২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিউ-এর ঈদ

পিউ আব্বু আম্মুর সাথে সিএনজি তে জ্যামে বসে আছে। পিউ বসেছে মাঝখানে, আব্বু আম্মু দুই পাশে। আম্মু সারাক্ষণ আব্বুকে জিজ্ঞেস করছে কয়টা বাজছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

তানজিনা আলম প্রিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 02:51 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

আগামীকাল ঈদ। বাসায় অনেক কাজ পড়ে আছে এই জন্যে আম্মুর অনেক তাড়া। মানুষের নাকি জ্যাম ভালো লাগেনা, কিন্তু পিউ-এর ভালোই লাগে। বিশেষ করে স্কুলে যাওয়ার সময় জ্যামে পড়লে বেশী ভালো লাগে। অবশ্য স্কুল থেকে আসার সময় পড়লে তখন ভালো লাগেনা এবং পিউ বেশীরভাগ জ্যামে পড়ে তখনই। জ্যামে বসে আশ-পাশের দোকানপাট মানুষ কে কি করছে সব দেখতে ভালো লাগে। রাস্তায় পাশে ছোট ছোট শিশুরা খেলাধুলা করে ওটা দেখতেও ভালো লাগে অনেক।

ওদের সিএনজি এখন একটা রেস্টুরেন্ট এর সামনে জ্যামে আটকে আছে। রেস্টুরেন্ট এর বাইরের অংশ টা কাঁচের বলে ভিতরের সবকিছু দেখা যাচ্ছে। অনেকে বসে খাবার খাচ্ছে। একদিকে কয়েকজন ছেলে বসে গল্প করছে। আরেকদিকে কয়েকজন মেয়ে বসে গল্প করছে এবং ছবি তুলছে। সব চেয়ে ভালো লাগছে একজন আম্মু তাঁর বাচ্চাকে খাইয়ে দিচ্ছে। বাচ্চাটা খেতে চাচ্ছে না। পিউ-এর সব কিছু দেখেই ভালো লাগছে কারণ পিউ-এর মন এখন খুব ভালো। একে তো আগামীকাল ঈদ, তাঁর মধ্যে পিউ আরেকটা নতুন জামা কিনে বাসায় ফিরছে। এই জামাটা পিউ-এর কেনার কথা ছিল না। আজকে যখন পিউ গোসল করতে গিয়েছিল, পিউ-এর চাচাতো বোন ঊর্মি আপু এসে পিউ-এর নতুন জামা দেখে ফেলেছে। পিউ আলমারিতে লুকিয়ে রেখেছিল ঈদের সব কিছু। কারণ পিউরা এবং পিউ-এর সব চাচারা একই বিল্ডিঙে থাকেন। কিন্তু আম্মু কাল ঈদ বলে আলমারি গুছিয়ে রাখছিল, সেই সময়ে ঊর্মি আপু এসে দেখে ফেলেছে। সেই তখন থেকে পিউ-এর মন খারাপ। পিউ অবশ্য কান্নাকাটি করেনি কিংবা আব্বু আম্মুর কাছে বায়নাও ধরেনি আরেকটা জামা কিনে দেয়ার জন্যে। কিন্তু পিউ-এর মন খারাপ দেখে আব্বু আম্মু নিজ থেকেই বলল আরেকটা নতুন জামার কথা।

