গাঙচষাদের দমার চরে
বঙ্গোপসাগর আর মেঘনার মেহনায় জেগে ওঠা বিশাল চরাঞ্চলের নাম দমার চর। নিঝুম দ্বীপের পূর্ব পাশেই বেড়ে ওঠা এই চর জলচর নানান পাখির নিরাপদ আবাসস্থল। তবে দমার চরের প্রধান আকর্ষণ দেশি গাঙচষা। বিপন্ন এই পাখির একমাত্র নিরাপদ বাসস্থান।
দমার চরে গিয়েছিলাম গত বছর ফেব্রুয়ারির শেষে। তিন দিনের নিঝুম দ্বীপ ভ্রমণের একদিন বরাদ্দ ছিল দমার চরের জন্য। চারজনের দলের সেই ভ্রমণে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই পক্ষী দরদী মোস্তাফিজুর রহমান নোমানী, বাংলাদেশের পতাকা নিয়ে পৃথিবী চষে বেড়ানো সাইক্লিস্ট মুনতাসির মামুন ইমরান আর বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী নূর আহমেদ জিলালের সঙ্গে আমি সঙ্গী হতে পেরেছিলাম।
নিঝুম দ্বীপের নিঝুম রিসোর্টে আমাদের ঘুম ভাঙল ভোর রাতে। জেগে দেখি নৌকার চালক জাকির হাজির। নামার খাল ভাটায় শুকিয়ে যাবে বলে আগেভাগেই তার উপস্থিতি। জিনিসপত্র নিয়ে দ্রুত সবাই বেড়িয়ে পড়লাম। খাল পাড়ে গিয়ে দেখি ভাটায় পানি তলায় ঠেকেছে। খালের চরে হাঁটু কাদা। সে কাদা মাড়িয়ে বহু কষ্টে নৌকায় উঠে বসলাম।
দমার চরের আকাশে দেশি গাঙচষার ঝাঁক। ছবি: মুস্তাফিজ মামুন।
সজোরে আওয়াজ তুলে চলতে শুরু করলো নৌকা। ইঞ্জিন কক্ষের উপরে বিছানা পেতে বসলাম আয়েশ করে। নৌকা আমাদের নিয়ে চলল নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের পাশ ঘেঁষে। বনের উত্তর পাশে ব্যাপক ভাঙন আর ভেতরে ভেতরে গাছ নিধনের চিহ্ণ দেখে মনটা খারাপই হল।
ঘণ্টা দেড়েক পরে আমরা পৌঁছুলাম মোক্তারিয়া চ্যানেলে। এই চ্যানেল হাতিয়া থেকে নিঝুম দ্বীপকে বিচ্ছিন্ন করেছে। মোক্তারিয়ার ঘাট থেকে পূর্ব দিকেই দমার চর। সকালের আলতো রোদে ইঞ্জিন নৌকার ছাদে ঝিমুচ্ছিলাম। হঠাৎ করে মাথার উপর থেকে বিকট শব্দে একঝাক পাখি উড়ে গেল। ভালোভাবে দেখতে পেলাম না। জিলালের সুযোগ হয়েছিল দুএকটি ক্লিক করার। নোমানী ভাই ক্যামেরার মনিটরে সে ছবি জুম করে দেখলেন এ তো গাঙচষা। এদের দেখতেই তো দমায় আসা আমাদের।
দমার চরের খুব কাছাকাছি আমরা। দূরবীনে দেখা গেল চরের মাঝামাঝি জায়গায় গাঙচষাদের বড় একটি দল।
চরের ভেতরের ছোট খালে ঢুকে পড়লাম আমরা। নৌকা থেকে নেমে চুপি চুপি হাঁটা শুরু করলাম। জুতা নৌকায়, আমরা হাঁটছি খালি পায়ে। ঘাসে ঢাকা দমার চরের এ জায়গায় খালি পায়ে হাঁটা কঠিন। ঘাষগুলোর মাথা সুচালো, পায়ের তলায়ও বিঁধে যায়। গাঙচষার আকর্ষণে সেদিকে কারও খেয়াল নেই।
পাইড অ্যাভোকেট বা পাকড়া উল্টোঠুঁটি। ছবি: মুস্তাফিজ মামুন।
