২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলফি তুলে পুরস্কার জিতুন

বাণিজ্য মেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টলে মাদক বিরোধী প্রচারণার অভিনব কৌশল।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 05:28 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মেলা প্রাঙ্গনের মাঝামাঝি অবস্থিত এই স্টলে তরুণ প্রজন্মকে মাদকাসক্তির অন্ধকার পথ থেকে সরাতে এবং সচেতনতা বৃদ্ধির জন্যই এই প্রয়াস।

স্টলের মূল ফটক দিয়ে ঢুকেই দেয়ালে চোখে পড়বে টেলিভিশন। চলছে অরূপ রতন চৌধুরীর মাদকাসক্তি বিষয়ক চলচ্চিত্র।

হাতের ডানে সেলফি কর্নার। এখানে সেলফি তুলে ‘ডিএনসি অ্যান্টি ড্রাগস ক্যম্পেইন’ শীর্ষক ফেইসবুক পেইজে পোস্ট করলে উপহার হিসেবে মিলবে টি-শার্ট অথবা ক্যাপ।

এছাড়াও আছে ‘সেলফি কনটেস্ট’। যাদের পোস্ট করা ছবি সবচাইতে বেশি লাইক পাবে তাদের মধ্য থেকে পাঁচজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হবে বিশেষ উপহার।

তাদের ফেইসবুকের লিংক: https://www.facebook.com/dnc.antidrug/?fref=ts&ref=br_tf

ভেতরের অংশে আছে ডার্ট গেইম এবং কাউন্সিলিং রুম। দর্শনার্থীরা এখানে বিনামূল্যে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন।

আছে ‘থ্যাঙ্কস গিভিং’ কর্নার। পাশেই ‘টুডে’স আইডল’। এই অংশে দর্শনার্থীরা দেশের বিভিন্ন মাদকাশক্তি নিরাময় কেন্দ্র থেকে সুস্থ হয়ে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলতে পারবেন।

আরও আছে ‘শোকেইস’। দেশের সবচাইতে প্রচলিত মাদকদ্রব্যের ক্ষতিকারক দিকগুলো সম্পার্কে জানা যাবে এখানে।

এছাড়াও স্টলের দুই কোণায় থাকছে ‘পিকচার কাট আউট’, যার পেছনে দাঁড়িয়ে ছবি তোলা যাবে। সেলফি কর্নারের পাশেই ক্যানভাসে আটকানো আছে মন্তব্য প্রকাশের খাতা।

প্রতিদিন এই খাতায় একটি প্রশ্ন দেওয়া হবে। দর্শনার্থীরা সেই প্রশ্নের উত্তর লিখতে পারবেন।