দরিদ্র শিশুদের মুখে হাসি ফোটাতে দুই তরুণীর উদ্যোগ
তখন তাদের বয়স ছিল কেবল ১৬, খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী তারা।
ওরা দুই বন্ধু, আনিকা তাহমিন (২২) ও জান্নাতুল ফেরদৌস (২২)। বেড়ে ওঠা রূপসার রূপ-লাবণ্যে ঘেরা শান্ত শহর খুলনায়। বন্ধু-আড্ডা-গান এই নিয়ে কাটছিল ওদের কৈশোর, হৈ-হুল্লোড়ে পুরোটা শহর মাতিয়ে রাখা।
কৈশোর পেরিয়ে এলো তারুণ্য। ‘তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা’ নিয়ে এলো দুরন্ত আঠারো বছর বয়স। ঠিক তখনই সুকান্তের কবিতার মতো স্পর্ধায় মাথা তুলবার ঝুঁকি নিয়ে বিরাট এক দুঃসাহস উঁকি দিল। দু’জন মিলে সিদ্ধান্ত নিল চারপাশের দরিদ্র ও ছিন্নমূল শিশুদের জন্য কিছু একটা করার।
এমনিতেই যে পারিবারিক আবহে দু’জনের বেড়ে ওঠা, সেখানে মানুষের প্রয়োজনে এগিয়ে আসার একটা শিক্ষা আগে থেকেই ছিল। কিন্তু আইডিয়াটা এলো খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়া অবস্থায়। ওদের বয়স তখন কেবল ১৬। বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিল নিজেদের উদ্যোগে একটি দাতব্য সংস্থা গড়ে তোলার, যার মাধ্যমে ছিন্নমূল শিশুসহ দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো যাবে।
আইডিয়াকে শুধু চিন্তা হিসেবে রেখে না দিয়ে খুব দ্রুতই নেমে গেল কাজে। মা-বাবা, বন্ধু, আত্মীয় আর শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সংগ্রহ হলো কিছু টাকা। পরিমাণে হয়তো খুব বেশি নয়। কিন্তু ওরা ভাবল, বড় ফান্ডের অপেক্ষা না করে এটা দিয়ে প্রাথমিক কাজ শুরু করা যায়।
কর্মকাণ্ডটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে ওরা একটা নামও ঠিক করে ফেললো। আর তা হলো ‘স্মাইল- অ্যা স্টেপ টুয়ার্ডস হ্যাপিনেস’। নামের মাধ্যমেই বোঝা যায়, মানুষের মুখে হাসি ফোটানোর একটা ইতিবাচক চিন্তা ওই বয়সেই ওদের মননে স্থান করে নিয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া সেই ২০ হাজার টাকার তহবিল দিয়ে ওরা ২০১৮ সালে খুলনা শহরের ইউসেপ স্কুলের প্রায় ৬০ জন শিশুর জন্য ঈদের নতুন পোশাক, উপহার ও খাবারের আয়োজন করে।
একই বছরের শীতে খুলনা রেলস্টেশনের পাশের এলাকায় গৃহহীন মানুষদের মাঝে বিতরণ করে কম্বল। পরের বছর অর্থাৎ ২০১৯ সালে রমজান মাসে সংগঠনটির পক্ষ থেকে আয়োজন করা হয় ১০০ জন মানুষের ইফতার। খুলনা শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ পেশাজীবী ছাড়াও দুটি মাদ্রাসা ও একটি এতিমখানায় বিতরণ করা হয় ইফতার।
এরই মধ্যে চলে আসে করোনাভাইরাস মহামারী। চারদিকে বিবিধ সংকটের মাঝে শুরুর দিকে ‘স্মাইল’ সিদ্ধান্ত নেয় তাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার। খসড়া পরিকল্পনা ছিল নিত্য-প্রয়োজনীয় চাল-ডাল বিতরণ, যাদের খুব প্রয়োজন। কিন্তু পরিবারের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে কাজ সাময়িক স্থগিত রাখা হয়।
এর মাঝে কলেজের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য স্মৃতির শহর খুলনা ছেড়ে দুই বন্ধুকে চলে আসতে হয় ঢাকায়। আনিকা ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞানে, অন্যদিকে জান্নাত পড়াশোনা করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি বিষয়ে।
একদিকে প্রচলিত উচ্চশিক্ষার চাপ, অন্যদিকে ঢাকা শহরের অচেনা পরিবেশ। সব মিলিয়ে থমকে যাওয়ার কথা ‘স্মাইল’-এর পথচলা। কিন্তু থামেনি। সুযোগ পেলেই নিজেদের এ প্রতিষ্ঠানটি নিয়ে ভাবেন দুই বান্ধবী আনিকা ও জান্নাত। সর্বশেষ তারা চলতি বছরের এপ্রিলে খুলনায় কিছুসংখ্যক দরিদ্র শিশুদের মাঝে বিতরণ করেছেন চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় খাবার।
যদিও সংগঠনটি এখনও নিবন্ধিত নয়, ফলে অনেকটা অনানুষ্ঠানিক চলছে তাদের কার্যক্রম। তবে ভবিষ্যতে এ লক্ষ্যে কাজ করতে দুজনই প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু এ ধরণের সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রয়োজন বড় অংকের তহবিল। এমনটাই জানান সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা জান্নাত, “তহবিল সংকটের কারণে চাইলেও আমরা বৃহৎ পরিসরে কাজ করতে পারি না। তবে সবার সহযোগিতা পেলে আমরা আবারও কাজ শুরু করতে পারবো।”
অন্যদিকে ‘স্মাইল’কে নিজের সন্তানের সঙ্গে তুলনা করে আরেক সহ-প্রতিষ্ঠাতা আনিকা বলেন, “স্মাইল নিয়ে যখন ভাবি, তখন অন্যরকম ভালোবাসা কাজ করে। পড়াশোনার কারণে ঢাকায় থাকতে হচ্ছে বলে যদিও সেভাবে এখন আর সময় দিতে পারছি না, তবে ভবিষ্যতে এ নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে।”
পেশা হিসেবে গবেষণাকে বেছে নিতে চান আনিকা তাহমিন, কাজ করতে চান অটিজম নিয়ে। অন্যদিকে জান্নাতুল ফেরদৌসের ইচ্ছা কৃষিবিদ হওয়ার। ‘সুবিধাবঞ্চিত মানুষের জীবনকে আলোকিত করার’ প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে তাদের ‘স্মাইল’, সংগঠনটির ফেইসবুক পেইজে এমনই তথ্য দেওয়া আছে।