দমার চরে দেশি গাঙ্গচষার সঙ্গে বিভিন্ন উপকূলীয় পাখি। ছবি: মুস্তাফিজ মামুন।
তার আগেই পেলাম আরও অনেক পাখি। শুরুতেই এক দল কালো মাথা কাস্তেচরা। ব্ল্যাক হেডেড আইবিস ইংরেজী নামের বিশাল আকারের পাখিটির সারা শরীর ধবধবে সাদা। গলার কিছু অংশ আর লম্বা ঠোঁট কুচকুচে কালো। যেন এর গলাটা ধরে আলকাতরায় ডুবিয়ে দিয়েছে কেউ। ছবি তুলতে তুলতে খুব কাছেই চলে গেলাম। বেশি কাছাকাছি যাওয়াতেই আমাদের আর নিরাপদ ভাবতে পারল না ওরা। উড়াল দিয়ে আরেকটু দূরে গিয়ে দাঁড়ালো তাই।
হঠাৎ চুপি চুপি নোমানী ভাইয়ের ইশারা.. বাঁয়ে দেখ। আমি ঠাওর করতে পারলাম না। জিলাল ভাই দেখিয়ে দিলেন। বেশ কয়েকটি সাদা পাখি। আগে ছবিতে দেখলেও বাস্তবে কখনও দেখিনি তাদের। নামও মনে করতে পারলাম না।
নোমানী ভাই বললেন ওগুলো পাকরা উল্টেঠুঁটি’র আরেক নাম ঢেঙ্গা। পাইড অ্যাভোকেট ইংরেজী নামের এই পাখির সরু ঠোঁট উল্টা দিকে বাঁকানো। ছবি তুলতে কিছুটা কাছাকাছি হতেই এরাও উড়াল দিল।
আরেকটু সামনে গাঙচষাদের দলটি তখনও দাঁড়িয়ে। ছবি তোলা শুরু করলাম। খুবই চতুর এরা। চুপি চুপি যতই সামনে এগুই ততই তারা সরে যায়। তারপরেও বেশ কিছু ছবি তুললাম। এক সময় সবগুলো পাখিই আমাদের দেখে সরে গেল।
পাখি দেখতে দেখতে তখন ভর দুপুর, সূর্যও মাথার উপরে। ছবি তোলায় তাই একটু বিরতি। এই ফাঁকে দমার চরের শ্বাসমূলীয় বনটি দেখে ফেললাম। চরের একেবারে পূর্ব প্রান্তে বিশাল এই জঙ্গল। কেওড়া গাছের প্রাধান্যই বেশি। চরের এক মাথা থেকে পায়ে হেঁটে আরেক মাথায় গিয়ে বনে ঢুকলাম। ভেতরে প্যাক প্যাক কাদা।
মুনতাসিরের পাখি নিয়ে খুব একটা আগ্রই নেই। আমাদের কাছে নিঝুম দ্বীপের হরিণের গল্প শুনে দেখতে এসেছিলেন। নিঝুম দ্বীপের বনে হরিণ আগের চেয়ে অস্বাভিক হারে কমে গেছে। আগের দুদিন বনের বড় একটি অংশে ঘুরেও হরিণের খুব একটা দেখা মেলেনি।
নৌকার চালক জাকিরের তথ্য মতে দমার চরের জঙ্গলেও হরিণ আছে। হরিণ যে আছে তার কিছুটা প্রমাণ আমরাও পেলাম। তবে স্বচক্ষে দেখার সুযোগ হল না।
সূর্য পশ্চিমাকাশে বেশ কিছুটা হেলে পড়েছে। দমার চরের খালেও ভাটার টান লেগেছে। দ্রুত বের না হলে নৌকা আটকে যেতে পারে। এবার তাই চরের পাশে পাশে ঘুরে পাখি দেখার সিদ্ধান্ত নেওয়া হল।
তবে তার আগে খেতে হবে কিছু। নৌকা নিয়ে বের হতে চোখ আটকে গেলে চ্যানেল আর খালের মোহনায়। কয়েকটি ছোট পানচিল বসে আছে। ইঞ্জিনের কান ফাটানো শব্দেও এদেও ভ্রুক্ষেপ নেই। ছবি তুললাম তাই মন মিটিয়ে।