অবশেষে পিউরা বাসায় এসে পৌছালো রাত এগারোটার সময়। বাসায় ঢুকে সাথে সাথে পিউ নিজের রুমের দরজা লক করে জামাটা পরে ফেলল। পরে আয়নার সামনে দাঁড়ালো। এই জামাটা আগেরটার চেয়েও সুন্দর। একদম লাল টকটকে। কোমরে লাল লাল গোলাপ ফুল। খুলতেই ইচ্ছে করছেনা। আম্মু দরজায় নক করে বলছে শুয়ে পড়তে, সকালে উঠতে হবে এই জন্যে। অনিচ্ছা সত্ত্বেও পিউ জামা টা খুলে সযত্নে আলমারি তে ঢুকিয়ে রাখল। ঘুমোবার আগে একবার রান্নাঘরে উঁকি দিলো। আম্মু অনেক কিছু বানাচ্ছে। পায়েস, ফালুদা, চটপটি, মুরগীর রোস্ট, গরুর কালো ভুনা, খাসির রেজালা, ডিম চপ আরও কত কিছু। সকালে উঠে বিরানি রাঁধবে। আম্মু এই জন্যে অনেক সকালে উঠে। পিউ-এর ধারণা আম্মু সারারাত ঘুমায়ই না। কারণ পিউ-এর চাচাতো ভাই বোনেরা সব সকালে প্রথমেই পিউ-এর আম্মুর রান্না করা বিরানিটা খায়। আম্মুর হাতের বানানো বিরানি না খেলে কারও যেন ঈদ-ই শুরু হয়না। পিউকে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আম্মু জিজ্ঞেস করলেন,
- রুম গুছিয়েছ ?
- না।
- গোছাবে কখন, ঘুমাবে কখন? এমনিতে সকালে উঠতে পারো না। দেরি করে ঘুমালে আরও উঠতে পারবেনা। সবাই নামাজ পড়ে চলে আসবে তুমি উঠতে উঠতে।
- বেশিক্ষণ লাগবেনা, এখুনি গুছিয়ে ফেলছি।
- আচ্ছা যাও।


পিউ চলে আসলো রুমে। আসার সময় দেখল বাবা টিভি দেখছে। পিউ রুমে এসে রুম গোছাতে শুরু করে দিল। পড়ার টেবিলটার অবস্থা খুবই খারাপ। একেবারে এলোমেলো হয়ে আছে। পড়ার টেবিলটা গোছাতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। এরপর কম্পিউটার টেবিল এবং ড্রেসিং টেবিল গুছিয়ে রাখল। গুছিয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়লো পিউ।

সকাল ৭ টা। আম্মু ডাকছে, কিন্তু পিউ উঠছে না। আম্মু কিছুক্ষণ পর পরই এসে ডেকে যাচ্ছে। অবশেষে পিউ ৮ টায় উঠলো। একটু পরেই আব্বু, চাচা ও ভাইয়ারা সবাই এসে পড়বে ঈদের নামায শেষ করে। পিউ তাড়াতাড়ি করে গোসল করতে ঢুকল। ঈদের মধ্যে এই জিনিষটাই বিরক্ত লাগে পিউ-এর কাছে, সকাল সকাল ঘুম থেকে উঠেই গোসল করা। পিউ গোসল করে বের হয়ে দেখে আম্মু পিউ-এর বিছানা গুছিয়ে দিয়েছে। সুন্দর নতুন বেড কাভার। বিছানার উপর নরম নরম সব পুতুল-- যে পুতুল গুলো ময়লা হয়ে যাবে বলে খেলা শেষ করে পিউ ঢুকিয়ে রাখে আলমারিতে। আজকে ঈদের দিন মেহমান আসবে বলে আম্মু বের করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। পিউ নতুন কাপড় নতুন জুতো পড়ে রুম থেকে বের হয়ে আম্মুর কাছে গেল। ঈদের দিন বড়দের পায়ে ধরে সালাম করতে হয়। সালাম করলে বড়রা সালামি দেন। কিন্তু আব্বু আম্মুকে সালাম করতে পিউ-এর কেমন যেন লজ্জা লজ্জা লাগে। আম্মু রান্নাঘরে কাজ করছে, সবার জন্যে ঈদের নাস্তা তৈরি করছে। পিউকে দেখেই আম্মু বললেন দাদুর কাছে গিয়ে সালাম করে আসতে।

দাদু নিচের তলায় বড় চাচার বাসায় থাকেন। দ্বিতীয় তলায় মেজ চাচা, তৃতীয় তলায় পিউরা এবং চতুর্থ তলায় সেজ চাচারা থাকেন। পিউ-এর আব্বু সবার ছোট। পিউ সব সময় ঈদে দাদুকে সবার আগে সালাম করতে চায় কারণ দাদু সবার বড়, কিন্তু নিচে নামার সময় মেজ চাচি সামনে পড়ে গেলে মেজ চাচি কে সালাম না করে নিচে নামতে পারবেনা। তাই পিউ পা টিপে টিপে অনেক সাবধানে নিচে নামলো। নিচে নেমেই ডানে বামে না তাকিয়ে সোজা দাদুর রুমে ঢুকে দাদুকে সালাম করে ফেলল।
- কে রে ?
- দাদু আমি পিউ।
- ও আচ্ছা তুই ? আয় কাছে আয় কোলাকুলি করি।
পিউ কাছে যেতেই দাদু জড়িয়ে ধরল। পিউ দাদুর পাশে বসলো।
- দাদু সালামি?
- ও আচ্ছা সালামি লাগবে? খাড়া দিতেসি।

