২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

লক্ষণ এক হলেও চিকেনপক্স ও হামে পার্থক্য আছে

জ্বর, গলাব্যথা, ফুসকুড়ি - লক্ষণ জানা থাকলে দুটি রোগের পার্থক্য বোঝাও সহজ হয়।

লক্ষণ এক হলেও চিকেনপক্স ও হামে পার্থক্য আছে
রাজধানীর খিলগাঁও নগর স্বাস্থ্য কেন্দ্রে এক শিশুকে দেওয়া হচ্ছে হামের টিকা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 05:13 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

শিশুর শরীরে হঠাৎ লাল দানা বা ফুসকুড়ি দেখা দিলে অভিভাবকদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্বিধায় পড়েন, এটি চিকেনপক্স (জলবসন্ত) নাকি হাম?

দুটো রোগের লক্ষণ অনেকটা কাছাকাছি মনে হলেও, আসলে এরা একেবারেই ভিন্ন দুটি সংক্রামক রোগ।

ঢাকা মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইন্সটিটিউটের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জামিল আহমেদ মানিক বলেন, “চিকেনপক্স ও হাম দেখতে অনেকটা একই রকম হলেও- রোগের কারণ, ফুসকুড়ির ধরন, ছড়ানোর প্যাটার্ন এবং জটিলতায় স্পষ্ট পার্থক্য রয়েছে। সঠিকভাবে পার্থক্য জানা থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া সহজ হয়।”

চিকেনপক্স ও হামের মূল পার্থক্য

রোগের কারণ

চিকেনপক্স হয় ভ্যারিসেলা-জোস্টার ভাইরাসের কারণে। অন্যদিকে হাম হয় মিজলস ভাইরাস থেকে। দুটি ভাইরাসই অত্যন্ত সংক্রামক। তবে এদের প্রকৃতি ও প্রভাব ভিন্ন।

ফুসকুড়ির ধরন

চিকেনপক্স: ছোট ছোট পানিভরা ফোসকা বা গুটি হয়, যা তীব্র চুলকানি সৃষ্টি করে। শরীরে একই সঙ্গে বিভিন্ন ধাপের ফুসকুড়ি দেখা যায়— কিছু নতুন, কিছু শুকিয়ে যাওয়ার পথে।

হাম: লালচে, সমতল বা খসখসে দানা হয়, যা সাধারণত চুলকায় না। ফুসকুড়ি একসঙ্গে ছড়িয়ে পড়ে।

ফুসকুড়ি ছড়ানোর ধরন

চিকেনপক্স: সাধারণত বুক, পিঠ বা মুখ থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে।

হাম: কানের পেছন বা চুলের গোড়া থেকে শুরু হয়ে ধীরে ধীরে নিচের দিকে ছড়ায়।

অন্যান্য লক্ষণ

চিকেনপক্স: হালকা থেকে মাঝারি জ্বর, শরীর ম্যাজম্যাজ করা, প্রচণ্ড চুলকানি।

হাম: উচ্চমাত্রার জ্বর, তীব্র সর্দি-কাশি, চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া এবং মুখের ভেতরে সাদা দাগ (কপলিক স্পট) দেখা যায়।

হাম সাধারণত চিকেনপক্সের চেয়ে বেশি সংক্রামক, জটিল এবং বেশি গুরুতর হতে পারে।

কখন চিকিৎসকের কাছে যাবেন

যদি শিশুর জ্বর খুব বেশি হয়, শ্বাসকষ্ট দেখা দেয়, ফুসকুড়ি দ্রুত ছড়িয়ে পড়ে বা শরীরে দুর্বলতা দেখা যায়, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

রক্ত পরীক্ষা, বুকের এক্স-রে বা অন্যান্য পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হয়।

প্রতিরোধের উপায়

দুটি রোগই টিকাদানের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব।

চিকেনপক্সের টিকা সাধারণত এক বছর বয়সের পর দেওয়া হয়।

হামের টিকা ৯ মাস ও ১৫ মাস বয়সে দুই ডোজ দেওয়া হয়।

যক্ষ্মা ও অন্যান্য সংক্রামক রোগের মতো, এই দুটি রোগও সংক্রমণ এড়াতে হাত ধোয়া, আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শ এড়ানো এবং টিকা নেওয়া জরুরি।

আরও পড়ুন

গরমে ফুসকুড়ি! কী করি?

প্রাকৃতিক উপাদানে মুক্তি উরুর ফুসকুড়ি

মাথার ত্বকে ব্রণ! যা করবেন এখন