সেলিম আল দীন স্মরণ
১৪ জানুয়ারি প্রয়াত নাট্যগবেষক ও নাট্যকার সেলিম আল দীন-এর ৫ম প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষ্যে ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও স্বপ্নদল বিশেষ প্রদর্শনী ও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
এ বিষয়ে ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের পক্ষে আয়োজনের সদস্য সচিব বাবুল বিশ্বাস বলেন, ‘এই আয়োজনের অংশ হিসেবে ১২ জানুয়ারি ‘বাংলা নাটকের স্বরূপ অন্বেষণ ও সেলিম আল দীনের নাটক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বিকাল ৩ টায়। এতে প্রবন্ধ পাঠ করছেন নাসির উদ্দীন ইউসুফ। সভাপতি আতাউর রহমান। ১৩ জানুয়ারি ঢাকা থিয়েটার প্রদর্শন করবে সেলিম আল দীন রচিত শিমূল ইউসুফ নির্দেশিত প্রযোজনা ‘ধাবমান’।
এদিকে ১৪ জানুয়ারি এই নাট্যজনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে ঢাকা, থিয়েটার, গ্রাম থিয়েটার ও স্বপ্নদলের উদ্যোগে ঢাকা থেকে সকাল ৮ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রার ব্যবস্থা করা হয়েছে। সেখানে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। জানিয়েছেন আয়োজকরা।
এই আয়োজন সম্পর্কে স্বপ্নদলের প্রধান জাহিদ রিপন বলেন, সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের ‘মৃৎমঞ্চে’ সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অবলম্বনে স্বপ্নদল-এর ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ প্রযোজনার মঞ্চায়ন হবে। এরপর ওইদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বেলা ৩ টায় ‘নাট্যাচার্য সেলিম আল দীন : নবীন নির্দেশকের দৃষ্টিতে’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান হবে। এতে সেলিম আল দীন সম্পর্কে আলোচনা করবেন নাসির উদ্দীন ইউসুফ, এস এম মহসীন, তারিক আনাম খান, শিমূল ইউসুফ, বেগমজাদী মেহেরুন্নেসা পারুল, রশীদ হারুন, ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, অনন্ত হিরা, সাইদুর রহমান লিপন, আরিফ হায়দার, আইরিন পারভীন লোপা, আমিনুর রহমান মুকুল, মোহাম্মদ জসীম উদ্দিন, সুদীপ চক্রবর্তী, আনন জামান প্রমুখ। ওই পর্বে সভাপতিত্ব করবেন আতাউর রহমান। এরপর সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে থাকবে নাট্যাচার্যকে নিবেদিত স্বপ্নদলের সঙ্গীত-কোরিওগ্রাফি ‘মঞ্চে প্রলয়ের বীণ-এর’ উদ্বোধনী মঞ্চায়ন। সন্ধ্যা সাড়ে ৬ টায় এক্সপেরিন্টোল থিয়েটার হলে স্বপ্নদলের পরিবেশনায় মঞ্চায়িত হবে সেলিম আল দীনের ‘হরগজ’ নাটকটি।
