২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সপ্তাহের রাশিফল (৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর)

৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০১৭ পর্যন্ত ১২ রাশির পূর্বাভাস।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2017, 10:36 AM

Updated : 19 Aug 2022, 05:40 PM

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

চলতি সপ্তাহে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) পেশাগত বিষয়ে ভালো খবর পেতে পারেন। কেউ কেউ কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। আয় উপার্জন মোটামুটি ভালো যাবে। মানসিক চাপ বাড়তে পারে। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের ব্যস্ততা বাড়বে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) অভিজ্ঞ কারও কাছ থেকে উচ্চতর জ্ঞানের সন্ধান পেতে পারেন। কারও কারও ক্ষেত্রে গুরু সান্নিধ্য কিংবা তীর্থ যাত্রা হতে পারে। বৈদেশিক বাণিজ্য কিংবা আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। পেশাগত সুনাম ও সাফল্য অব্যাহত থাকবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) একসঙ্গে অনেক কাজ করার প্রয়োজন হতে পারে। পরিকল্পিত উপায়ে রুটিন মাফিক কাজ না করলে বেশ বিপাকে পড়তে হতে পারে। ভাগ্যোন্নয়ণে বিশেষ কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)  দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। গোপনসূত্রে লাভবান হতে পারেন। কারও কারও ক্ষেত্রে অবৈধ প্রণয় সামাজিক সমস্যার কারণ হতে পারে। প্রশাসনিক কোনো কাজে ব্যস্ততা বাড়তে পারে। চাকুরিপ্রার্থীরা আশাব্যঞ্জক কোনো খবর পেতে পারেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট) কাজের চাপ বাড়বে। কর্মক্ষেত্রে কোনো ধরনের মতের অমিল হতে পারে। শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ রয়েছে। নতুন কোনো বিষয় শেখার সুযোগ পেতে পারেন। কোনো বিষয়ে চুক্তি হতে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) গবেষণামূলক কাজের সঙ্গে সম্পৃক্তদের জন্য সময়টি বেশ অনুকূল থাকতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বসানো কঠিন হতে পারে। ফটকা কারবার ঝুঁকিপূর্ণ। খেলাধূলায় সচেতন থাকলে ভালো করবেন। অবিবাহিতদের বিয়ের কথা হতে পারে। পেশাক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) মনের কোনো আশা পূরণ হতে পারে। পারিবারিক কোনো বিষয়ে ব্যস্ততা বাড়বে। ইলেক্ট্রনিক্স পণ্য কেনাকাটায় অভিজ্ঞ কারও পরামর্শ নিলে ভালো করবেন। কারও কারও ক্ষেত্রে আবাসন সংক্রান্ত কোনো সমস্যা দেখা যেতে পারে। কোনো ধরনের চুক্তি করার ক্ষেত্রে প্রাপ্ত তথ্য যাচাই করে নিন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। সাহসী কোনো পদক্ষেপ নেওয়ার মাধ্যমে নতুন অভিজ্ঞতা লাভ করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। পারিবারিক সুখশান্তি বজায় থাকবে। কারও কারও ক্ষেত্রে আবাসন খাতে বিনিয়োগের সুযোগ আসতে পারে। প্রেম রোমান্স শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) হাতে অর্থকড়ি আসতে পারে। পাওনা আদায়ে তাগাদা দিন। কারও কারও ক্ষেত্রে চক্ষু সংক্রান্ত কোনো ধরনের সমস্যা দেখা যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ভ্রমণ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হবে। শিল্পের প্রতি অনুরাগ বাড়বে। পারিবারি সুসম্পর্ক বজায় থাকবে। গৃহে অতিথি আসতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। নতুন কোনো উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় হতে পারেন। সুন্দর ব্যবহারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। সঙ্গীতচর্চাকারীদের জন্য সময় অনুকূল থাকবে। কোনো উৎস থেকে অর্থ আসতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) কোনো বিষয়ে সাময়িক মানসিক উদ্বিগ্নতা বাড়তে পারে। যথাসময়ে হাতের কাজ শেষ করা কঠিন হতে পারে। কারও কারও ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। নতুন কোনো সুযোগ কাজে লাগাতে পারেন। পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। আপনার বিশেষ কোনো দক্ষতা কাজে লাগানোর সুযোগ পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) বিশেষ কোনো রংয়ের প্রতি আগ্রহবোধ করবেন। আয় উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে। বড় ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। ব্যয় বাড়বে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। অসুস্থ কাউকে দেখতে যেতে পারেন। প্রেম রোমান্স শুভ।

জ্যোতিষশাস্ত্রভিত্তিক কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন এই ঠিকানায় fazleazim09@gmail.com।

পুরনো খবর:

বর্ষফল ২০১৭
বাংলা মাস অনুসারে রাশি
রাশি মিলিয়ে প্রেম