২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকাসো

খাদ্য যেখানে শিল্প।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 01:09 AM

Updated : 12 Oct 2022, 04:13 PM

তেজগাঁও আবাসিক এলাকার রহমান রেগনাম টাওয়ারের ১২, ১৩, ১৪ তলায় চালু হয়েছে পিকাসো রেস্তোরাঁ। কাচঘেরা ১২ ও ১৩ থেকে চোখে পড়বে আঁকাবাঁকা হাতিরঝিলের সৌন্দর্য।

রাতের বেলা এই দৃশ্যটা সত্যি দেখার মতো। আর ১৪ তলায় খোলা আকাশ, এখান থেকে ঢাকা শহরের দৃশ্য দেখতে নেই কাঁচের দেয়ালের বাধাটুকুও। রেস্তোরাঁর দেয়ালে শোভা পাচ্ছে দেশের বিভিন্ন তরুণ শিল্পিদের হাতে আঁকা ছবি। সঙ্গে আালাদা শৈল্পিক মাত্রা যোগ করে রেস্তোরাঁর নানান রংয়ের আলোর কারসাজি।    

রেস্তোরাঁর ১২তলা কয়েকটি অংশে ভাগ করা। মূল ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়বে ওপেন কিচেন, পাশেই কফি ও জুস কর্নার। উল্টা পাশেই ছোট পরিসরে একটি ভিআইপি লাইঞ্জ। ভেতরের অংশে সোফা সেটে সাজানো। পার্টির আয়োজন করতে চাইলে সোফা সেট সরিয়ে দেওয়া যাবে বলে জানালেন রেস্তোরাঁর পিআর অ্যান্ড মার্কেটিং কনসালটেন্ট তারেক সিদ্দিকি।

১৩ তলায় ওঠার সিঁড়িতে চোখ পড়বে দেশি শিল্পীদের হাতে আঁকা ছবিগুলো। চাইলে কিনতেও পারেন ক্রেতারা, জানালেন পিআর বিভাগের সাদিয়া দোহা।

ছবি আছে ১৩ তলার ভেতরের অংশেও। আরও আছে দেয়ালের খাঁজে সাজানো পুরানো আমলের হুক্কা, কাঁচের প্রদীপ ইত্যাদি। সবগুলো টেবিলেই মিলবে একটি করে কাঁচের প্রদীপ।

এছাড়াও প্রায় প্রতিটি সোফা সেটের পাশে দেয়ালে লাগানো কিংবা দাঁড় করানো অবস্থায় আছে ল্যাম্প পোস্ট। প্রাকৃতিক আবহ রাখতে সুযোগ বুঝে বসানো হয়েছে গাছও।

পুরো রেস্তোরাঁর সম্ভবত সবচাইতে আকর্ষণীয় স্থান এর ছাদ। জাহাজের আদলে তৈরি এই অংশের নাম রাখা হয়েছে ব্ল্যাক পার্ল। তবে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ব্ল্যাক পার্লের মতো জরাজীর্ণ নয় এই ব্ল্যাক পার্ল। নেই কোনো জলদস্যুও।

শুধু রাতের বেলা রেলিং ধরে ১৪ তলার উপর থেকে ঢাকার সৌন্দর্য ক্যাপটেইন জ্যাক স্প্যারোর অভাব বেমালুম ভুলিয়ে দিতে সক্ষম। ছোট্ট একটি সুইমিং পুলও আছে এই অংশে।

পুল ব্যবহার করতে পুরা তলাটি ভাড়া করতে হবে এমন কোনও কথা নেই। তবে অপরিচিত মানুষের সামনে সুইমিং পুলে সাঁতার কাটতে আপনার আপত্তি না থাকলে অনায়াসেই নেমে যেতে পারেন।

পুরো রেস্তোরাঁয় সবমিলিয়ে ৫শ’ জনের বসার ব্যবস্থা আছে। আছে ওয়াইফাই সুবিধাও।

খাবারের ব্যাপারে কথা হল প্রধান শেফ সোলায়মান পাটওয়ারির সঙ্গে।

তিনি বললেন, “আমরা মূলত কন্টিনেন্টাল খাবারের উপরেই বেশি জোর দিচ্ছি। এছাড়াও দেশীয় স্বাদের সঙ্গে সামঞ্জস্য রেখে মেক্সিকান, অ্যারাবিয়ান, স্প্যানিস খাবারও মিলবে।

তিনি আরও বলেন, “দুপুর সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমরা বলছি ‘হ্যাভেনলি আওয়ার’, এই সময়ে আমার টাকোস, নাচোস, শর্মা, কাবাব ইত্যাদি হালকা খাবার পরিবেশন করছি। এছাড়া ভোজন রসিকেদের জন্য বুটিক কিচেন সুবিধাও রয়েছে। চাইলেই মেন্যুর বাইরে নিজের পছন্দ কিংবা শেফের পছন্দ অনুযায়ী খাবার বানিয়ে নেওয়ার সুযোগ থাকছে।”

অভিজাত রেস্তোরাঁ হলেও দামটা আকাশচুম্বি নয়।

তারেক সিদ্দিকি বলেন, “দুপুরের খাবার খেতে জনপ্রতি খরচ হবে ৫শ’ টাকার মধ্যে। আর রাতের খাবারে মাথাপিছু খরচ হবে ১ হাজার ৫শ’ টাকা। পাশাপাশি বিশেষ উপলক্ষ্যগুলোতে পার্টির পরিকল্পনাতেও সাহায্য করি আমরা।”

ছবি: পিকাসোর সৌজন্যে।