২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট শিল্প বড় অনুভূতি

ঢাকায় মিনিয়েচার আর্টের আন্তর্জাতিক প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 05:14 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

শিল্পের সমঝদার চোখ বড় ক্যানভাস দেখে অভ্যস্ত। ছবি আঁকা থেকে শুরু করে, ভাস্কর্য নির্মাণ কিংবা ‘ইনস্টলেশন’য়ের জন্যও বড় জায়গা নিয়ে কাজ করতে ভালোবাসেন অধিকাংশ শিল্পী। তারপরও ব্যতিক্রম রয়ে যায়। এখনও নির্বাসিত হয়নি ‘মিনিয়েচার আর্ট’য়ের মতো একটু ভিন্ন ঘরানার শিল্প চর্চা।

ঐতিহ্যগতভাবে মোঘল কিংবা ‘ওরিয়েন্টাল আর্টে’য়ের উপস্থিতিও বেশ রাজসিক। এমনই এক শিল্প মাধ্যমকে আরও জনপ্রিয় করতে পাশাপাশি বাংলাদেশের শিল্পকলা চর্চাকে আরও এগিয়ে নিতে, ঢাকায় শুরু হয়েছে পঞ্চম টোন ইন্টারন্যাশনাল মিনিয়েচার আর্ট বিয়েনাল ২০১৫।

১৩ এবং ১৪ নভেম্বর আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী শেষ হলেও, চলছে শিল্পকর্ম প্রদর্শনী।   

১৯৮৮ সালে যাত্রা শুরু করবার পর, একই বছর আন্তর্জাতিক আয়োজন করে টোন আর্ট সোসাইটি অব বাংলাদেশ। এরপর ১৯৯০, ১৯৯২ ও ১৯৯৮ সালে আরও তিনটি আয়োজন করেছিল টোন সোসাইটি। এরপর একটা লম্বা বিরতি নিয়ে, এবার বাংলাদেশে মিনিয়েচার আর্টের একমাত্র আন্তর্জাতিক আয়োজন করেছে তারা। একেবারেই বেসরকারি উদ্যোগ এটি।

২৭ দেশের ৩২৫ জন শিল্পী এবারের এই আন্তর্জাতিক শিল্পকলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আর চিত্রকে ৩২৪টি ও অ্যাথেনা গ্যালারিতে প্রায় ৩৫০টি শিল্পকর্ম নিয়ে আয়োজিত হচ্ছে এবারের প্রদর্শনী।

পুরো আয়োজন সম্পর্কে বলতে গিয়ে টোন সোসাইটির সভাপতি খালিদ মাহমুদ মিঠু জানালেন এমন সব তথ্য।

বাংলাদেশের সমকালীন শিল্পকলা চর্চার গুরুত্বপূর্ণ এই আয়োজনে অংশ নিয়েছেন ফিনল্যান্ড, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, ভারত, স্পেন, নেপাল, নেদারল্যান্ডস, কাতার, যুক্তরাষ্ট্র, মায়ানমার, যুক্তরাজ্য, কানাডা, সাইপ্রাস, সার্বিয়া, ইতালি, দক্ষিন আফ্রিকা, লেবানন, সিঙ্গাপুর, চীন, হংকং, আয়ারল্যান্ড, স্লোভাকিয়া, আর্মেনিয়া, ডেনমার্ক, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের শিল্পীরা।

চালের উপর আঁকা ছবি দিয়ে এবারের আয়োজনে আলোড়ন তুলেছেন পলাশউদ্দিন খলিফা। পুরষ্কারও জিতেছেন।

তিনি বলেন, “অর্থনৈতিক কারণে আসলে এই পথে আসা আমার। খুলনা আর্ট কলেজে পড়বার সময় টাকার অভাবে চর্চার জন্য রং কিনতে পারতাম না। তবে ক্লাসের কাজের জন্য রং পেতাম। পরে এক সময় চিন্তা করে সেই ক্লাসের রং দিয়েই মিনিয়েচার ফরম্যাটে কাজ করা শুরু করলাম। এরপর থেকে আর অন্য কিছু করিনি।”

অন্যদিকে আরেক পুরষ্কার বিজয়ী লুৎফুন নাহার অবশ্য শুধু যে মিনিয়েচার আর্টেরই চর্চা করেন তা নয়। তবে পাঁচ বাই পাঁচ ইঞ্চি ফরম্যাটে ছবি আঁকাও উপভোগ করেন তিনি।

তার কথায়, “আমি নিয়মিতই এই ফরম্যাটে ছবি আঁকি। নিজের কাজের মধ্য দিয়ে সময়কে ধরে রাখার চেষ্ঠা করি। আর এজন্য সেমি অ্যাবস্ট্রাক্ট ও ফিগারিটেটিভ কাজেই ঝোঁক বেশি আমার।”

এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার জেতা শিল্পীরা হলেন বাংলাদেশের মোহাম্মদ রবিন, এএইচ ঢালি তমাল, মো. আলাউদ্দিন, শ্যামল চন্দ্র সরকার, কামরুজ্জামান, ইশতিয়াক সাকিব, ফাদেয়া শাহনাজ, আরাফাত করিম, জয়ন্ত সরকার জন, মোঃ রাশেদ আলম, মোঃ আব্দুল মোমেন মিল্টন, আমিত নন্দী, সাবা সুমাইয়া।

ভারতের শর্মিলা অরবিন্দ,  স্পেনের ইভা চুং ফাক্স, সাইপ্রাসের আনেত্তা স্টিলানু এবং যুক্তরাষ্ট্রের রেমন্ড শাভোর।      

প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলেও অতিথি শিল্পী হিসেবে আবদুস বাসেত, মুস্তাফা মনোয়ার, রফিক্যন নবী, সমরজিৎ রায় চৌধুরী, হামিদুজ্জামান খান, আবুল শাকুর শাহ, নাসরিন বেগম, আইভী জামান, কনক চাঁপা চাকমাসহ টোন আর্ট সোসাইটি অব বাংলাদেশের এক্সিকিউটিভ সদস্যদের কাজও প্রদর্শিত হচ্ছে এই আয়োজনে।

পাশাপাশি এবারের উৎসব শিল্পাচার্য জয়নুল আবেদিনকে উৎসর্গ করে তাঁর আঁকা একটি ছবিও রাখা হয়েছে প্রদর্শনীতে।

আয়োজকদের আশা, এমন আয়োজনের মধ্য দিয়ে প্রায় ভুলতে বসা মিনিয়েচার আর্টের চর্চাকে আবারও রঙ্গমঞ্চে হাজির করা সম্ভব হবে। একই সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বাংলাদেশের শিল্পচর্চার না জানা গল্প।    

১৩ নভেম্বর গ্যালারি চিত্রক ও পরদিন অ্যাথেনা গ্যালারিতে শুরু হওয়া এই প্রদর্শনী দুটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত। 

ঠিকানা: অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টস— এজে হাইটস, ৭২/১/ডি (২য় তলা), প্রগতি স্মরণী, উত্তর বাড্ডা, ঢাকা ১২১২। গ্যালারি চিত্রক—  রাস্তা ৬, বাড়ি ৪, ধানমণ্ডি, ঢাকা ১২০৬।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।