১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

একলা ভ্রমণে আড্ডা জমানোর কৌশল

পন্থা জানা থাকলে ভ্রমণে গিয়েও বন্ধু পাতানো যায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 02:01 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

ভ্রমণ শুধু নতুন দৃশ্যপট দেখার অভিজ্ঞতা নয়, বরং অচেনা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের এক অনন্য সুযোগ।

তবে যারা স্বভাবগতভাবে অন্তর্মুখী বা ‘ইন্ট্রোভার্ট’, তাদের কাছে এই সুযোগ প্রায়শই চ্যালেঞ্জে পরিণত হয়।

একা ঘুরতে যাওয়ার আনন্দ পেতে চান, কিন্তু অপরিচিত কারও সঙ্গে কথা শুরু করতে গেলে জড়তা, আড়ষ্টতা বা অস্বস্তি কাজ করে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজুম মুনীরা সিফাত, যিনি নিয়মিত একা ভ্রমণ করেন, তিনি বলেন, “অন্তর্মুখী স্বভাবের মানুষের জন্য আড্ডা জমানো অসম্ভব নয়— শুধু কিছু সচেতন কৌশল অনুসরণ করতে হয়।”

নিচে তার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে কয়েকটি বাস্তবসম্মত কৌশল তুলে ধরা হল।

হোস্টেল বা হোম-স্টে বেছে নেওয়া

বিলাসবহুল হোটেলের পরিবর্তে ব্যাকপ্যাকার্স হোস্টেল বা স্থানীয় হোম-স্টে বেছে নেওয়া অন্তর্মুখী ভ্রমণকারীদের জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ। এসব জায়গায় কমন লাউঞ্জ, শেয়ার্ড কিচেন, ছাদের বারান্দা বা ক্যাফেটেরিয়া থাকে, যেখানে বিভিন্ন দেশ ও শহরের মানুষ একসঙ্গে সময় কাটায়।

রুমে একা বসে না থেকে লাউঞ্জে গিয়ে বই পড়তে বসুন বা ল্যাপটপ খুলে কাজ করুন। অন্যরা এলে স্বাভাবিকভাবেই কথা শুরু হয়ে যায়।

ডরমিটরিতে থাকলে পাশের সঙ্গীর সঙ্গে সহজেই পরিচয় হয়— ‘আজকের দিনটা কেমন কাটল?’ এমন সাধারণ প্রশ্ন দিয়েই আলাপ জমে।

এই পরিবেশে কথা বলার চাপ কম থাকে, কারণ সবাই একই উদ্দেশ্যে— ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য—একত্রিত হয়।

বর্ণনামূলক প্রশ্ন দিয়ে কথা শুরু করুন

অন্তর্মুখী মানুষের জন্য সবচেয়ে কার্যকর কৌশল হল- প্রশ্নের ধরন পরিবর্তন করা। ‘কেমন আছেন?’ বা ‘এখানে কবে এসেছেন?’—এ ধরনের প্রশ্নের উত্তর সাধারণত সংক্ষিপ্ত হয়।

এর পরিবর্তে খোলা, বর্ণনামূলক প্রশ্ন করা যেতে পারে: ‘এই জায়গাটির কোন দিকটি আপনার সবচেয়ে ভালো লেগেছে?’, ‘এখানকার স্থানীয় খাবারের মধ্যে কোনটি আপনার সুপারিশ করবেন?’ বা ‘আপনার ভ্রমণের পরিকল্পনায় পরের গন্তব্য কোথায়?’

এসব প্রশ্ন মানুষকে বিস্তারিত উত্তর দিতে উৎসাহিত করে এবং কথোপকথন স্বাভাবিকভাবে দীর্ঘায়িত হয়।

ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে মানুষ স্বভাবতই আগ্রহী হয়, ফলে নিজেকে বেশি কথা বলতে হয় না— শুধু শুনুন এবং মাঝে মাঝে প্রশ্ন করুন।

স্থানীয় উৎসব ও বাজারে শামিল হোন

স্থানীয় বাজার, মেলা বা উৎসবে যোগ দেওয়া অন্তর্মুখীদের জন্য আদর্শ। অপরিচিত পর্যটকের চেয়ে স্থানীয় দোকানদার বা বাসিন্দাদের সঙ্গে কথা বলা অনেক সহজ হয়।

কোনো জিনিসের দাম জিজ্ঞাসা করা, পথের দিকনির্দেশ চাওয়া বা কোনো খাবারের ইতিহাস জানতে চাওয়া— এসব স্বাভাবিক প্রশ্ন দিয়ে আলাপ শুরু হয়।

স্থানীয়রা নিজের এলাকা ও সংস্কৃতি নিয়ে গর্বিত থাকেন। তাই তারা স্বতঃস্ফূর্তভাবে বিস্তারিত উত্তর দেন। এতে নিজের জড়তা কমে এবং আত্মবিশ্বাস বাড়ে।

ছোট উপহার বা স্ন্যাক্স ভাগ করে নিন

খাবার ভাগ করে নেওয়া মানুষের মধ্যে দ্রুত সেতুবন্ধন তৈরি করে। ব্যাগে চকলেট, বিস্কুট, শুকনা ফল বা নিজ এলাকার বিখ্যাত কোনো খাবার রাখুন। দীর্ঘ যাত্রায় পাশের সহযাত্রীকে অথবা হোস্টেলের লাউঞ্জে কাউকে বলুন, ‘আমি এটা নিয়ে এসেছি, খেয়ে দেখবেন?’

এই ছোট অঙ্গভঙ্গি কথা শুরুর সবচেয়ে সহজ পথ। তবে অপরিচিতের দেওয়া খাবার গ্রহণের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আর নিরাপত্তার বিষয়ে থাকতে হবে সচেতন।

প্রযুক্তির সঠিক ব্যবহার: ভার্চুয়াল সংযোগ থেকে বাস্তব আড্ডা

ভ্রমণের আগে ফেইসবুক বা ট্রাভেল গ্রুপে গন্তব্যের পরিকল্পনা শেয়ার করুন। ‘আমি এই তারিখে কক্সবাজার যাচ্ছি, কেউ থাকলে একসঙ্গে ঘুরতে পারি’— এমন পোস্ট দিলে অনেকে সাড়া দেন।

গন্তব্যে পৌঁছে যাদের সঙ্গে ভার্চুয়াল পরিচয় হয়েছে, তাদের সঙ্গে সরাসরি দেখা হলে কথা বলা অনেক সহজ হয়। এছাড়া কাউকে ছবি তুলে দেওয়ার অনুরোধ করা একটি চমৎকার ‘আইসব্রেকার’।

বিনয় ও শ্রদ্ধাই আসল চাবিকাঠি

অন্তর্মুখী স্বভাবের মানুষের জন্য আড্ডা জমানোর মূল চাবিকাঠি হল- নিজেকে জোর করে বদলানো নয়, বরং স্বাভাবিকভাবে সুযোগ তৈরি করা।

সিরাজুম মুনীরা সিফাতের পরামর্শ অনুসারে- মার্জিত আচরণ, বিনয়ী মনোভাব এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাসই অচেনা মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে।

একটু সাহস ও সচেতন প্রচেষ্টায় একা ভ্রমণের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে— নতুন বন্ধুত্ব, নতুন গল্প এবং নতুন অভিজ্ঞতার সঙ্গে।

আরও পড়ুন

রিসোর্ট বা হোটেল বুকিংয়ে যেসব বিষয় খেয়াল রাখা দরকার

পদ্মার বুকে ঘুরে আসাই যায় হাউজবোটে চড়ে

বিমানের ভেতরে যে আচরণ করা যাবে না