ফ্যাশনে ২০১৬
বেশ বৈচিত্র্যময় আর বর্ণিল ফ্যাশনে ভরপুর ছিল ২০১৫ বছর। দেশীয় স্টাইলের পাশাপাশি ছিল পাশ্চাত্য ফ্যাশনের আধিক্য। সেই ধারা বজায় রাখার পাশাপাশি কিছুটা পরিবর্তন আসতে পারে এ বছরের ফ্যাশনে, এমন মত পোষণ করছেন ফ্যাশন ডিজাইনাররা।
সালোয়ার কামিজ, আনারকলি ইত্যাদি ছাপিয়ে ২০১৫ সালে ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায় ছিল গাউন, পালাজ্জো আর স্কার্ট। তাছাড়া সালোয়ার কামিজের ধরনেও এসেছিলো ভিন্নতা। হাঁটু অব্দি লম্বা জামার বদলে ছিল আরও খানিকটা লম্বা কামিজের চল। সঙ্গে ঢোলা প্যান্ট অথবা পালাজ্জো।
কথায় বলে ইতিহাসের পুনরাবৃত্তি হয়, ফ্যাশনের ক্ষেত্রে এই বিষয়টি বেশ কার্যকর। একটা সময় পুরাতন খাটো কামিজের চল উঠে এসেছিল, সঙ্গে ছিল ডিভাইডার প্যান্ট। ২০১৫ সালে এবার উঠে এসেছে পালাজ্জো প্যান্টের চল।
পালাজ্জো নতুন কোনো ফ্যাশন নয়, আমাদের দেশে আগে বেলবটম প্যান্ট আর ডিভাইডার ফ্যাশন ছিল। ১৯২০ সালে ফরাসি ফ্যাশন ডিজাইনার ও শ্যানেল ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা কোকো শ্যানেলের হাত ধরে উপরে চাপা নিচে ঢোলা প্যান্ট প্রথম জনপ্রিয়তা পায়। কিছুদিন পর হলিউড তারকাদের কাছেও জনপ্রিয় হয়ে উঠে ঢোলাঢালা এই প্যান্টগুলো।
এবার দীর্ঘ বিরতির পর ফ্যাশনে ফিরে এসেছে পালাজ্জো প্যান্টের চল। ছোট টপস, ফতুয়া, শার্ট, শর্ট কামিজ, লং কামিজ যেকোন পোশাকের সঙ্গে মানিয়ে গেছে পালাজ্জো। এক রঙা বা প্রিন্টেড যে কোনো ধাঁচের টপসের সঙ্গে মানিয়ে বেছে নেওয়া যেতে পারে এই প্যান্ট। আবার পালাজ্জোর কাপড়ের ছাঁটের ধরনের রয়েছে ভিন্নতা। কিছুটা চাপা আবার তুলনামুলক ঢোলা পালাজ্জোও বেশ জনপ্রিয়।
এ বিষয়ে দেশীয় ফ্যাশন ঘর ‘সাদা-কালো’র কর্ণধার তাহসীনা শাহীন বলেন, “২০১৫-এ যে চলগুলো উঠে এসেছিলো সেগুলো এ বছরও থাকবে। তবে ধরনে পরিবর্তন আসতে পারে। যেমন, গত বছর পালাজ্জো প্যান্টের প্রচলন ছিল তুঙ্গে। সেক্ষেত্রে খানিকটা ছড়ানো পালাজ্জো বেশি জনপ্রিয় ছিলো। তবে পুরাতন দিনে নিচের দিকে অনেকটা ছড়ানো পালাজ্জো যেটি মূলত সারারা হিসেবে পরিচিত, সেই চল উঠে আসতে পারে ২০১৬-তে। আর যেহেতু সালোয়ার এবং পায়জামার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হবে সেক্ষেত্রে কামিজ এবং টপসের দৈর্ঘ্য কিছুটা কমে আসবে।”
পালাজ্জোর চল ছিল, এ বছরও থাকবে। মডেল: নিবেদিতা / ছবি: ই স্টুডিও।
এবার লেইসের পাশাপাশি ব্লক, বাটিক এবং মূলত অ্যাপলিকের ব্যবহার বাড়তে পারে।
পালাজ্জো যেমন পাশ্চাত্য ফ্যাশন তেমনি পা পর্যন্ত লম্বা ম্যাক্সি বা গাউন স্টাইলের পোশাকগুলোও তাই। ইউরোপে ১৭ দশকের মাঝামাঝি সময় নারী এবং পুরুষ উভয়েই গলা থেকে পা পর্যন্ত ঢাকা এই পোশাক পরতো। সেই পোশাকের স্টাইল এবং ধরন পরিবর্তিত হয়ে এখন বহুল প্রচলিত আমাদের দেশেও। ঢোলাঢালা গাউন ও ম্যাক্সি খানিকটা আঁটসাঁট করতে আর স্টাইলে নতুনত্ব আনতে যুক্ত হয়েছে ওয়েস্ট বেল্ট। সাদামাটা একটি ম্যাক্সি ড্রেসকেও বেশ গর্জিয়াস করে তোলে জমকালো একটি বেল্ট।
