Published : 31 May 2026, 06:54 PM
যেটা ছিল একসময় ‘বোকা বাক্স’, এখন সেটাই মানুষের জীবনে ফিরে এসেছে ‘স্মার্ট’ হয়ে।
বর্তমান সময়ে বিশ্বজুড়ে বিনোদনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেট সংযুক্ত স্মার্ট টিভি। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে, এই আধুনিক যন্ত্র কি সাধারণ টিভির চেয়ে বেশি বিদ্যুৎ গিলে নিচ্ছে?
আন্তর্জাতিক পরিবেশ ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সাম্প্রতিক বিভিন্ন গবেষণা ও ল্যাব টেস্ট, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এনেছে।
যুক্তরাষ্ট্রের পরিবেশবাদী সংস্থা ‘ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিলে’র গবেষক নোয়াহ হোরোভিটজ, তার ল্যাব টেস্টে দেখিয়েছেন, স্মার্ট টিভির আসল কারসাজি লুকিয়ে থাকে এর 'স্ট্যান্ডবাই মোড'-এ।
রিমোট দিয়ে টিভি বন্ধ করার পরও, স্ক্রিন দ্রুত চালু করার জন্য এই স্মার্ট টিভিগুলো এক ধরনের ছদ্মবেশী বিদ্যুৎ বা ‘ভ্যাম্পায়ার পাওয়ার’ টানতে থাকে।
‘স্মার্ট ওয়েক’ বা ভয়েস কমান্ডের ফিচার চালু থাকলে, স্ট্যান্ডবাই মোডের বার্ষিক বিদ্যুৎ খরচ প্রায় ৭৬ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
মার্কিন সরকারের 'এনার্জি স্টার' এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ ডেটা অনুযায়ী, টিভির 'স্মার্ট' ফিচারের চেয়েও বিদ্যুৎ বিলের ওপর বেশি প্রভাব ফেলে স্ক্রিনের আকার এবং রেজোলিউশন।
যেমন, একটি ‘ফোর কে’ বা ‘এইট কে’ স্মার্ট টিভি, সাধারণ এইচডি টিভির চেয়ে প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ বেশি বিদ্যুৎ শোষণ করে, যা ডিসপ্লে প্রযুক্তির কারণে ঘটে।
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)-এর ‘ডিজিটাল অ্যাপ্লায়েন্স এনার্জি’ গাইডলাইন অনুযায়ী, সার্বক্ষণিক ওয়াই-ফাই ও ক্লাউড সিঙ্ক চালু থাকায় স্মার্ট টিভিগুলো, সাধারণ নন-স্মার্ট টিভির তুলনায় গড়ে ৫ থেকে ২০ ওয়াট বেশি বিদ্যুৎ ব্যবহার করে।
৩টি ব্র্যান্ডের স্মার্ট টিভির বিদ্যুৎ সাশ্রয়ী সেটিংস
স্মার্ট টিভি ব্র্যান্ডগুলো বিদ্যুৎ অপচয় রোধে নিজস্ব অপারেটিং সিস্টেমে কিছু ফিচার যুক্ত করে। প্রযুক্তি সাময়িকী ‘সিএনইটি’র বিশেষজ্ঞরা এই সেটিংসগুলো চালু রাখার পরামর্শ দিয়েছেন।
স্যামসাং স্মার্ট টিভি
স্যামসাং টিভিতে বিদ্যুৎ খরচ কমাতে এর ‘পাওয়ার অ্যান্ড এনার্জি সেভিংস’ অপশনটি দারুণ কার্যকর।
পদ্ধতি: রিমোটের হোম বাটন চেপে সেটিংসে গিয়ে জেনারেল সিলেক্ট করতে হবে। সেখানে পাওয়া যাবে ‘পাওয়ার অ্যান্ড এনার্জি সেভিংস’।
