'যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা'
স্টুডিও ফোরটি এইটের দলীয় চিত্র প্রদর্শনী চলছে ধানমণ্ডির এরিক'স বিস্ত্রো ক্যাফে গ্যালারিতে।
বারোজন শিল্পীর উদ্যোগে গড়ে ওঠা সংগঠন স্টুডিও ফোরটি এইট। মূল লক্ষ্য শিল্পীদের ঘিরেই। শিল্পীদের কাজে সাহায্য করা, কোনো বিশেষ লক্ষ্যে শিল্পীদের সংগঠিত করা কিংবা সামাজিক ও পেশাদারী যে কোনো দায়িত্ব পালনে শিল্পীদের এক সুতায় গাঁথার কাজটি করে স্টুডিও ফোরটি এইট।
২০১০ সালে যাত্রা শুরু করে এবারের আয়োজনের আগে ছয়টি প্রদর্শনী ও দুটি আর্ট ক্যাম্পের আয়োজন করেছে শিল্পীদের এই সংগঠন।
প্রদর্শনীর শিরোনাম কবি শামসুর রাহমানের পংক্তিমালা থেকে নেওয়া। শামসুর রাহমানের ৭১এর মুক্তি সংগ্রামের প্রেরণাকে অভিন্ন রূপেই ধারণ করেছেন বর্তমান সময়ের চিত্রশিল্পীরা। রক্তক্ষয়ী মুক্তি সংগ্রাম না হলেও, জীবন যুদ্ধে শিল্পীসত্তা নিয়ে লড়াইয়ের মাঝেই বাঁচতে হয় শিল্পীদের। শিল্পাঙ্গনের সঙ্গে বাজারের চাহিদা মিল রেখে, জীবন জীবিকার যুদ্ধে ক্যানভাস আর রং নিয়ে নিয়ত সংগ্রাম করতে হয় বর্তমান সময়ের শিল্পীদের। আর সেই লড়াইয়ের নানা রূপের দেখা মিলবে স্টুডিও ফোরটি এইটের এই দলীয় প্রদর্শনীতে।
এরিক'স বিস্ত্রো ক্যাফের মালিকদের একজন শিহাব পারভেজ বলেন, “আমি নিজেও শিল্প মাধ্যমের সঙ্গে জড়িত। এই ক্যাফেতে যখন এরকম প্রদর্শনী করা নিয়ে আলোচনা হয়, তখন আমি রাজি হয়ে যাই। আর এটাই প্রথম নয়, এর আগেও এই ক্যাফে গ্যালারিতে আমরা প্রদর্শনীর আয়োজন করেছি, আশা করছি ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত রাখতে পারবো।”
“আমাদের তো প্রতিদিনই বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। নিজের সত্তার সঙ্গে বিরুদ্ধাচারণ করে ছবি আঁকতে হয়। বাস্তব বিষয়ের উপর ভিত্তি করে ছবি আঁকবো না, নৈর্ব্যত্তিক কোনো বিষয় বিবেচনায় নিয়ে ছবি আঁকবো সেই সিদ্ধান্তও অন্যের উপর ছেড়ে দিতে হয়। কোথায় ছবির প্রদর্শনী করবো সেটাও এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।”
কাজ নিয়ে কথা বলতে গিয়ে মনজুর রশীদ এভাবেই শিল্পীদের সংগ্রামের কথা জানালেন।
ধানমণ্ডির এই ছিমছাম ক্যাফে গ্যালারিতে ২১ অক্টোবর শুরু হওয়া দলীয় প্রদর্শনীটি চলবে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই আয়োজন।
এরিক'স বিস্ত্রো ক্যাফে গ্যালারির ঠিকানা- ফাতেমা আর্কেড, মিরপুর রোড, ধানমণ্ডি ৫, ঢাকা।