এটা বলেই দাদু কোমর থেকে কাপড়ের টাকার থলেটা খুলে একটা নতুন দশ টাকার নোট বের করে দিলো।
- মাত্র দশ টাকা ? হবেনা। এইবার ১০০ টাকা দিতে হবে।
- আমি গরিব মানুষ ১০০ টাকা কইত্থেইকা পামু! তোর বাপ চাচার কাছে গিয়া চা।
দাদু আরও দশ টাকা বের করে দিল। পিউ-এর মন খারাপ হয়ে গেল। দাদু সব সময় এমন করে। সে ছোট বলেই তাকে দশ টাকা বিশ টাকা দেন। অথচ তার চাচাতো ফুপাত বড় ভাইয়া আপুদের আরও বেশী দেন। পিউ দাদুর পাশে বসে আছে, এমন সময় আব্বু, চাচারা এবং চাচাতো ভাইয়েরা সবাই একসাথে নামায পড়ে এসে দাদুর রুমে ঢুকল। সবাই একে একে দাদুকে সালাম করছে আর দাদু জড়িয়ে ধরে দোওয়া করে দিচ্ছেন। ভাইয়ারা পিউ-এর সাথে ফাজলামো করছে। পিউ সবাইকে সালাম করে সবার সাথে উপরে তাদের বাসায় চলে আসছে। এখন সবার সাথে সে ও নাস্তা খাবে যদিও সকালে কিছুই খেতে ইচ্ছে করেনা পিউ-এর। কিন্তু সবার সাথে একসাথে খেতে পিউ-এর অনেক ভালো লাগে। সবাই নাস্তা খাচ্ছে, আম্মু দেখি এর মধ্যেই গোসল করে নতুন কাপড় পড়ে রেডি। সবাই গল্প করতে করতে খাচ্ছে। একটু পরেই মেহমান আসা শুরু হবে।

সবাই চলে যাওয়ার পর পিউ ঘর থেকে বের হলো। আশেপাশে পিউ-এর অনেক প্রতিবেশী বন্ধু বান্ধব আছে, তাদের বাসায় গিয়ে কিছু সময় কাটিয়ে এসে বাসায় ফিরতেই দেখল বাসা ভর্তি মেহমান। সবাই পিউকে অনেক আদর করে। সবাই বেশিক্ষণ বসলো না। একটু পরেই চলে গেলো। সকাল থেকে ঘোরাঘুরি করতে করতে পিউ ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়লো। শোওয়ার সাথে সাথেই ঘুম। দুপুরে ভাত খাওয়ার জন্যে আম্মু ডাকতে এসে পিউকে ঘুম দেখে আর ডাকল না।

পিউ-এর যখন ঘুম ভাঙলো তখন সন্ধ্যা। বাসায় রহিমা বুয়া ছাড়া কেউ নেই। আব্বু কোথায় যেন গেছে এবং আম্মু নিচে দাদুর কাছে। খিদায় পিউ-এর পেট মোচড় দিয়ে উঠলো। রহিমা বুয়ার কাছে যেতেই বুয়া বলল,
- কী খাবেন আপামনি? ভাত দেই? ভাত না খাইয়া ঘুমায়া পরসেন।
- এই সন্ধ্যায় কেউ ভাত খায়? আমি নাস্তা খাবো। নাস্তা কি কিছু আছে?
- টেবিলে নাস্তা সব আছে। পছন্দ মতো নিয়া খান।

