সৌরজগতের বাইরে ২৮ টি নতুন গ্রহ আবিস্কার
সৌরজগতের বাইরে নতুন করে ২৮ টি গ্রহ আবিস্কারে সমর্থ হয়েছেন গ্রহ অন্বেষণকারী বিজ্ঞানীদের একটি দল।
সোমবার হনুলুলুতে অনুষ্ঠিত আমেরিকান এস্ট্রোনমিক্যাল এসোসিয়েসনের বার্ষিক সম্মেলনে নতুন গ্রহগুলো আবিস্কারের ঘোষনা দেন বিজ্ঞানীরা।
নতুন ২৮ টি গ্রহ নিয়ে সৌরজগতের বাইরে আবিস্কৃত গ্রহের সংখ্যা দাঁড়ালো ২শ’ ৩৬ টি।
গ্রহ অন্বেষণকারী বিজ্ঞানী দলের সদস্য এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেসন রাইট সম্মেলনে বলেন, গত বছর নতুন করে পরিচিত গ্রহের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১২ শতাংশ।
ক্যালিফোর্নিয়া বার্কেলি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিওফরি মারসি বলেন, খুঁজতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের সৌরমন্ডল মহাবিশ্বে বিরল নয়। মহাবিশ্বে বৃহস্পতি বা শনির মতো বড় আকৃতির আরও অনেক গ্রহ আমরা খুঁজে পেয়েছি। অবশ্য এই গ্রহগুলো তাদের কক্ষপথে নক্ষত্র থেকে অনেক দূরে আবর্তিত।
নতুন আবিস্কৃত গ্রহগুলোর কোন কোনটিতে পানির অস্তিত্ত্ব আছে এমন ধারনা করছেন বিজ্ঞানী দলটি। তবে সেগুলোকে পাথুরে এবং বেশ উষ্ণ মনে হয়েছে তাদের কাছে।
