ক্রোমাটিক ডিলিউশান্স
শিল্পী মাকসুদা ইকবাল নীপার একক চিত্র প্রদর্শনী।
৩১ অক্টোবর ঢাকার গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয়েছে শিল্পী মাকসুদা ইকবাল নীপার একক চিত্র প্রদর্শনী ‘ক্রোমাটিক ডিলিউশান্স’।
এই আয়োজন, ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
“বিশ্বজুড়ে যে সংঘাত চলছে তার বিরুদ্ধে সাংস্কৃতিক আয়োজনগুলো এক ধরনের লড়াই। বর্তমান সময়ে চিত্রশিল্পী মাকসুদা ইকবাল নীপার প্রদর্শনী ঠিক এমনই একটা আয়োজন।” প্রদর্শনী সম্পর্কে বলতে গিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়োদন।
বিমূর্ত ধারায় শিল্পী নীপার পরিচিতি তার আকর্ষণীয় রঙিন কম্পোজিশনের জন্য। তার বড় ক্যানভাসের কাজ কখনও কখনও ধূসর হলেও, কম্পোজিশন আরও সাবলীল।
শিল্প সমালোচক জাভেদ জলিলের ভাষায়, “রঞ্জক আর ক্যানভাস পৃষ্ঠ নীপার যাত্রার প্রারম্ভ বিন্দু।”
বেশ একটা লম্বা সময় ধরে শিল্পী নীপার কাজ দেখছেন শিল্প সংগ্রাহক দূর্জয় রহমান।
তার কথায়, “বিমূর্ত চিত্র নিয়ে সমসাময়িককালে যারা কাজ করছেন তাদের মাঝে নীপা অগ্রগণ্য। নিজের বিমূর্ত ধারণার সাথে আধুনিক কলা-কৌশল মিলিয়ে অপূর্ব উপস্থাপনা তার। কাজ দেখে এক ধরনের আনন্দ পাওয়া যায়। এটাই শিল্পী নীপার কাজের বিশেষত্ব।”
“আমার কাছে মনে হয়েছে ওর আগের প্রদর্শনীর চেয়ে এবারেরটা একটু ভিন্ন। নীপা বরাবরই রংয়ের উপর জোর দেয়। তবে এবার মনে হচ্ছে টেক্সচার গুরুত্ব পেয়েছে। এর অর্থ জানতে চাওয়া সার্থক হবে না বরং ভালো লাগছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ।” বললেন এই অধ্যাপক।
তেল রং করা নীপার কাজে রংয়ে ব্যবহার মুগ্ধতা তৈরি করবে। তার প্রতিটি বিন্দু কণা যেন একেকটা মনস্তাত্ত্বিক বার্তাবাহক। এক এক করে রঞ্জিত করে যাবে চোখকে। ‘কালার অ্যান্ড টেক্সচার ইন মাইন্ডস্কেপ’, ‘সারফেস’, ‘টেক্সচার অ্যান্ড কালার ইন মাইন্ডস্কেপ’, ‘কালারস অব ডিলিউশান্স’, ‘বিনিথ দ্য সারফেস’, ‘থ্রু লাইট’, ‘থ্রু কালার’ পাদটিকায় ছবিগুলোকে মনে হতে পারে পাখির মতো। যেন রংয়ের আকাশ ছুঁতে চায় তারা।
বাংলাদেশের বিমূর্ত চিত্রকলার অব্যাহত চর্চাকে আরও সমৃদ্ধ করবে মাকসুদা ইকবাল নীপার প্রদর্শনী, আর প্রশ্নাতীত সেই যাত্রায় আগ্রহীদের অনুপ্রাণিত করবেন শিল্পী।
বেঙ্গল আর্ট লাউঞ্জের ঠিকানা: ৬০, গুলশান এভিনিউ, গুলশান ১, ঢাকা ১২১২।
ছবি: ফায়হাম ইবনে শরীফ।
