২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতারে পুরান ঢাকার যত শরবত

‘রয়েলের পেস্তা বাদামের শরবত’, ‘বিউটির লেবুর শরবত’, ‘নূরানীর লাচ্ছি’, ‘শাহীর জুস’ ও ‘আল-রাজ্জাকের মাঠা’- পুরান ঢাকায় এক নামে পরিচিত এসব ঠাণ্ডা পানীয় সারা বছর সমানতালে বিক্রি হলেও গ্রীষ্মেই ক্রেতা সমাগম বেশি; আর এবার রোজা ও গরম একসঙ্গে হওয়ায় যেন দ্বিগুণ কদর বেড়েছে এসব পানীয়ের।

রিফাত রহমান

ও সাজিয়া আফরিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 05:30 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

পুরান ঢাকার লালবাগ কেল্লার পাশেই প্রায় ১৭ বছর ধরে মুঘলীয় কায়দায় ‘পেস্তা বাদামের শরবত’ তৈরি করে আসছে রয়েল হোটেল।

লালবাগের হরনাথ ঘোষ রোডের এ হোটেলের কোনো শাখা না থাকার প্রতিদিনই ক্রেতাদের উপচে পড়া ভিড় সামলাতে হয় বলে জানান হোটেলটির ব্যবস্থাপক আব্দুল মালেক।

রয়েলের পেস্তা বাদামের শররতের জনপ্রিয়তা নিয়ে মালেক বলেন, “মুঘলরা পেস্তা বাদামের শরবতকে অতিথি আপ্যায়নে পরিবেশন করত। আমাদের শরবত ইফতারে সেই মুঘলীয় স্বাদ দেবে। শুধু এ শরবতের জন্য আমাদের স্পেশাল বাবুর্চি আছে।”

পুরান ঢাকার বাসিন্দা চাকরিজীবী রিদওয়ানুর রহমান বলেন, “পুরান ঢাকায় থাকে আর রয়েলের পেস্তা শরবত খায়নি এমন কাউকে খুঁজে পাবেন না। আমাদের ইফতারে আর কিছু না হোক, এই শরবত থাকবেই।”

লিটারপ্রতি পেস্তা বাদামের শরবতের দাম পরবে আড়াইশ টাকা। এছাড়াও রয়েলের জনপ্রিয় লাবাং ও বোরহানি মিলবে লিটারপ্রতি ১৬০ ও ১৫০ টাকায়। শাহী ফালুদা ৮০ টাকা বাটি ও দইবড়া মিলবে প্রতিটি ২৫ টাকায়।

তবে কম দামে বিভিন্ন ধরনের ফলের শরবতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিনের পছন্দ লালবাগের আরেক বিখ্যাত দোকান শাহী জুস কর্নার।

লালবাগ শাহী মসজিদের সামনে অবস্থিত এই শাহী জুস কর্নারে মিলবে জলপাই, জাম, লেবু, গাজর, কাঁচা-পাকা আম, কলা, বেদানা, গাজর, আনারস, পেঁপে, আপেল, তরমুজসহ ২২ পদের ফলের শরবত, যার দাম ২০-৮০ টাকার মধ্যে।

আল আমিন বলেন, “আমি এসেই আগে ওদের জিরা পানি (২৫ টাকা) দিয়ে শুরু করি, এরপর আনারস (৩০ টাকা) কিংবা কাঁচা আম (২৫ টাকা), আর সব শেষে পেস্তা মিল্ক সেক (৭৫ টাকা)।”

শাহী জুসের কর্মচারী লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোজায় সবচেয়ে বেশি চলছে আম-পেঁপে-আনারসের জুস। রোজা গরমে পরায় চাহিদাও অন্যান্য সময়ের চাইতে বেশি।”

রোজায় বিকাল ৩টা থেকে রাত ২টা পর্যন্ত খোলা থাকছে শাহী জুস কর্নার।

পুরান ঢাকার চকবাজারের আরেক ঐতিহ্যবাহী দোকান নূরানী কোল্ড ড্রিংকসের লাচ্ছির কদর রয়েছে মানুষের মুখে মুখে।

প্রায় ৫০-৬০ বছর ধরে প্রতিষ্ঠানটি লাচ্ছি বানিয়ে আসছে। বিয়ে-জন্মদিন থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানে ডাক পরে নূরানীর লাচ্ছির।

