২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মটরশুঁটি দিয়ে তেলতেলে রুই

যারা স্বাস্থ্য কমাতে চান, তাদের জন্য নয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 11:43 AM

Updated : 25 Apr 2022, 01:43 PM

রেসিপি দিয়েছেন ফারহানা রহমান।

উপকরণ

বড় রুই মাছের ৬টি টুকরা। ১ টেবিল-চামচ আদাবাটা। ১ টেবিল-চামচ রসুনবাটা। ২ টেবিল-চামচ পেঁয়াজবাটা। ১ টেবিল-চামচ পেঁয়াজকুচি। ১ চা-চামচ হলুদগুঁড়া। দেড় টেবিল-চামচ মরিচগুঁড়া। ১ চা-চামচ জিরাগুঁড়া। ৩টি আস্ত শুকনামরিচ। আধা কাপ আধা সিদ্ধ মটরশুঁটি। লবণ স্বাদ মতো। আধা কাপের একটু বেশি তেল।

পদ্ধতি

মাছ খুব ভালোমতো ধুয়ে সামান্য লবণ, মরিচগুঁড়া, জিরাগুঁড়া ও হলুদগুঁড়া দিয়ে মাখিয়ে নিন। এবার ছড়ানো পাত্রে সবটুকু তেল ঢেলে দিন। তেলে মাছ হালকা করে ভেজে তুলে ওই তেলেই পেঁয়াজকুচি ও শুকনামরিচ ভেঙে দিন।

পেঁয়াজকুচি বাদামি হয়ে আসলে বাটা মসলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভাজুন। এরপর একটু পানি দিন। সব গুঁড়ামসলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিন।

মসলা খুব ভালো করে কষাতে হবে। তারপর মসলা যখন তেলের উপর উঠবে তখন মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ কষিয়ে অল্প পানি দিয়ে ভাজা মাছগুলো ছেড়ে দিন।

হালকা করে নেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে তেল বের হলে চুলা বন্ধ করুন।

গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

সমন্বয়ে: ইশরাত মৌরি।

কই মাছের পাতুরি

সবজি দিয়ে মাছের মাথা

বেগুনে ভাজা মাছ