২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন গ্লোবে চমক দেখালো ‘আরগো’

‘আরগো’ আর ‘লা মিজারেবল’ জিতে নিয়েছে এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের প্রধান পুরস্কারগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 07:20 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

অফিনেতা বেন অ্যাফ্লেকের পরিচালনায় ইরানের জিম্মি নাটক নিয়ে নির্মিত আরগো জিতেছে ‘ড্রামা’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার। লা মিজারেবল সেরা ছবি হয়েছে ‘কমেডি-মিউজিকাল’ বিভাগে।

তিনদিন আগে ঘোষিত অস্কারের মনোনয়ন না পেলে কি হবে, গোল্ডেন গ্লোবে ঠিকই আরগো ছবির জন্য সবাইকে অবাক করে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন বেন অ্যাফ্লেক।

এ বছর ড্রামা বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ডেনিয়েল ডে-লুইস। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকেনর দাসপ্রথার বিরুদ্ধে লড়াই নিয়ে স্টিভেন স্পিলবার্ডের ‘লিংকন’ ছবিতে অনবদ্য অভিনয় করেছেন অস্কারজয়ী এ অভিনেতা।

গোল্ডেন গ্লোবে সাতটি বিভাগে মনোনয়ন পেলেও এই একটি পুরস্কারই গেছে লিংকনের ঝুলিতে।

থ্রিলার ছবি ‘জিরো ডার্ক থার্টি’তে তরুণ সিআইএ এজেন্টের ভূমিকায় অভিনয় করে ড্রামা বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন জেসিকা চাস্টেইন।

ফরাসি বিপ্লবীদের নিয়ে মঞ্চায়িত সফল নাটক লা মিজারেবলের বড় পর্দার সংস্করণে অভিনয় করে মিউজিক্যাল-কমেডি বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন হিউ জ্যাকম্যান।

এ বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন জেনিফার লরেন্স, ‘সিলভার লাইনিং প্লেবুক’ –এ অনবদ্য অভিনয়ের জন্য।

কোয়েন্টিন ট্যারেন্টিনোর ‘জেঙ্গো আনচেইন্ড’ জিতেছে সেরা চিত্রনাট্যের পুরস্কার।

এ ছবিতে বাউন্টি হান্টারের ভূমিকায় অভিনয়ের জন্য মার্কিন অভিনেতা ক্রিস্টোফ ওয়াল্টজ জিতেছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার। আর লা মিজারেবল ছবিতে অভিনয় করে সেরা পার্শ অভিনেত্রীর সম্মান পেয়েছেন অ্যান হ্যাথওয়ে।

সাইলেন্স অফ দ্য ল্যাম্বস ও দ্য একিউজড ছবিতে অভিনয়ের জন্য অস্কার পাওয়া ‘জুডি ফস্টারকে’ এবার আজীবন সম্মাননা দেয়া হয়েছে।

লিংকন ছবির ক্লিপ দেখানোর সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন মঞ্চে এলে হলিউডের নামী কুশীলবরা দাঁড়িয়ে তাকে সম্মান জানান।

হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েটের দেয়া গোল্ডেন গ্লোব পুরস্কারকে অস্কারের পর চলচ্চিত্র শিল্পের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। চলচ্চিত্র ও টেলিভিশন দুই ক্ষেত্রের জন্যই দেয়া হয় গোল্ডেন গ্লোব।