২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াকিলুর রহমানের প্রদর্শনী 'ডিপ প্রিন্ট'

জার্মানের প্রবাস জীবনে করা ছাপচিত্রের কাজ নিয়ে প্রদর্শনী করছেন শিল্পী ওয়াকিলুর রহমান। ঢাকায় যৌথভাবে শিল্পীর এই প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি টোয়েন্টি ওয়ান ও আর্টকন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফায়হাম ইবনে শরীফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 04:16 PM

Updated : 11 Oct 2022, 09:26 PM

শিল্পী ওয়াকিলের প্রাতিষ্ঠানিক পড়ালেখা চিত্রকলা নিয়ে হলেও বিভিন্ন মাধ্যমে কাজ করেন তিনি। শুধু একটি বিশেষায়িত মাধ্যমে কাজ না করে, বরং ভাবনাকে প্রাধান্য দেন তিনি।

“কোনো বিশেষ মাধ্যমের প্রতি আমার দূর্বলতা নেই। বরং মাথায় কোনো চিন্তা এলে, সেটাকে কীভাবে প্রকাশ করা যায় সেটাকে বেশি গুরুত্ব দেই আমি। এজন্য বরাবরই মাধ্যম পরিবর্তন করতে হয়েছে আমাকে। চিন্তার বহিঃপ্রকাশের জন্য তাই নতুন নতুন মাধ্যম নিয়ে কাজ করা শিখতে হয়েছে আমাকে।”

ছাপচিত্র মাধ্যমে করা কাজগুলো নিয়ে এবারের প্রদর্শনী হলেও, পরেরবারই কোনো ভিন্ন মাধ্যমে কাজ করতে দেখা যেতে পারে তাকে এমনটাই জানালেন শিল্পী।

১৯৯৩ সালে জার্মানিতে যাওয়ার পর, শিল্পীর মনঃজগতের স্থানিক পরিবর্তনের একটি দৃশ্যকল্প 'ডিপ প্রিন্ট'। ২০০৯ সাল পর্যন্ত ছাপচিত্র মাধ্যমে করা ৩৮টি শিল্পকর্ম আছে প্রদর্শনীতে। মূলত এচিং একুয়াটিন্টে করা কাজ এগুলো। তবে জার্মানিতে যাওয়ার পর শিল্পীর চিন্তা-ভাবনা কীভাবে সময়ের সঙ্গে বিভিন্ন দিকে বাঁক নিয়েছে তা খুবই স্পষ্ঠ প্রদর্শিত কাজগুলোর মধ্যে। একদিকে যেমন সাদা-কালোর মোহনীয়তায় আবেশিত সময়ের দৃশ্য অনুভব করা যায়, আবার কখনও রঙিন ক্যানভাসে চিন্তার ছোটাছুটি দৃশ্যমান হয়। তবে সব কিছুই যে স্বতঃস্ফূর্ত শিল্পী সত্ত্বার বহিঃপ্রকাশ এমনটা অবশ্য দাবি করছেন না শিল্পী।

“সাদা কালো কাজগুলোতে যে মোটা লাইন দেখা যায়, এগুলো আমি প্লেন থেকে অনুভব করেছি। প্লেনের জানালা দিয়ে যখন বাংলাদেশ দেখি তখন নদীগুলোকে ঠিক এমনি মোটা-তরতাজা দেখা যায়। আর দশজন শিল্পীর মতোই এসব ভাবনা আমার সৃষ্টিতে প্রতিফলিত হয়েছে।” 

ক্যানভাসের আঁকার আকৃতির দিক থেকেও ভিন্নতা রয়েছে শিল্পীর কাজে। প্যানারমিক, হরাইজন্টাল কিংবা ভার্টিকাল ফ্রেমগুলোর মধ্য রয়েছে আনুপাতিক অসামঞ্জস্যতা। কাজের মধ্য কোনো কোনো সময়ে সংশ্লেষ করেছেন বিভিন্ন অক্ষর-সংখ্যা। এসবই শিল্পী ওয়াকিলের কাজে এক ধরনের নিজস্বতার স্বাক্ষর এনে দিতে সাহায্য করেছে।

“বিভিন্ন কারণেই মাধ্যম পরিবর্তন করেছি আমি। আবার কখনও কখনও বাস্তবতাকেও মেনে নিতে হয়েছে। যেমন বিশেষ ধরনের রাসায়নিকের দাম বেশি হওয়ায় জার্মানির জীবনে আমি কমদামী উপাদান ব্যবহার করা শুরু করি, যেটা আমার ছাপচিত্রের কাজে একই সঙ্গে যেমন অসুবিধার সৃষ্টি করেছে, আবার কখনও কখনও নতুন দ্বারও উন্মোচন করেছে।” 

এবারের প্রদর্শনীর কাজগুলো তার জার্মান জীবনেরই এক প্রতিচ্ছবি। ওয়াকিলুর রহমানের আনন্দ, বেদনা, প্রেরণা, আকাঙ্ক্ষার এই দর্শন বাংলাদেশে ছাপচিত্র চর্চায় অনুঘটক হিসেবে নতুন নতুন ধারণার জন্ম দিবে এমনটাই প্রত্যাশা করেন শিল্পী।  

১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত দেশে-বিদেশে অসংখ্য একক ও দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন শিল্পী ওয়াকিল। কিউরেটর, সংগঠক হিসেবে কাজ করেছেন বেশ কিছু প্রদর্শনী ও শিল্প উৎসবের সঙ্গে। বর্তমানে শিক্ষক হিসেবে স্থাপত্যকলার একটি বিষয় নিয়ে পড়ান, পাশাপাশি যুক্ত আছেন কলাকেন্দ্র নামে একটি নতুন গ্যালারির সঙ্গে।    

২৯ নভেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই আয়োজন।

গ্যালারি টোয়েন্টি ওয়ানের ঠিকানাঃ ৭৫১, সাত মসজিদ রোড, ১১ তলা, ধানমণ্ডি, ঢাকা - ১২০৫।