কিবরিয়া ছাপচিত্র মেলা
কলাকেন্দ্রের উদ্যোগে কিবরিয়া ছাপচিত্র মেলা উদযাপন পরিষদের আয়োজনে পঞ্চমবারের মতো প্রয়াত শিল্পী মোহাম্মদ কিবরিয়ার স্মরণে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ১৯ ফেব্রুয়ারি, শুক্রবার শুরু হয়েছে এই মেলার স্লোগান ‘সবার জন্য ছাপচিত্র’।
এ সম্পর্কে শিল্পী রশীদ আমিন বলেন, “শিল্পকর্মের দাম সাধারণত বেশি হয়। এজন্য অনেকেই পছন্দ হওয়ার পরও কখনও কখনও শিল্পকর্ম সংগ্রহ করতে পারেন না। সব ধরনের মানুষের কাছে শিল্পকর্ম পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ছাপচিত্র এ জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই এই আয়োজন নিয়মিত করার চেষ্ঠা চালিয়ে যাওয়া হচ্ছে।”
এবারের মেলায় অংশ নিয়েছে ১৬টি প্রতিষ্ঠান- ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কারখানা আর্ট স্পেস, স্টুডিও ফোরটি এইট, বর্নিকা প্রিন্ট স্টুডিও, শুন্য আর্ট স্পেস, আতেলিয়ার ৭১, কসমস আতেলিয়ার ৭১, কলাকেন্দ্রের কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও, বাংলাদেশ প্রিন্ট মেকার্স এসোসিয়েশন ও সফিউদ্দিন বেঙ্গল প্রিন্ট মেকিং স্টুডিও।
সাধারণভাবে শিল্পকর্মের ‘মাস্টারপিস’ নিয়ে যে বিতর্ক শোনা যায়, মাধ্যম হিসেবে সেখানেই গুরুত্বপূর্ণ অবদান ছাপচিত্রের। অবশ্য সেটি শিল্প সংগ্রাহকদের জন্য বরং ইতিবাচক, কেননা ছাপচিত্রের মাধ্যমেই একটি শিল্পকর্মের অনুলিপি করা সম্ভব হয়। যা কিনা, আর্থিক দিক দিয়ে যেমন সংগ্রাহকদের স্বাধীনতা দেয় পাশাপাশি একই শিল্পকর্ম একাধিক মানুষ বা প্রতিষ্ঠানের কাছে সংগ্রহে রাখার সুযোগ তৈরি করে।
তবে এ বিষয়ে সবার খুব পরিষ্কার ধারণা না থাকায় কিছুটা বিতর্কও তৈরি হয়।
এ প্রসঙ্গে শিল্পী আবুল বারাক আলভী বলেন, “২০১২ সালে যখন আমরা প্রথম এই মেলার আয়োজন করি তখন থেকেই আমাদের মূল উদ্দেশ্য ছিল, শিল্পকর্মকে সব অর্থনৈতিক শ্রেণির মানুষের কাছে পৌঁছে দেওয়া। ছাপচিত্র নিয়ে সবার ধারণা পরিষ্কার না হওয়ায় অনেক সময়ই মানুষ বিভ্রান্ত হয়। আমাদের মেলার মধ্য দিয়ে আমরা মানুষকে এ বিষয়ে সচেতন করে তুলতে চেয়েছি।”
চিত্রকলার আধুনিক এই মাধ্যম সময়ের সঙ্গে শিল্পীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠলেও, বাংলাদেশে এখনও সব মানুষের কাছে ছাপচিত্র সম্পর্কে ধারণা পরিষ্কার নয়। পাশাপাশি মুদ্রণশিল্প বিশ্বব্যাপী নানারকম প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ায় ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমের খরচও বাড়ছে।
এসব দিক বিবেচনায় এবারের মেলা থেকে আবেদন জানানো হয়, সরকার যেন ছাপচিত্রের বিকাশে আরও উদ্যোগী হয়ে শিল্পী ও প্রতিষ্ঠানগুলোকে আরও সহায়তা করে।
এবারের মেলায় শিল্পী মাহমুদুল হককে তার কাজের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয়।
নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে শিল্পী বলেন, “আমাদের সময়ে চারুকলায় ছাপচিত্র বিভাগ ছিল না। আমি সাবসিডিয়ারি হিসেবে ছাপচিত্র পড়েছিলাম। পরে শিল্পী কিবরিয়া ও সফিউদ্দিনের সাথে আমি ও আলভী করাচিতে ছাপচিত্রের একটি আন্তর্জাতিক কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাই। এরপর থেকেই আমার আগ্রহ জন্মাতে থাকে।”
ছাপচিত্রের এই মেলা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছাপচিত্র শিল্পীদের এই সম্মেলন।
ছবি: লেখক।
