২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নামিল শ্রাবণ সন্ধ্যা’

ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভাস্কর্য প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 06:49 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

ধানমণ্ডির বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে চলছে এক অনন্য শিল্প প্রদর্শনী। তবে ঢুকে একটু এদিক ওদিক তাকাতেই চোখে পড়বে দেয়ালে ঝোলানো একটি শিল্পকর্ম। শিরোনাম ‘দুই বোন’। মিশ্র মাধ্যমে করা কাজ। এমনিতেই নিজের আলোয় উদ্ভাসিত এই শিল্পী। তবে দুই বোনের মাঝে যেন অন্য কিছু একটা আছে।

“আমার মেয়েরা হয়ত এক্ষেত্রে এক ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। ওরা দুই বোন। ওদের দেখেও তো আমি কতকিছু শিখছি। তাই ফর্মটা মাথায় আসার পরই কাজটা করে ফেলি। প্রায় নয় বছর ধরে শিল্পকর্মটি আমার কাছে আছে। কাউকে দেইনি। ও হ্যাঁ রবীন্দ্রনাথের ‘দুই বোন’ লেখাটাও হয়ত কিছুটা প্রভাব ফেলেছে এখানে। আর চা পাতা দিয়ে কাজটি করেছি আমি।” 

যাকে নিয়ে এত আলোচনা তিনি ভাস্কর, মুক্তিযোদ্ধা ও একজন সংগ্রামী মানুষ। তার নাম ফেরদৌসী প্রিয়ভাষিণী। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে ধারাবাহিকভাবে নানান আয়োজন করে চলেছে এই প্রতিষ্ঠান।

সেটারই অংশ হিসেবে শুরু হয়েছে শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর ‘নামিল শ্রাবণ সন্ধ্যা’ শিরোনামে ভাস্কর্য প্রদর্শনী। ৭ অগাস্ট শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২২ অগাস্ট পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই আয়োজন। 

পুরো আয়োজনে প্রদর্শিত শিল্পকর্মের সংখ্যা ৮১টি। তবে শুধু সংখ্যা দিয়ে বিবেচনা করলে, শিল্পী প্রিয়ভাষিণীর কাজকে এক ধরনের অবমাননাই করা হবে। কারণ যে শুধু ‘সংখ্যাতত্ব’কে উপেক্ষা করা তা নয়। বরং প্রিয়ভাষিণীর প্রথাবিরুদ্ধ এই শিল্প আয়োজনও।

গ্যালারি ঘুরে দেখলে বোঝা যায়, প্রকৃতির কতটা কাছাকাছি বাস করেন শিল্পী। সারা বিশ্বে যখন প্রাণ-প্রকৃতি রক্ষায় নানা উদ্যোগ নেয়া হচ্ছে, তখন আমাদের দেশেই হয়ত উন্নয়নের নামে ধ্বংস হচ্ছে প্রকৃতির স্বাভাবিক বিকাশ।

সেজন্যই বদ্ধ গ্যালারির ভিতরে, প্রদর্শিত শিল্পকর্মের মাঝে সাজিয়ে রাখা ছোট ছোট গাছ বা গাছের অংশবিশেষ কিংবা শিল্পকর্মের অংশ হিসেবেই বেড়ে উঠা ঘাসগুলো প্রাণের সঞ্চার করে। হয়তবা একেই বলে ‘মাদার আর্থ’।

এমনিতেই স্টুডিও করতে না পারা, অর্থের সংকুলান না হওয়া কিংবা সময় ও শ্রমের বোঝাপড়া করতে না পারা— এগুলো আমাদের দেশের ভাস্করর্যচর্চার একধরনের অন্তরায় হিসেবে রয়েই গেছে।

তার মাঝেও যে কজন শত বাধার মাঝেও এদেশের ভাস্কর্য চর্চাকে এগিয়ে নিয়ে গেছেন তাদের মাঝে প্রিয়ভাষিণী অগ্রগন্য নাম। প্রথাগত শিক্ষাও নেওয়ার সুযোগ হয়নি তার ভাস্কর্য শিল্পের উপর। তারপরও স্বাধীনতা যুদ্ধে, বিজয় ছাড়া অমানুষিক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার কথা ভুলে ১৯৭৪ সাল থেকেই ভাস্কর্য চর্চায় নিবিষ্ঠ রেখেছেন নিজেকে।