নূরানীর স্পেশাল লাচ্ছি ৩০ টাকা ও লেবুর শরবত মিলবে ১৫ টাকায়।

নূরানী কোল্ড ড্রিংকসের পরিচালক নূরুদ্দিনের ছেলে মকবুল হোসেন বলেন, “নূরানী কোল্ড ড্রিংকসের প্রতিষ্ঠাতা আবদুল বারেক প্রায় ৬০ বছর আগে চকবাজারে লাচ্ছির ব্যবসা শুরু করেন। তিনি মারা যাবার পর তার ছেলে নূরুদ্দিনের নামে দোকানের নামকরণ হয়।”

১৯২২ সাল থেকে পুরান ঢাকার মানুষকে ভিন্ন রকম লেবুর শরবত, লাচ্ছি আর ফালুদা খাইয়ে আসছে ‌‘বিউটি লাচ্ছি ফালুদা’। পুরান ঢাকার রায়সাহেব বাজারের গণ্ডি পেরিয়ে তা এখন নতুন ঢাকার মানুষের কাছেও সমান জনপ্রিয়।

‘বিউটি লাচ্ছি ফালুদা’' মালিক ও ব্যবস্থাপক মো. জাবেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের শরবত-লাচ্ছি-ফালুদা সব হাতে বানানো। এক নাম্বার দধি ব্যবহার করি, দামও নাগালের মধ্যে রাখি।”

এবারের রোজায় ইফতারের একটু আগে ও পরে ক্রেতার ভিড় অন্যবারের তুলনায় বেশি হচ্ছে বলে জানান তিনি।

“যে গরম, তাতে সবাই ইফতারে মজার কিছু ঠাণ্ডা শরবত খাইতে চায়। লেবুর শরবত নিয়া ফ্রিজে রাইখা ইফতারে খাবেন, পরান পুরা ঠান্ডা।”

রায়সাহেব বাজারে জজ কোর্ট থেকে একটু সামনে হাঁটলেই ছোট একটি দোকান এটি। স্থানীয় বাসিন্দা আব্দুল গাফফার নিজেই হাতে বানিয়ে লেবুর শরবত আর লাচ্ছি দিয়ে শুরু করেন ব্যবসা। ২০০৪ সালে নাজিরা বাজার এলাকায় আরেকটি দোকান খোলেন তারা। আব্দুল গাফফার মারা যাওয়ার পর এখন দোকানের মালিক তার ছেলে মো. জাবেদ হোসেন।

ব্যবসায়ী জয়নাল আবেদীন এসেছেন গেন্ডারিয়া থেকে, তিনি ১২ লিটার লেবুর শরবত কিনে নিয়ে যাচ্ছিলেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসায় ইফতার পার্টি, প্রতি বছরই দেই। এখান থেকে লেবুর শরবতটা নিয়ে যাই।”

দই বেশি কমের উপর নির্ভর করে এখানে লাচ্ছি মিলবে ৩০ ও ৪০ টাকায় আর লিটার প্রতি ১২০ ও ১৬০ টাকায়। লেবুর শরবত গ্লাসপ্রতি ১৫ টাকা ও লিটার প্রতি ৬০ টাকায় মিলবে। ফালুদা বাটিপ্রতি ৬০ টাকা আর স্পেশাল আইসক্রিম দিয়ে মিলবে ৮০ টাকায়।

রোজায় পুরান ঢাকার আরেকটি ঐতিহ্যবাহী রেস্তোরাঁ হোটেল আলরাজ্জাক তাদের মাঠা ও ফলের জুসের জন্য অনেকের পছন্দের।

রেস্তোরাঁটির ব্যবস্থাপক ইমরান হোসেন জানান, মাঠা, বোরহানির পাশাপাশি ফলের জুসও তাদের ক্রেতাদের চাহিদায় থাকে।

“ফলের জুস আমাদের দুই ধরনের হয়, পানি মেলানো আর পানি ছাড়া। যে সিজনে যে ফল, সেটাই বানাই আমরা। রোজায় ক্রেতারা ফ্রেশ জুসটা পছন্দ করেন বেশি।”

আম, পেঁপে, আনার, আনারস, মাল্টা ইত্যাদি ফলের জুস এখানে মিলবে গ্লাসভেদে ৬০ থেকে ৩৮০ টাকায়। আর বোরহানি ও মাঠা লিটার প্রতি ১৮০ টাকায় মিলবে। ফলের জুস খেতে হলে আল রাজ্জাকে যেতে হবে বিকাল ৫টার পর।

মালিটোলার সাবেক কমিশনার হোসেন মোল্লা প্রায় ২২ বছর আগে জনসন রোডে শুরু করেন নিজের বাবা ‘আল রাজ্জাক’ এর নামে রেস্তোরাঁ ব্যবসা। ধীরে ধীরে পুরান ঢাকার অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁয় পরিণত হয় এটি। বর্তমানে এর মালিক হোসেন মোল্লার স্ত্রী দুলালি হোসেন।