২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসথেটিক– ডিজিটাল আর্ট এক্সিবিশন

‘স্যামসাং আর অ্যান্ড ডি ইনস্টিটিউট বাংলাদেশ’য়ের বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি ‘আর্টেকচার’ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারে করে তৈরি শিল্পকর্মের প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 03:32 PM

Updated : 12 Oct 2022, 04:37 PM

পহেলা ডিসেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৫ ডিসেম্বর, শনিবার পর্যন্ত। আর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে গ্যালারির দরজা। 

একটু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হওয়ার অবকাশ রয়েছে ‘ডিজিটাল আর্ট’ শব্দ দু’টির মাঝে। ডিজিটাল ফটোগ্রাফি, ডিজিটাল ইনস্টলেশন, ডিজিটাল প্রজেকশন থেকে শুরু করে আরও নানা উপায়ে শিল্প চর্চার বিকাশ ঘটেছে এবং সময়ের সঙ্গে। আরও বিভিন্ন মাধ্যমে এর বিকশিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তবে এবারেরে প্রদর্শনী এইসব থেকে ভিন্ন। কারণ এখানে চিত্রকলায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করা হয়েছে। ‘ড্রইং’ কিংবা ‘পেইন্টিং’য়ে প্রযুক্তির ব্যবহারের ইতিহাস লেখা শুরু হয়েছে আঠারশো শতকে ইম্প্রেশনিস্টদের সময়ে। তবে একেবারেই ভিন্ন ধরনের ক্যানভাসে, ভিন্ন ধরনের তুলি ও রংয়ের ব্যবহার হয়ত সে সময় কল্পনার অতীত ছিল।

তবে সময়ের সঙ্গে প্রযুক্তির উৎকর্ষতা সেই কল্পনার অতীতকে বাস্তবতায় রূপদান করেছে। জয়নুল গ্যালারির এই প্রদর্শনী তারই এক অনন্য নিদর্শন।

আয়োজনে প্রদর্শিত কাজগুলো করা হয়েছে ‘আর্টেকচার’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশনের সহায়তায়। মূলত, ‘স্যামসাং আর অ্যান্ড ডি ইনস্টিটিউট বাংলাদেশ’য়ের বাংলাদেশি প্রকৌশলীদের চেষ্ঠায় এই সফটওয়্যার বানানো হয়েছে। ‘ড্রইং সল্যুউশন’ হিসেবে তৈরি করা এই সফটওয়্যারে কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট পিসি’র স্ক্রিনকে ক্যানভাস বানিয়ে বিভিন্ন টুলের সহায়তায় ছবি আঁকা সম্ভব।

এ বছর অগাস্টের ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত চারুকলা অনুষদের ৩৯ জন শিক্ষার্থী ও একজন শিক্ষককে নিয়ে এই সফটওয়্যার ব্যবহারের একটি কর্মশালা আয়োজন করা হয়। সেখান থেকে বাছাই করা ১২ জন শিক্ষার্থীকে ২৫ দিনের জন্য এই অ্যাপ্লিকেশনসহ ট্যাব দেওয়া হয়, ‘ডিজিটালি’ ছবি আঁকবার জন্য। আর, তাদের আঁকা ছবি থেকে বাছাই করা ১২টি ও দুজন শিক্ষকের ছবি নিয়ে পরিকল্পনা করা হয় এই প্রদর্শনীর।

এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের আর্টেকচার প্রজেক্টের দলনেতা জুয়েল নন্দী বলেন, “‘এ বছরের ১৫ সেপ্টেম্বর পরীক্ষা-নীরিক্ষার পর অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে অবমুক্ত করা হয়েছে। আর ৪ নভেম্বরে এর শেষ আপডেটটিও দেওয়া হয়েছে। এখন যে কেউ অ্যানড্রয়েট ফোনের জন্য এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।”

বাংলাদেশে এটাই প্রথম ডিজিটাল চিত্রকর্মের প্রদর্শনী দাবি করে তিনি আরও বলেন, “পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এদেশীয় প্রকৌশলীরা, যার মূল লক্ষ্য ছিল বাজারের অন্যান্য ড্রইং সফটওয়্যার থেকে উন্নত ও সহজ কিছু তৈরি করা। আর একটি পরিকল্পনা ধরে এগুচ্ছি আমরা যেখানে সব ধরনের স্যামসাং ফোনে এই অ্যাপসটি ইন বিল্ট দেওয়া থাকবে।”      

কর্মশালায় শিক্ষার্থীদের দিক-নির্দেশনা দেওয়ার দায়িত্বে ছিলেন চারুকলা অনুষদের সহকারী শিক্ষক শহীদ কাজি। প্রদর্শনীতে তারও একটি কাজ রয়েছে। তার সঙ্গে কথা হল চিত্রকলার আলোচনায় পুনরুৎপাদনের বিষয়টি নিয়ে।

“মূলত অ্যাপ্লিকেশনটি ভুল-ত্রুটি, সুযোগ-সুবিধা যাছাই-বাছাই করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। আমাদের শিক্ষার্থীরা এ থেকে নতুন প্রযুক্তির ব্যবহার শিখতে পেরেছে। এমনিতেও বর্তমান সময়ের তরুণরা অনেক রকম প্রযুক্তি ব্যবহার করে। সুতরাং এটি আঁকিয়ের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিবে। এটা সত্যি যে, প্রযুক্তির এই ব্যবহার চিত্রকলায় তার “অরা (aura)” হারাবে, কিন্তু কর্মক্ষেত্রে অনেক সহায়তা করবে।”                  

প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন– শহীদ কাজি, বিশ্বজিৎ গোস্বামী, আফরোজা হোসেন, তানজিনা হোসেন, অন্তরা মেহরুখ আজাদ, তানজীব হোসেন তন্ময়, ইমতিয়াজ হোসেন রাসেল, আবু সুফিয়ান, সোহরাব রাব্বী, মিশকাতুল আবির, ফিওনা খান, ফারহানা সারওয়ার, জ্যোতি বিশ্বাস ও আরাফাত করিম।

চারুকলার শিক্ষার্থী ও প্রদর্শনীতে অংশ নেওয়া কয়েকজন শিল্পীর সঙ্গে কথা বলে জানা গেলো, প্রযুক্তির এই ব্যবহারকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন তারা। শিল্পচর্চার কোনো ব্যাঘাত ঘটবে, প্রযুক্তির এমন ব্যবহারে এমনটা মানতে নারাজ তারা।

জয়নুল আর্ট গ্যালারির ঠিকানা: চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা – ১০০০।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।