সিলেটে থাকার সে সময়টায় ভোরের চেরাপুঞ্জি পাহাড় দেখে ভাস্কর্য গড়বার অনুপ্রেরণা পেতেন শিল্পী। বাংলাদেশের শিল্পের বাজারটা খুব বড় না হওয়ায়, এই অনিশ্চিত যাত্রায় পা বাড়ানোটা সহজ ছিল না তার জন্য। তবে তার করা কঠিন-কঠোর ‘ফিগারিটেটিভ’ কাজগুলোর মতোই, শক্ত হাতে নিজের সাধনা চালিয়ে গেছেন তিনি।

“আসলে বেঁচে থাকবার জন্যই কাজগুলো বিক্রি করতে হয় আমাকে, না হলে সত্যিই এগুলো হাতছাড়া করতাম না। তবে এটাও মানতে হবে, কাজ বিক্রি করার মাঝে আমার যেমন স্বত্ব ত্যাগ করবার ব্যাপার আছে, ঠিক তেমনি যারা কিনছেন তাদেরও কিন্তু বড় মাহাত্ম আছে। কিনে নেওয়ার পর কোনো কোনো কাজ দেখে তারাও নিশ্চয়ই কষ্ট পান।”

তিনি আরও বলেন, “তবে আমি উনাদের অসম্ভব শ্রদ্ধা করি। কারও কাছে থাকা কোনো শিল্পকর্মের কোনো ক্ষতি হয়েছে খবর পেলে, নিজে থেকে ঠিক করে দেই।”

রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাস আর সুকান্ত ভট্টাচার্যে ভর করে বেড়ে উঠা প্রিয়ভাষিনীর জন্য শিল্পকর্মের মধ্য দিয়ে নিজের মনের কথা প্রকাশ করাটাই সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। আর সেজন্যই ঘুরে বেরিয়েছে পথে-প্রান্তরে, অলিতে গলিতে।

“কেউ কেউ বলে আমি কাজের মাধ্যম পালটে ফেলেছি। আসলে তা নয়। আমি আমার মাধ্যমেই আছি। তবে ফর্মটা পাল্টাতে চাই। আসলে আমি সবসময়ই ফর্ম খুঁজে বেড়াই। হয়ত বাইরে কিছু একটা দেখে আগ্রহ জাগলো, বাসায় ফিরেই সেটা নিয়ে বসে গেলাম। আমার মনে আছে একদিন ঘরের মাঝে দেয়ালে আলো আঁধারির খেলা দেখতে দেখতে সেখানে আমি রবীন্দ্রনাথকে আবিষ্কার করেছিলাম। পরে আমি সেই ফর্মটাতেই রবীন্দ্রনাথকে ধরে রাখতে পেরেছি।”

‘শ্রমিকের ছন্দ’, ‘মাদার তেরেসা’, ‘একান্ত সময়’, ‘ভবঘুরে’, ‘একাত্তরের নারী’, ‘সাহসী ব্যক্তিত্তব’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘মিছিল’ কিংবা ‘থাইল্যান্ডের অরণ্যে নিক্ষিপ্ত হতভাগ্য’ – শিল্পকর্মের নামগুলোর মাঝেই আঁচ পাওয়া যায়, প্রিয়ভাষিণীর শিল্পের অনুপ্রেরণা।

সমকালীন ঘটনার পাশাপাশি ঐতিহাসিক পটভুমি, মানুষের একান্ত ব্যক্তিগত অভিপ্রায় কিংবা সামষ্ঠিক চেতনা এমনতর নানান বিষয়েই কাজ খুঁজে পাওয়া যাবে প্রদর্শনীতে। বরাবরই টুকরা কাঠ, গাছের গুঁড়ি, শেকড়-বাকড়, লোহার টুকরা থেকে শুরু করে নানারকম উপাদানের উপরই কাজ করে থাকেন।

এবারও তার ব্যতিক্রম হয়নি। কাজের সঙ্গে সঙ্গে নিজের মানসিক দৃঢ়তাটাও ধরে রেখেছেন বজ্রকঠিনভাবে। মাত্র কদিন আগেই হুমকি পেয়েছেন সন্ত্রাসীদের কাছ থেকে। তবে সে বিষয়ে একেবারেই বলতে চাইলেন না এক বাক্যের পরে,

“একাত্তর যে দেখেছে তার কাছে এসব কোন ব্যাপার হতে পারে?”

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের ঠিকানা: বাসা ৪২, রাস্তা ১৬ (নতুন), শেখ কামাল সরণি, ধানমণ্ডি, ঢাকা ১২০৯।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।