ভিনিগারে ডোবানো জলপাই
ডাল রান্নায় ব্যবহার করা যায় কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন।
রেসিপি দিয়েছেন বীথি জগলুল।
উপকরণ: জলপাই ১ কেজি। ভিনিগার ৩০০ মিলি। পানি ৪০০ মিলি। লবণ ২ টেবিল-চামচ। শুকনামরিচ ৪,৫টি। রসুনের কোঁয়া ৫,৬টি। থেতো করা রসুন ২ কোঁয়া। অলিভ অয়েল প্রয়োজন মতো।
এছাড়াও লাগবে- পানি ও লবণ।
পদ্ধতি: জলপাইয়ের উপর-নিচে দুদিক অল্প করে কেটে নিন।
একটি বাটিতে জলপাই ডুবে থাকে সেই পরিমাণ পানি নিয়ে দুতিন টেবিল-চামচ লবণ মিশিয়ে জলপাই ডুবিয়ে রাখুন সাত দিন। প্রতিদিন একবার করে লবণ-পানি বদলিয়ে দেবেন।
সাতদিন পর দেখবেন জলপাইয়ের রং পরিবর্তন হয়ে নরম হয়েছে। এবার জলপাই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
বড় একটি পাত্রে ভিনিগার, লবণ ও পানি মিশিয়ে নিন।
তারপর পরিষ্কার বয়ামে প্রথমে জলপাই, রসুনের কোঁয়া, থেতো করা রসুন ও শুকনামরিচ ঢুকিয়ে জলপাই ডুবে থাকে, সেই পরিমাণ লবণ মেশানো পানি ভিনিগারে দিয়ে বয়ামে ঢালুন। সবার উপরে অলিভ অয়েল দিয়ে শক্ত করে বয়ামের মুখ আটকিয়ে এক মাস রাখুন।
এক মাস পর জলপাই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।
সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।
