শীতের বাহারি তরকারি
নিরামিশ, ফুলকপি-গরুর মাংস এবং আর সিমদানা-মাগুর মাছের ব্যঞ্জন।
রেসিপিগুলো দিয়েছেন পাপন শ্রাবণ।
বাগারি নিরামিষ
বাগারি নিরামিষ।
পদ্ধতি: টমেটো ছাড়া বাকি সবজিগুলো ধুয়ে, মাঝারি আকারে কেটে হালকা ভাপিয়ে নিন। পানি ফেলবেন না।
এবার তেল গরম করে তাতে শুকনামরিচ, রসুনকুচি ও পাঁচ ফোঁড়ন দিয়ে ফোঁড়ন দিন। এবার আদা ও জিরাবাটা দিয়ে কষিয়ে হলুদ আর লবণ দিন। সবজিগুলো দিয়ে নেড়ে দিন। টমেটো ও চিনি দিয়ে আঁচ বাড়িয়ে দিন।
রান্না হয়ে গেলে ধনেপাতা উপরে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন।
ফুলকপি গরুর মাংস
ফুলকপি গরুর মাংস।
পদ্ধতি: মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিন। তেলে অল্প পেঁয়াজ-রসুন বেরেস্তা করে তুলে রাখুন। ফুলকপি ফুটন্ত পানিতে তিন মিনিট ভাপিয়ে তুলে রাখুন। গরম তেলে সব আস্ত গরম মসলাগুলো থেতলে দিয়ে ফোঁড়ন দিন।
এবার পেঁয়াজ দিয়ে বাদামি করে ভাজুন। সঙ্গে আদাবাটা দিয়ে আরেকটু নেড়ে অল্প পানি দিয়ে একে একে সব মসলা ও লবণ দিয়ে কষান। তারপর একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিন।
মাংস ঢেলে ঢেকে দিন। পানি শুকিয়ে গেলে আবার একটু গরম পানি দিয়ে কষিয়ে নিন। মাংস ভালো ভাবে সিদ্ধ হয়ে আসলে ফুলকপি দিয়ে ঢেকে দিন কিছুক্ষণের জন্য।
কাঁচামরিচ, চিনি ও বেরেস্তা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।
সিমদানা-মাগুর মাছের তরকারি
সিমদানা-মাগুর মাছের তরকারি।
পদ্ধতি: মাগুর মাছ যতটুকু সম্ভব পরিষ্কার করে কেটে ধুয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিন। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ও আদা বাটা দিয়ে বাদামি করে ভেজে পানি দিন। বাকি সব মসলা দিয়ে ভালো ভাবে কষিয়ে অল্প পানি দিয়ে আবার কষিয়ে তাতে গরম পানি দিন।
পানি ফুটে উঠলে সিদ্ধ করা সিমের বিচি দিয়ে দিন। পানি কিছুটা কমে আসলে ভাজা মাছগুলো দিয়ে ঢেকে দিন।
কিছুক্ষণ পর ঢাকনা খুলে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে আরও কিছু সময় ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করুন।
সমন্বয়ে: ইশরাত মৌরি।
