উচ্চক্ষমতাসম্পন্ন কংক্রিট তৈরিতে প্রধান প্রতিবন্ধকতা ‘অ্যালকালি’
বর্তমানে অধিকাংশ নির্মাণেই উচ্চক্ষমতাসম্পন্ন কংক্রিট ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। যার ফলে এর ব্যবহার বেড়েই চলেছে।
ল্যবরেটরি ছাড়াও প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখা গেছে, উচ্চক্ষমতাসম্পন্ন এই কংক্রিট তৈরিতে অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হল ‘অ্যালকালি।’
এ বিষয়ে মীর সিমেন্টের অন্যতম প্রকৌশলী শরিফুল ইসলাম কিছু পরামর্শ দিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চমানসম্পন্ন কংক্রিটে পানি এবং সিমেন্ট মিশ্রণের অনুপাত খুব কম থাকে। এই ধরনের কংক্রিট নির্মাণে সাধারণত পোর্টল্যান্ড সিমেন্ট, পোজলান, পানি, খোয়া, সুরকি, স্টিল ফাইবার এবং রাসায়ানিক অ্যাডমিক্সার ব্যবহার করা হয়।
“এই উপাদানগুলোর মিশ্রণ অনুপাতের উপর ভিত্তি করে কংক্রিটের কার্য উপযোগিতা, শক্তি এবং স্থাপনার স্থায়িত্ব ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কংক্রিটে ব্যবহৃত উপাদানগুলোর গুণগত মানের উপরও নির্মাণের শক্তি এবং স্থায়িত্ব অনেকাংশে নির্ভর করে।”
তিনি বলেন, নির্মাণের ক্ষেত্রে অতিরিক্ত সিমেন্টের ব্যবহার এবং সিমেন্ট ও পানির মিশ্রণের অনুপাত কম হলে পোর্টল্যান্ড সিমেন্টে অ্যালকালির পরিমাণ ফ্রেস সিমেন্ট এবং জমাটক্রিত কংক্রিটের উপর গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
সিমেন্টে অ্যালকালির পরিমাণ কংক্রিটের কার্য উপযোগিতা, সিমেন্ট জমাট বাঁধার সময়, সিমেন্টের সংকোচন শক্তি (কম্প্রেসিভ স্ট্রেন্থ), কংক্রিটের শ্রিঙ্কেজ, ভয়েড/ ফাঁকা স্থান, অ্যাল্কালি- সিলিকার রাসায়ানিক বিক্রিয়া প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিভিন্ন পরীক্ষা থেকে দেখা যায়, সিমেন্টে অ্যালকালির পরিমান .৭০ শতাংশের বেশি হলে কংক্রিটের কার্য উপযোগিতা উল্লেখযোগ্য হারে কমে যায়। কংক্রিট জমাট বাঁধতে অনেক বেশি সময় লেগে যায়। কংক্রিটের শক্তি কমে যায়, মিশ্রণে দ্রুত ক্লোরাইড আয়নের ব্যপ্তি ঘটে, শ্রিঙ্কেজ এবং কংক্রিটে ভয়েড/ ফাঁকা স্থানের পরিমাণ বৃদ্ধি পায়।
“তাই নির্মাণের পূর্বে অবশ্যই সিমেন্টে অ্যালকালির পরিমাণ যাচাইয়ের উপর গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে বিষয়টির জন্য একজন অভিজ্ঞ পুরকৌলীর শরণাপন্ন হতে হবে।”
