দেশে বিস্তৃত ‘ইভি লাইনআপ’ উন্মোচন করলো মার্সিডিজ-বেঞ্জ
মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ, জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সহযোগিতায় দেশব্যাপী চার্জিং স্টেশন নেটওয়ার্ক তৈরির জন্য কাজ করছে।
মার্সিডিজ-বেঞ্জের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর র্যানকন মোটরস লিমিটেড বাংলাদেশে মার্সিডিজ-বেঞ্জ ‘ইকিউ লাইনআপ’য়ের ছয়টি ভিন্ন মডেল চালু করেছে।
প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উপলক্ষ্যে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল মার্সিডিজ-বেঞ্জের আধুনিক এবং ক্লাসিক দুই ধরনের গাড়ি নিয়ে একটি দিনব্যাপী মোটরশো।
এছাড়া আয়োজিত কনসার্টের অংশনেন ওয়ারফেজ, নেমেসিস এবং সংগীতশিল্পী প্রিতম।
আলাদা একটি আয়োজনে দেশের বিশিষ্ট ও ব্যবসায়িক ব্যক্তিত্বদের উপস্থিতিতে লেজার শোর মাধ্যমে ‘ইকিউ লাইনআপটি উন্মোচন করা হয়। এই পর্বে নেমেসিস এবং জেফারের সংগীত সমন্বিত একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী, বিভাগীয় পরিচালক ইমরান জামান খান, সিইও রেদওয়ানুল জিয়া।
অনুষ্ঠানে ইমরান জামান খান বলেন, “বৈদ্যুতিক যানবাহন স্বয়ংচালিত শিল্পের ভবিষ্যৎ। প্রযুক্তি কারও জন্য অপেক্ষা করে না। আমাদের পরিকল্পনা করে এখনই কাজে নেমে পড়া উচিত।”
তিনি আরও জানান, মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ, জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সহযোগিতায় দেশব্যাপী চার্জিং স্টেশন নেটওয়ার্ক তৈরির জন্য কাজ করছে।
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটে মোট ৭টি চার্জিং স্টেশন ‘লাইভ’ রয়েছে। ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে মোট ২১টি স্টেশনের চালুর কাজ চলমান রয়েছে।
অডি, বিএমডব্লিউ এবং বিওয়াইডির মতো অন্যান্য ব্র্যান্ডের অনুসরণে বাংলাদেশে ইভি বিপ্লবে সম্পৃক্ত হওয়ার সর্বশেষ সংযোজন হল মার্সিডিজ-বেঞ্জ। মার্সিডিজ-বেঞ্জ বর্তমানে মোট ৬টি নতুন ইভি মডেল সরবরাহ করছে। এর সাথে এখন থেকে গ্রাহকদের সবচেয়ে বিস্তৃত ইভি মডেলের সুবিধা দিতে যাচ্ছে।
