মোশারফ করিমের 'দুই টাকার বাহাদুরী'
এবারে বাংলাভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘দুই টাকার বাহাদুরী’।
এতে একজন চোরের ভূমিকায় দেখা যাবে অভিনেতা মোশারফ করিমকে। বরজাহান হোসেন রচিত ও আল হাজেন পরিচালিত নাটকটিতে আরো অভিনয় করেছন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, আ.খ. ম হাসান, শামীম জামান, আরফান, জয় রাজ, কচি খন্দকার, নাজমুল হুদা বাচ্চু, বন্যা মির্জা, আলভী, ছন্দা, নাদিয়া, অহনা, সাইকা আহমেদ প্রমুখ।
বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে নতুন ধারবাহিকটি সপ্তাহে শুক্র ও শনিবার রাত ৮টা ১৫মিনিটে প্রচারিত হবে।
নাটকটির কাহিনী সম্পর্কে আল হাজেন জানিয়েছেন, লাউতলী গ্রামের এক পাড়ার প্রতিটি বাবা-মায়ের ইচ্ছা সন্তানকে কিভাবে বড় চোর বানানো যায়। সন্তান বড় হয়ে নামকরা চোর হতে পারলে তবেই তাদের শান্তি। পাশের পাড়ার প্রতিটি বাবা-মায়ের স্বপ্ন, কিভাবে তাদের সন্তানদের ডাকাত বানানো যায়। নানা ঘটনার মধ্যে গল্প এগুতে থাকে। একদিন ডাকাত দলের পক্ষ থেকে চোরের দলনেতা লুকসান চোরার কাছে চিঠি আসে, আগামী শনিবার রাতে ডাকাতরা হামলা দেবে চোরের গ্রামে। ভয় আর আতংক বাড়তে থাকে চোরের গ্রামের বউ-ঝিদের মধ্যে। ধন সম্পদ আর সোনা-দানা সরিয়ে রাখে চোরের গ্রামের গৃহিনীরা। শুক্রবার রাতে ডাকাত দলের একজন খুন হয়। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনী।
