সাজে বাঙালিয়ানা
লাল পাড়ের সাদা-শাড়ি, কপালে লালটিপ, খোঁপায় গোঁজা বেলিফুলের মালা, হাত ভর্তি কাচের চুড়ি আর পা রাঙানো আলতায়। এগুলো বাদ দিয়ে কি আর বর্ষবরণের সাজ পূর্ণতা পায়!
চোখের সামনে কি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের কোনো নায়িকার ছবি ভেসে উঠল! এ সাধারণ অনুষঙ্গগুলোই নারীর সাজে বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে পারে।
পহেলা বৈশাখ, বাঙালির আনন্দ উৎসব। কোনো ধর্ম বা বর্ণ নয় বরং পুরো বাঙালি জাতির উৎসব এটি। আর এ দিনকে উদযাপন করতে ও নতুন বছরকে বরণ করে নিতে আয়োজনের অন্ত নেই। নানা নঅনুষ্ঠান আর মেলার মধ্য দিয়ে চলে বর্ষবরণ। আর তাই বাঙালির এই উৎসবে নারীর সাজেও চাই ষোলআনা বাঙালিয়ানা।
বাঙালি সাজের অন্যতম অনুষঙ্গ টিপ। শাড়ি বা সালোয়ার-কামিজ, যেকোনটির সঙ্গে কপালে এটি টিপ পুরো চেহারারই ধরনই পাল্টে দিতে পারে। কালো, লাল বা পোশাকের সঙ্গে মানিয়ে টিপ পরা যেতে পারে।
টিপ পরার ক্ষেত্রে কপালের আকার এবং মুখের গড়ণ বুঝে তারপর টিপ বেছে নিতে হয়।
টিপ খুবই সহজলভ্য একটি অনুষঙ্গ। ফুটপাথ থেকে শুরু করে যে কোনো প্রসাধনীর দোকানে পাওয়া যায় নানা ধরনের টিপ।
সাধারণত এক পাতা টিপের দাম ১০ টাকা। পাথর বসানো টিপের দাম মান ভেদে ৪০ থেকে ১২০ টাকা। রাস্তার পাশে ফুটপাথেও ২০ থেকে ৫০ টাকায় পাথরের টিপ পাওয়া যায়।
কুমকুম দিয়েও চাইলে নিজের মনমতো নকশা করে টিপ এঁকে নেওয়া যেতে পারবে। গাউছিয়া, নিউমার্কেট এবং বিভিন্ন শপিং সেন্টারগুলোতে কুমুকুম পাওয়া যাবে, দাম ১৫০ থেকে ৩৫০ টাকা।
হালকা পুঁতি বসানো নকশা করা টিপের দাম ২০ থেকে ৮০ টাকা।
টিপের পরই যে অনুষঙ্গটির নাম মাথায় আসে সেটি হল কাচের চুড়ি। শাড়ির সঙ্গে হাতে রিনিঝিনি কাচের চুড়ি না থাকলে তো সাজে পূর্ণতাই আসে না। বৈশাখে লাল
শাড়ির সঙ্গে হাত ভর্তি চুড়ি দেখতে ভালো লাগে। আর কামিজের সঙ্গে রং মিশিয়ে এক মুঠো চুড়িই যথেষ্ট। চারুকলা, শাহাবাগ মোড়, টিএসটি চত্তর, নিউমার্কেট, আজিজ সুপার মার্কেট ইত্যাদি বিভিন্ন জায়গায়ই বেশ কম দামে কাচের চুড়ি পাওয়া যায়।
দাম ৩০ থেকে ৪০ টাকা ডজন। জরি/ চুমকি বসানো কাচের চুড়ি ৪০ টাকা ডজন। স্টিলের চুড়ির সেট ৬০ টাকা থেকে শুরু। অক্সিডাইজ ও ব্রোঞ্জের চুড়ির দাম শুরু জোড়া ৮০ থেকে। মাটির চুড়ি জোড়া ৩০ টাকা। কাঠের চুড়ি জোড়া পূরুত্ব ভেদে ২০ থেকে ৪০ টাকা। পাথর বসানো একটু জমকালো চুড়ির দাম শুরু জোড়া ১২০ থেকে। সেট হিসেবে কিনতে চাইলে খরচ করতে হবে ২শ’ থেকে সাড়ে ৭শ’ টাকার মতো।
শাহাবাগ, কাটাবন-সহ বিভিন্ন জায়গায় অবস্থিত ফুলের দোকানে পেয়ে যাবেন ফুলের মালা ও ফুল। কাঁচাফুলের মালার দাম ফুল ভেদে হবে ভিন্ন। গাঁজরা ২০ থেকে ২৫ টাকা। কাঠ বেলির মালা ১৫ টাকা, রজনীগন্ধা ফুলের মালা ২৫ থেকে ৪০ টাকা।
গ্রামের মেয়ের আলতা রাঙা পা, বাঙালি সাজে এই লাল টুকটুকে রংয়ের ব্যবহার বুঝিয়ে দিতে যথেষ্ট।
তাই হাতে আলতার বদলে মেহেদী লাগিয়ে নেওয়া যায়। সুন্দর নকশা করে বৈশাখের এক থেকে দু’দিন আগে মেহেদি লাগিয়ে নিলে রং ভালো ফুটে উঠবে।
গাউছিয়ার প্রসাধানীর দোকানগুলোতে আলতা পাওয়া যাবে ৫০ থেকে ২৫০ টাকায়। তবে কেনার আগে দরদাম করে নেওয়া ভালো। মেহেদি-টিউবের মান ভেদে দাম পরবে ৩৫ থেকে ১৪০ টাকার মতো।
গহনা: বিবিয়ানা। ছবি: দীপ্ত।
