২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামদানি বিপণন প্রদর্শনী

বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত দেশীয় ফ্যাশন ঘর ‘অঞ্জন’স’-এর বিপণনকেন্দ্রে ২ জানুয়ারি শুরু হয়েছে ‘জামদানি বিপণন প্রদর্শনী’।  

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 04:41 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

তাঁতীদের বোনা বিভিন্ন ডিজাইনের শাড়ি, জামদানি কাপড়ে তৈরি ব্যাগ, গয়নার বাক্স, ফটো ফ্রেম, শার্ট, পাঞ্জাবি, কুশন কভার ইত্যাদি নিয়ে অঞ্জন’স-এর দ্বিতীয় তলায় সাজানো হয়েছে এই আয়োজন।

বনানীর পাশাপাশি যমুনা ফিউচার পার্ক, বিইলি রোড ও চট্টগ্রাম জিইসি শাখায় ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শণী।

২ জানুয়ারি অঞ্জন’স-এর বনানী শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী হাশেম খান, বিশিষ্ট সমাজকর্মী ও গবেষক হামিদা হোসেন। তাছাড়া আরও উপস্থিত ছিলেন অঞ্জন’স-এর উপদেষ্টা ডিজাইনার ও গবেষক চন্দ্রশেখর সাহা, শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ, প্রধান ডিজাইনার লায়লা খায়ের কনক এবং আমন্ত্রিত অতিথিরা।

শাহীন আহম্মেদ বলেন, “দীর্ঘ ২১ বছর ধরে দেশীয় ফ্যাশন নিয়ে কাজ করছে অঞ্জন’স। আর জামদানি বাংলার ঐতিহ্যের একটি অংশ। এই ধারায় তৃতীয়বারের মতো অঞ্জন’স আয়োজন করেছে ১৪ দিন ব্যাপী ‘জামদানি বিপণন প্রদর্শণী’।”

অনুষ্ঠানে হাশেম খান বাংলাদেশের সমৃদ্ধ বয়নশিল্পের ঐতিহ্য ধরে রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, “বাংলাদেশের একেক অঞ্চলে বয়নের ধরন এবং বৈশিষ্ট্য ভিন্ন। আর তাই এগুলো নিয়ে আলাদাভাবে গবেষণা করা এবং এর পাশাপাশি জাদুঘর প্রতিষ্ঠার মাধ্যমে সকলের কাছে এ বিষয়গুলো পৌছে দেওয়া উচিত। এতে দেশীয় বয়নের ব্যপারে সকলেই আরও সচেতন হয়ে উঠবে।”

শাহীন আহমেদ জানান, এই আয়োজনে জামদানি শাড়ির ঐতিহ্য তুলে ধরা হবে। বর্তমানে জামদানি শাড়ির উপর এমব্রয়ডারি করা এবং লেইস ব্যবহার করা হয়। তার মতে এটি জামদানি শাড়ির জন্য অত্যন্ত অপমানজনক।

১৪ দিনের এই আয়োজনে প্রদর্শনীর পাশাপাশি পছন্দের পণ্য কিনে নিতে পারবেন আগ্রহীরা।

ছবি: দীপ্ত।