নৌকা নিয়ে এলাম তাই বন্দরটিলা ঘাটে। বন্দরটিলা বাজারে দুপুরের খাবার সেরে দ্রুত এসে আবারও নৌকায় উঠলাম। পাখি দেখার জন্য এবার ইঞ্জিনের গতি কমিয়ে চরের পাশে পাশে ঘুরছিলাম। দেখাও পেলাম নানান পাখির। ঝাঁকেঝাঁকে ওড়া দেশি গাঙচষা, গাঙাচিল, পানচিল, বাটান, গুলিন্দাসহ আরও অনেক জলচর পাখি দেখলাম দমার চরের আশপাশে।
পাখি দেখতে দেখতে সময় ফুরালো বেশ দ্রুত। এবার ফেরার পালা। আমাদের নিয়ে চালক তাই নৌকা ঘুরালেন নিঝুম দ্বীপের দিকে।
দমার চরে শ্বাসমূলীয় গাছের বন। ছবি: মুস্তাফিজ মামুন।
দমার চরে শ্বাসমূলীয় গাছের বন। ছবি: মুস্তাফিজ মামুন।
ঢাকা থেকে সদরঘাট থেকে লঞ্চে হাতিয়ার তমরুদ্দি। সদরঘাট থেকে এমভি ফারহান লঞ্চ ছেড়ে যায় তমরুদ্দির উদ্দেশ্যে। ভাড়া ডেকে জনপ্রতি ভাড়া ৩৫০ টাকা। প্রথম শ্রেণির একক কেবিন ৯শ’ থেকে ১ হাজার টাকা। দ্বৈত কেবিন ১ হাজার ৮শ’ থেকে ৩ হাজার ৫শ’ টাকা।
ঢাকা থেকে বিকেল পাঁচটায় ছেড়ে পরদিন সকালে পৌঁছায় তমরুদ্দি। সেখান থেকে অটো রিকশা নিয়ে সরাসরি যেতে হবে মোক্তারিয়ার ঘাটে। একটি অটোরিকশার রিজার্ভ ভাড়া ৫শ’ থেকে ৬শ’ টাকা ভাড়া। যাওয়া যাবে তিন, চারজন। মোক্তারিয়ার ঘাট থেকে ইঞ্জিন নৌকা ভাড়া করে বেড়ানো যাবে দমার চরে।
কোথায় থাকবেন
এ ভ্রমণে থাকতে পারেন নিঝুম দ্বীপের নামা বাজার কিংবা বন্দরটিলায়। নিঝুম দ্বীপে থাকার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা অবকাশ পর্যটনের নিঝুম রিসোর্ট।
এখানে দুই শয্যার কক্ষ ভাড়া ১ হাজার ৫শ’ টাকা। তিন শয্যার কক্ষ ১ হাজার ৮শ’ টাকা।
চার শয্যার কক্ষ ২ হাজার টাকা। ৫ শয্যার ডরমিটরির ভাড়া ১ হাজার ৮শ’ টাকা। ১২ শয্যার ডরমিটরি ৩ হাজার টাকা।
ঢাকা থেকে এ রিসোর্টের বুকিং দেওয়া যায়। যোগাযোগ: অবকাশ পর্যটন লিমিটেড, শামসুদ্দিন ম্যানশন, ১০ম তলা, ১৭ নিউ ইস্কাটন, ঢাকা। ফোন: ০২-৮৩৫৮৪৮৫, ৯৩৪২৩৫১, ০১৫৫২৪২০৬০২।
প্রয়োজনীয় তথ্য
পাইড অ্যাভোকেট বা পাকড়া উল্টোঠুঁটি। ছবি: মুস্তাফিজ মামুন।
লঞ্চে ঢাকা ফিরতে চাইলে খুব সকালেই বের হতে হবে তমরুদ্দির উদ্দেশ্যে। তমরুদ্দি থেকে ঢাকাগামী লঞ্চ ছেড়ে আসে দুপুর বারোটায়।
মনে রাখবেন
দমারচর পাখিদের একটি অভয়াশ্রম। অনুগ্রহপূর্বক বনভোজন করতে সেখানে যাবেন না। ভ্রমণের সময় পাখিদের বিরক্ত করবেন না। দমার চরের ছোট্ট এ জায়গা বিপন্ন প্রজাতির কিছু পাখি তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছে। সুতরাং ওদেরকে নিরাপদে থাকতে দিন। ভ্রমণে গিয়ে কোথাও প্লাস্টিক বর্জ্য যেমন- সিগারেটের গোড়া, চিপস-বিস্কুটের প্যাকেট, পানির বোতল ইত্যাদি ফেলে আসবেন না। দমার চর ভ্রমণে সঙ্গে অবশ্যই লাইফ জ্যাকেট নিন।
