১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

হাত থেকে রান্নার গন্ধ দূর করার উপায়

কাঁচা মাছ, মাংস, মসলার গন্ধ হাতে লেগে থাকলে সারা দিনটাই অস্বস্তিতে যায়।

হাত থেকে রান্নার গন্ধ দূর করার উপায়
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2025, 01:42 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

রসুন, পেঁয়াজ দিয়ে মাংস বা মাছ মেরিনেইট করার পর হাতে গন্ধ থেকে যাওয়াটা বেশ বিরক্তিকর।

বিশেষ করে কয়েকবার সাবান দিয়ে ভালো মতো ধোয়ার পর গন্ধ না গেলে, অস্বস্তি কাজ করতেই থাকে।

তবে সাবান ছাড়াও এই গন্ধ দূর করার অনেক পন্থা রয়েছে। আর সেসব মিলবে হাতের কাছেই।

এরকমই কয়েকটি কৌশল সম্পর্কে জানানো হল কুকিস্ট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে অবলম্বনে।

লেবুর রস

বিশেষ করে মাছ ও সামুদ্রিক খাবারের গন্ধ হাত থেকে দূর করতে ভালো কাজ করে লেবুর রস। এর সিট্রিক অ্যাসিড মাছের আঁশটে গন্ধ হওয়ার জন্য দায়ী ‘অ্যামিন্স’কে রূপান্তরিত কর ‘অ্যামোনিয়াম সল্ট’য়ে। আর এটার গন্ধ মোটেই খারাপ না।

স্টেইনলেস স্টিল

শুনতে অবাক লাগলেও, স্টেইনলেস স্টিলের পাত্রে হাত ঘষেও গন্ধ দূর করা যায়। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে বিভিন্ন রন্ধনশিল্পীরা এই পরামর্শ দিয়ে থাকেন।

কফির গুঁড়া

যদি কফির সুবাস পছন্দ হয় তবে কফির গুঁড়া হাতে নিয়ে ঘষতে হবে যতক্ষণ বাজে গন্ধ দূর না হয়।

বেইকিং সোডা

বাজে গন্ধ দূর করতে বেইকিং সোডা বেশ কার্যকর। এক চা-চামচ বেইকিং সোডা হাত ধোয়ার তরল সাবানের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে।

টুথপেস্ট

শুধু দাঁত নয়, নানান ধরনের জিনিস পরিষ্কার করতে ব্যবহার করা যায় টুথপেস্ট। আর এটা হাতের বাজে দুর্গন্ধ কাটাতে পারে। টুথপেস্ট দিয়ে প্রথমে হাত ভালো মতো ঘষে ধুয়ে তারপর আবার সাবান দিয়ে ধুতে হবে।

ঠাণ্ডা পানি

গরম পানি হাতের লোমকূপ বড় করে দেয়। ফলে খাবারে ব্যবহার করা তেল ও মসলার গন্ধ ত্বকের গভীরে চলে যায়। যে কারণে হাত থেকে সহজে গন্ধ দূর হতে চায় না।

এক্ষেত্রে ঠাণ্ডা পানি দিয়ে হাত ধোয়া উচিত।

ভেষজ পাতা

পার্সলে বা পুদিনা পাতা হাতে ভালো মতো ঘষে নিলে বাজে গন্ধ দূর হবে। তারপর সাবান দিয়ে হাত ধুলেই মিলবে তাজা অনুভূতি।

লবণ

খাবার লবণ হাতে ভালো মতো ঘষে তারপর সাবান পানি দিয়ে ধুতে হবে। তবে সাবধান! হাতে কাটা-ছেড়া থাকলে লবণ ব্যবহার করা যাবে না।

গ্লাভস ব্যবহার

মাছ, মাংস, মসলা এসব ধরার আগে হাতে রাবারের গ্লাভস ব্যবহার করলে, গন্ধ লেগে থাকার সম্ভাবনা কমে যায় অনেকখানি।

অলিভ অয়েল

আদা, রসুন বা পেঁয়াজ ধরার আগে- রান্নায় ব্যবহৃত অলিভ অয়েল বা জলপাইয়ের তেল কয়েক ফোঁটা হাতে মেখে নিতে হবে। এর ফলে ত্বকের ভেতর গন্ধ ঢুকতে বাধা পাবে।

তবে বেশি তেল ব্যবহার করা যাবে না। না হলে হাত পিচ্ছিল হয়ে থাকবে তখন ছুরি ধরতে সমস্যা হবে।

আরও পড়ুন

যেসব কারণে শরীরে বিশ্রী গন্ধ হয়

ঘরের ভেতর বাসি গন্ধ দূর করার পন্থা

মুখে দুর্গন্ধ হওয়ার কারণ ও প্রতিকার