মুমু’স কালেকশনের প্রতিষ্ঠাতা এবং প্রধান ডিজাইনার মুমু মারিয়া বলেন, “পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা গাউন অথবা ম্যাক্সি ড্রেসের তুলনায় খানিকটা খাটো ফ্যাশন উঠে আসতে পারে। তাছাড়া গত বছর সামনে উঠানো এবং পিছনের দিকে লম্বা স্টাইলটি প্রচলিত ছিল তা এ বছরও থাকবে বলে আশা করছি।”
তিনি আরও বলেন, “তবে এবছর উঠে আসবে একদিকে কোণা স্টাইলটি। সেক্ষেত্রে কামিজের যে কোনো এক পাশে খানিকটা কোণা থাকতে পারে। এর পাশাপাশি ডাবল লেয়ারের ব্যবহার বৃদ্ধি পেতে পারে। এক রঙা কাপড়ের ব্যবহারের তুলনায় প্রিন্টেড কাপরের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।”
পোশাক ডিজাইনের ক্ষেত্রে মুমু মনে করেন এবার অ্যাপলিক এবং ব্লক বাটিকের ব্যবহার বৃদ্ধি পাবে।
তিনি বলেন, “গত বছর প্রচুর লেইসের ব্যবহার ছিল পোশাকের ডিজাইনে। এবার লেইসের পাশাপাশি ব্লক, বাটিক এবং মূলত অ্যাপলিকের ব্যবহার বাড়তে পারে। তাছাড়া গত বছরের মতো এবারও ফ্লোরাল মোটিফ থাকবে জনপ্রিয়তার শীর্ষে।”
ঢোলাঢালা পালাজ্জোর পাশাপাশি পুরো বছর জুরে জনপ্রিয়তার জায়গাটি দখলে রেখেছিলো আঁটসাঁট লেগিংস। কামিজ, গাউন, টপস ইত্যাদি সব কিছুর সঙ্গেই মানিয়ে যায় এই প্যান্ট। আর তাই এ বছরও পরিধেয় পোশাকের তালিকায় ছিল লেগিংস থাকতে পারে। পোশাকের সঙ্গে মিলিয়ে বা বিপরিত রংয়ের লেগিংস ফ্যাশনেবলের পাশাপাশি বেশ আরামদায়ক হওয়ার কারণে কিশোরী এবং তরুণীদের কাছে বেশ প্রিয় একটি পোশাক।
“পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা গাউন অথবা ম্যাক্সি ড্রেসের তুলনায় খানিকটা খাটো ফ্যাশন উঠে আসতে পারে।
সালোয়ার কামিজের ছাঁটে ভিন্নতা আসতে পারে। ছবি: কে ক্রাফট।
পোশাকের রংয়ে এবার ‘মেলন পিঙ্ক’, ‘ইন্ডিগো’, হালকা হলুক এবং অন্যান্য পেস্টাল রং প্রাধান্য পাবে বলে মনে করছেন মুমু।
তিনি আরও বলেন, “গতবার ভেলভেট, সিকোয়েন্ট, জর্জেট, লিলেন, সুতি এই কাপড়গুলো ছিল বহুল জনপ্রিয়। এবছরও লিলেন, সুতি থাকবে সমানভাবে জনপ্রিয়। কারণ আমাদের দেশের আবহাওয়ায় এই কাপড়গুলো অত্যন্ত আরামদায়ক।
“তবে ভেলভেটের ব্যবহারে ভিন্নতা আসতে পারে। যেমন সিফন কাপড়ের উপর ভেলভেট অ্যাপলিকের কাপড়গুলো বেশ জনপ্রিয়তা পাবে বলে মনে হচ্ছে। পাশাপাশি নেট ধরে রাখবে এর জনপ্রিয়তা।” বললেন মুমু।
শ্রাগ বা কোটি ছিল গত বছরের আরেকটি ফ্যাশন অনুষঙ্গ। কামিজ বা গাউনের সঙ্গে বিপরিত রংয়ের, নেট কাপরের শ্রাগ বা কোটিগুলো ফ্যাশন সচেতন তরুণীদের পছন্দের তালিকায় উঠে এসেছিলো।
ব্যাগের ফ্যাশনেও এ বছর আসবে বলে জানালেন এই দুই ডিজাইনার। বড় ঝোলা ব্যাগের পাশাপাশি ছোট বা মাঝারি আকারের লম্বা বেল্টের ব্যাগগুলো বহুল ব্যবহৃত হয়েছে ২০১৫ সালে।