এই অপশনে গিয়ে ‘ব্রাইটনেস অপটিমাইজেইশন’ চালু করে দিলে, ঘরের আলোর সাথে সামঞ্জস্য রেখে স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে বিদ্যুৎ সাশ্রয় করবে।
এলজি স্মার্ট টিভি
এলজি-র ওয়েবওএস চালিত টিভিগুলোতে রয়েছে বিশেষ ইকো মোড।
পদ্ধতি: রিমোটের সেটিংস বা গিয়ার আইকন দেওয়া বাটন চাপুন। অল সেটিংসে গিয়ে, জেনারেল অপশনে যেতে হবে।
এখান থেকে ‘এনার্জি সেভিং মোড’ বা ‘এনার্জি সেভ মোড’-এ গিয়ে পছন্দমতো সাশ্রয় মাত্রা যেমন, ‘অটো’, ‘মিডিয়াম’ বা ‘হাই’ নির্ধারণ করতে হবে।
এছাড়া অডিও শোনার সময় বিদ্যুৎ বাঁচাতে ‘স্ক্রিন অফ’ ফিচারটি ব্যবহার করা যেতে পারে।
সনি ব্রাভিয়া স্মার্ট টিভি
সনির আধুনিক গুগল ও অ্যান্ড্রয়েড টিভিগুলোতে পরিবেশ ও বিদ্যুৎ সুরক্ষায় একটি ‘ডেডিকেইটেড ড্যাশবোর্ড’ দেওয়া থাকে।
পদ্ধতি: রিমোটের কুইক সেটিংস বাটন চেপে, মেনু থেকে ‘ইকো ড্যাশবোর্ড’ সিলেক্ট করতে হবে। এখানে ভেতরে থাকা ‘আইডল টিভি পাওয়ার অফ’ এবং ‘ইকো ফ্রেন্ডলি’ সেটিংসগুলো অন করে দিলে, টিভি অলস বসে থাকার সময় স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং বিদ্যুৎ অপচয় রোধ করবে।
সব ধরনের স্মার্ট টিভির ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ে যেসব পদ্ধতি কার্যকর
'ইকো মোড' চালু রাখা: টিভির সেটিংসে গিয়ে ‘ইকো সেভিং’ বা ‘এনার্জি সেভিং’ মোড চালু রাখলে টিভি পারিপার্শ্বিক আলোর সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে নিজের ব্যাকলাইট ও ব্রাইটনেস নিয়ন্ত্রণ করে, যা বিদ্যুৎ খরচ ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়।
অপ্রয়োজনীয় স্মার্ট ফিচার বন্ধ রাখা: যদি রিমোটের মাধ্যমেই টিভি অন-অফ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে টিভির সেটিংসে গিয়ে ‘ইন্সট্যান্ট অন’, ‘কুইক স্টার্ট’, ‘অলওয়েজ অন ভয়েস অ্যাসিসট্যান্ট’ বা ‘ওয়েক অন ওয়াই-ফাই’ ফিচারগুলো বন্ধ করে দিতে হবে। এতে স্ট্যান্ডবাই মোডের অপচয় কমে আসবে।
অডিও মোডে স্ক্রিন বন্ধ রাখা: টিভিতে যখন শুধু গান, পডকাস্ট বা খবর শোনা হয়, মানে দেখার প্রয়োজন হয় না তখন টিভির ‘স্ক্রিন অফ’ বা ‘অডিও অনলি’ অপশনটি থাকলে ব্যবহার করা যায়।
স্ক্রিন বন্ধ থাকলে শক্তি খরচ প্রায় ৮০ শতাংশ পর্যন্ত হ্রাস পায়।
সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা: দীর্ঘ সময় বা কয়েকদিনের জন্য বাড়ি থেকে দূরে কোথাও বেড়াতে গেলে, টিভির মূল পাওয়ার সুইচ বন্ধ করে মেইন প্লাগটি সম্পূর্ণ আনপ্লাগ করে রাখতে হবে। এতে 'ভ্যাম্পায়ার পাওয়ার' বা ছদ্মবেশী বিদ্যুৎ অপচয় শূন্যে নেমে আসবে।
আরও পড়ুন
মোবাইল ফোন ‘হ্যাং’ করার যত কারণ
দেড় টন এসিতে মাসে কত টাকা বিল?
ফোন কিনতে গিয়ে ‘ওয়াটারপ্রুফ’ নাকি ‘ওয়াটার রেজিস্ট্যান্ট’?