পৌষের শেষে ঘুড়ির আনন্দে
যারা পুরান ঢাকার বাইরে থাকেন, তারা হয়ত বেশিরভাগই জানেন না, ঢাকা শহরের অন্যতম বড় উৎসব হয় পুরান ঢাকায় আর সেটা হল পৌষসংক্রান্তি। স্থানীয়দের ভাষায় সাক্রাইন।
এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন পুরান ঢাকার কোর্টকাচারী এলাকার বাসিন্দা এমএইচ জয়েদী।
এখন বিভিন্ন বাড়ির ছাদে আলোকসজ্জার সঙ্গে চলে ডিজে। আর উদরপূর্তি তো থাকেই।
এদিন ঘুড়ি উড়ানোর জন্য তারা আগে থেকেই ঘুড়ি বানিয়ে এবং সুতায় মাঞ্জা দিয়ে প্রস্তুতি নেয়। মাঞ্জা হল ঘুড়ি সুতা প্রস্তুত পদ্ধতি যা ঘুড়ি ওড়াতে এবং কাটাকাটি খেলতে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ভারতবর্ষের আশেপাশের দেশে ব্যবহৃত হয়।
ঘুড়ি কাটাকাটির লড়াই সাড়া বছর ধরে চললেও এই এলাকাগুলোতে ঘুড়ি উড়ানোর উৎসবে বিশেষভাবে অনুষ্ঠিত হয়।
দুইজন লড়াকু মাঞ্জা দেওয়া সুতা দিয়ে ঘুড়ি উড়িয়ে একজন আরেকজনকে টানে অথবা ছোড়ে (ঢিল) পদ্ধতিতে কাটার চেষ্টা করেন। বিজয়ী ঘুড়ি আকাশে উড়তে থাকে আর হেরে যাওয়া মানে কেটে যাওয়া ঘুড়ি বাতাসে দুলতে দুলতে দুরে মিলিয়ে যায়। কিশোর যুবক বৃদ্ধ সেই কেটে যাওয়া ঘুড়ি ধরার চেষ্টা করেন।
এই উৎসবে প্রচুর লোক সমাগম ঘটে। পুরান ঢাকার অধিবাসীদের কাছে এটি অত্যন্ত উৎসবমুখর দিন যা জানুয়ারির ১৪ থেকে ১৫ তারিখ উদযাপিত হয়।
সাধারণত পুরান ঢাকার কলতাবাজার, লক্ষ্মীবাজার, সিং টোলা, সূত্রাপুর, গেন্ডারিয়া, ধুপখোলা এলাকায় ১৪ তারিখ এবং শাঁখারী বাজার, তাঁতী বাজার, গোয়াল নগর, রাজার দৌড়ি, কোর্ট কাচারী এলাকায় ১৫ তারিখ এই উৎসব পালিত হয়।
তবে বাংলা পঞ্জিকার ভিত্তিতে কখনও কখনও তারিখ পরিবর্তন হয়।
