কসমস’য়ের পাঁচে পা
এই উপলক্ষ্যে চলছে প্রথিতযশাদের শিল্পকর্ম প্রদর্শনী।
গ্যালারি জুড়ে শিল্পীদের গাল-গল্পের আওয়াজ। কোথাও চেয়ার - টেবিল পেতে আলাপ চলছে। আবার কোনো দিকে হয়ত হাঁটতে হাঁটতে কথার ফুলঝুড়ি ছোটাচ্ছেন কেউ কেউ। এরই মাঝে চোখে পড়ে, একলা দাঁড়িয়ে বড় এক ক্যানভাসের সামনে বিড়বিড় করছেন একজন।
সব ঠেলে ভিতরে যেতেই, ছোট্ট বারান্দা থেকে হাসি-ঠাট্টার আওয়াজ কানে আসে। স্লাইডিং দরজা পেরিয়ে চোখ আর কানকে ছুঁড়ে দেই বারান্দায়। এখানেও আড্ডা!
৫ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায়, ঢাকার মহাখালি ডিওএইচএসের গ্যালারি কসমস দুই’য়ের ভিতরের টুকরা টুকরা ছবি এগুলো। গ্যালারির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সঙ্গী হতে এসেছেন অনেকেই। শিল্পী, শিল্প সংগ্রাহক, সংবাদ সংগ্রাহক থেকে শুরু করে আরও নানা পেশার মানুষের দেখা মেলে গ্যালারির ভিতরে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সামিল হয়েছিলেন শিল্পী কালিদাস কর্মকার, অলকেশ ঘোষ, বীরেন সোম, আব্দুল আজীজ, বিপাশা হায়াত, আফরোজা জামিল কংকা, রেজাউন নবী, দিলরুবা লতিফ, আনিসুজ্জামান, শাহানুর মামুন, ভাস্কর রাশাসহ আরও অনেকে। গল্পে – আড্ডায় পুরো সময়টাই সবাইকে মাতিয়ে রাখেন শিল্পীরা। কথায় কথায় উঠে আসে তাদের শিল্প যাত্রার ইতিহাস। আগ্রহীদের আবদার মেটাতে কখনো নিজেদের কখনও অন্যের গল্প শোনান শিল্পীরা।
শিল্পী অলকেশ ঘোষের বই ও একটি প্রদর্শনী নিয়ে বর্তমানে কাজ করছে গ্যালারি কসমস। আড্ডায় কথা হয় বর্ষীয়ান এই শিল্পীর সঙ্গে। প্রায় চার দশক ধরে বাংলার মাঠ-ঘাট, নদী-নালা, পথ-প্রান্তর ঘুরে তারই ছবি আঁকছেন শিল্পী। কথায় কথায় উঠে আসে শিল্পীর তুলিতে ঢাকাকে দেখবার প্রসঙ্গ।
“সোনারগাঁ কে ফোকাস করেছিলেন জয়নুল সাহেব। এছাড়া ঢাকা নিয়ে ডয়েলি সাহেবের কাজ আছে যেগুলো বেশ ভালো। সালাউদ্দিন সাহেব অ্যাবস্ট্রাক্টে কাজ করেছেন বেশ। আমি নিজে করেছি প্রায় ৮শ’র মতো কাজ। তবে এটা ঠিক বর্তমান সময়ে খুব একটা কাউকে দেখা যায়নি যারা, আমাদের এই ঢাকা শহরকে নিয়ে ছবি আঁকছেন।”
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে নিজেদের সংগ্রহ থেকে বাছাই করা ছবি নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করেছে গ্যালারি কসমস। কিছু ছবি অবশ্য আনাও হয়েছে প্রদর্শনি করবার উদ্দেশ্যেই।
তবে এই আয়োজনের মূল আকর্ষণ হয়ে রইল গ্যালারির পোর্ট্রেট আর্ট ক্যাম্পের ঘোষণা।
এ প্রসঙ্গে গ্যালারি পরিচালক তাহমিনা এনায়েত বলেন, “প্রায় ২০ জন শিল্পী নিয়ে ফেইসেস অব বেঙ্গল নামে একটি আর্ট ক্যাম্পের কাজ শুরু করেছি আমরা। বাংলাদেশের জীবিত অথবা মারা গেছেন এমন ২০ জন ব্যাক্তিত্ব, যারা তাদের অবদান দিয়ে আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন, তাদের পোর্ট্রেট করবেন শিল্পীরা। যাদের উপর এই কাজ করা হবে তারা যে শুধু শিল্পীই হবেন এমন কোনো বিষয় নেই এখানে। বরঞ্চ শিল্পী, রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে যে কোনো শ্রেণি-পেশার মানুষ হতে পারেন তারা। আশা করছি আগামী বছর এই কাজগুলো নিয়ে একটা প্রদর্শনীর আয়োজন করতে পারবো আমরা।”
এই প্রদর্শনী শেষ হবে ২০ ডিসেম্বর। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে কসমস গ্যালারির এই প্রদর্শনী। ঠিকানা: ভিলা দে আনজুমান, বাড়ি ১১৫, রোড ৬, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা।
ছবি: ফায়হাম ইবনে শরীফ।
