শীতে চুলের যত্ন
উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করলে প্রাকৃতিক শুষ্কতার সাথে চুলেও শুষ্কতা দেখা যায়। তাই শীতের সময় চুলের জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয়। চুলের ধরন বুঝে পরিচর্যা করা দরকার।
পরামর্শ দিয়েছেন হেরোবিক্স ব্রাইডাল পার্লারের রূপ বিশেষজ্ঞ তানজিমা শারমিন মিউনি।
তৈলাক্ত চুল
শীতের সময় শ্যাম্পু করলেও তৈলাক্ত চুল নির্জীব দেখায়। শ্যাম্পুর সঙ্গে সামান্য বেকিং পাউডার মিশিয়ে ব্যবহার করলে চুল দেখাবে সজীব।
শুষ্ক চুল
সপ্তাহে দু’বার রাতে চুলের গোড়ায় অলিভ অয়েল বা ক্যাস্টার অয়েল লাগাতে হবে। সকালে করতে হবে শ্যাম্পু। এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে। চুলে প্রোটিন সমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করতে হবে। তাহলে চুলের পুষ্টি বজায় থাকবে। শুষ্ক চুলের জন্য ভিটামিন-ই, অ্যালোভেরা সমৃদ্ধ শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে হবে।
শীত ঋতুতে চুলের জন্য সবচেয়ে বড় সমস্যা হল খুশকি। চুলের গোড়ায় ময়লা জমে খুশকি হয়। আর শীতকালে চুলের গোড়ায় খুব তাড়াতাড়ি ময়লা জমে। এজন্য খুশকির প্রবণতাও খুব বেশি দেখা যায়। খুশকিকে টা-টা-বাইবাই বলতে এসময় চুলের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। যেমন-
• শ্যাম্পু করার আগে ভেজা চুলে লবণ ঘষতে হবে।
• মেথি পেস্ট করে চুলের গোড়ায় লাগিয়ে আধা ঘণ্টা পর রিঠা দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
• রাতে ঘুমাবার আগে লেবুর রস ও আমলকীর রস মিশিয়ে মাথায় লাগিয়ে সকালে শ্যাম্পু করতে হবে।
• সকালে পাতিলেবুর রসের সাথে লবণ মিশিয়ে ঘষে ঘষে গোড়ায় মেসেজ করতে হবে। এক ঘণ্টা পর শ্যাম্পু করতে হবে।
• সপ্তাহে দু’বার পাতি লেবুর রসের সাথে নিম পাতার রস মিশিয়ে মাথায় লাগিয়ে আধা ঘণ্টা পর শ্যাম্পু করতে হবে।
• নারকেল তেল এর সাথে কর্পুর মিশিয়ে গরম করে মাথায় লাগিয়ে এক ঘণ্টা পর শ্যাম্পু করতে হবে।
• খুশকির জন্য পেঁয়াজ আদর্শ। পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে। এর রস মাথায় লাগিয়ে এক ঘণ্টা পর শ্যাম্পু করতে হবে।
শীতে চুলের উজ্জ্বলতা
• লেবু ও কিউসিস সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করতে হবে। ফ্রুট অ্যাসিড চুলের তেল ও ময়লা পরিষ্কার করে। ফলে চুল হয়ে ওঠে ঝরঝরে।
• শ্যাম্পুর সাথে একটি ডিম মিশিয়ে নিন। ডিমের প্রোটিন চুলের উজ্জ্বলতা বাড়ায়।
• শ্যাম্পু করার পর ভিনেগার মেশানো পানিতে চুল ধুয়ে নিতে হবে। তাহলে চুল চকচকে হবে।
• শ্যাম্পু করার পর লেবুর রস দিয়ে চুল ধুয়ে ফেলুন। তাহলে চুল চকচকে হওয়ার পাশাপাশি চিটচিটেভাবও দূর হবে।
• শ্যাম্পুর পর বিট এর রস মেশানো পানিতে চুল ধুয়ে ফেলতে হবে। তাহলে চুল লালচে রং হবে।
• চাল ধোয়া পানিতে বেসন মিশিয়ে চুলে লাগিয়ে কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন।
শীতে চুলের যত্নে সতর্কতা
• চুলে যাতে মরা কোষ না জমে সেদিকে লক্ষ্য রেখে চুল পরিষ্কার করতে হবে।
• প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করলে হালকা বা বেবি শ্যাম্পু ব্যবহারের চেষ্টা করলে ভাল।
• মাথা ম্যাসেজ করার সময় নখ লাগানো যাবে না।
• চুলে শ্যাম্পু বা কন্ডিশনার লাগানোর আগে চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে।
• শ্যাম্পুর সঙ্গে দুটি ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে নেয়া ভাল।
এছাড়াও বাড়িতে যত্ন নেওয়ার পাশাপাশি মাসে একবার পার্লারে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারেন। এতে মাথায় ত্বকের কোষগুলো সক্রিয় থাকে। চুলে খুশকি হয় না। অনেক সমস্যা থেকেও সমাধান পাওয়া যায়। চুলের ধরন অনুযায়ী বেছে নিন প্রয়োজনীয় যত্ন। ভেজা চুল কখনও বেঁধে রাখা বা আঁচড়ানো ঠিক না। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে। ফলে আঁচড়ালে চুল ঝরে যেতে পারে। তাছাড়া চুল রুক্ষ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। সুন্দর ও ঝলমলে চুল পেতে এবং চুলের আর্দ্রতা ধরে রাখতে খেতে হবে প্রচুর শাক-সবজি, পানি ও ফল। সেই সাথে সঠিক নিয়মে চুল পরিচর্যা করতে হবে।
মডেল: নিশা
