মুর (গেইম চেঞ্জ)

পার্শ¦ চরিত্রের সেরা অভিনেতা-টেলিভিশন মিনি সিরিজ: এড হ্যারিস (গেইম চেঞ্জ)

পার্শ¦ চরিত্রের সেরা অভিনেত্রী-টেলিভিশন মিনি সিরিজ: ম্যাগি স্মিথ (ডাউনটাউন অ্যাবি)

সেরা টেলিভিশন সিরিজ-কমেডি/মিউজিকাল: গার্লস

সেরা অভিনেতা-টেলিভিশন কমেডি/মিউজিকাল সিরিজ: ডন শিডেল (হাউজ অফ লাইজ)