পিউ টেবিলে নাস্তা খেতে বসেছে। নাস্তা অর্ধেক খাওয়া হয়েছে এমন সময় কলিং বেল বেজে উঠলো। রহিমা বুয়া গিয়ে দরজা খুলতেই পিউ দেখল খালামনিরা এবং মামারা সবাই দলবেঁধে এসেছে। এদের মধ্যে কেউ কেউ আম্মুর চাচাতো ভাই বোন। সম্পর্কে খালা মামা হলেও বয়সে প্রায় পিউ-এর সমান এবং এরা পিউ-এর বন্ধু। বুয়া দৌড়ে নিচে চলে গেলো আম্মুকে ডাকতে। পিউ এদের থেকে জেনে নিলো কাদের কাদের বাসায় ওরা গিয়েছে এবং কে কত সালামি দিয়েছে। ওরাও সব বলল এবং পিউকে বলল ওরা এখান থেকে আরও দুই এক জায়গায় বেড়াতে যাবে এবং পিউ যেন ওদের সাথে যায়। পিউ বলল আম্মু আসলে আম্মুর অনুমতি নিয়ে তারপর জানাবে।

পিউ-এর অনেক ইচ্ছা ওদের সাথে ঘুরতে যাওয়ার এবং মনে মনে দোওয়া করতে লাগলো আম্মু যেন অনুমতি দেন। ওদের সাথে কথা বলতে বলতেই আম্মু চলে আসলো নিচ থেকে। সবাই যখন নাস্তা খেতে বসলো তখন পিউ আম্মু কে বলল কথাটা। আম্মু প্রথমে রাজি না হলেও সবাই যখন জোরাজুরি করলো তখন রাজি হয়ে গেলো। পিউ খুশিতে আটখানা। আজ অনেক মজা হবে সবার সাথে ঘুরে বেড়াতে। ওরা নাস্তা খেতে খেতে পিউ আরেকটা নতুন জামা পড়ে রেডি হয়ে নিল। গোলাপ ফুল-অলা লাল জামাটা পরলো। এরপর সবার সাথে বের হয়ে গেল। সবার সাথে সব জায়গায় ঘুরে পিউ নানুবাসায় চলে যাবে। আব্বু আম্মু এমনিতেই নানুবাসায় যাবে একটু পর। ওখানে নানাভাই নানুর সাথে রাতের খাবার খেয়ে ওখান থেকে আব্বু আম্মুর সাথে চলে আসবে পিউ এটা ঠিক হলো।

পিউ চারটা বাসায় ঘুরলো সবার সাথে এবং অনেকগুলো সালামিও পেল। বন্ধুদের সাথে অনেক মজা করলো। দলবেঁধে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। পিউ যখন নানুবাসায় পৌছাল তখন প্রায় রাত ১০ টা। এতো জায়গায় ঘুরে ঘুরে পিউ ক্লান্ত। গিয়েই দেখে আব্বু আম্মু এসে পড়েছে। সবার সাথে গল্প করছে। পিউ নানাভাই নানুমনিকে সালাম করলো। নানাভাই এর থেকে আজকে অনেক গুলো সালামি নিবে বলে ঠিক করেছে পিউ। পিউ-এর যত আবদার সব নানাভাই-এর সাথেই। অনেক কষ্টে নানাভাই এর কাছ থেকে ৫০০ টাকা আদায় করতে পারলো সে। এরপর সবাই একসাথে খেতে বসলো। নানুমনি অনেক মজার মজার খাবার রান্না করেছে ঈদ উপলক্ষে। পেট ভরে অনেক তৃপ্তি নিয়ে খেলো পিউ।

পিউরা যখন বাসায় পৌঁছায় তখন ১২ টা বেজে গেছে। পিউ-এর বাসা নানুবাসা থেকে কাছেই, তাই রাত হলেও আসা যাওয়া করতে সমস্যা হয়না এবং পিউ-এর আব্বুর বাইক থাকাতে আরও সুবিধা। নানুবাসা থেকে আসার সময় পিউ এত বেশী ক্লান্ত ছিল যে সে বাইকেই ঘুমিয়ে পড়েছিল। বাসায় পৌঁছে আম্মু যখন পিউ-এর কাপড় বদলে দিতে নিয়েছিলো তখন পিউ জেগে উঠলো। হঠাৎ তার মনে পড়লো সে কত সালামি পেয়েছে তা গোনা হয়নি। কাপড়চোপড় বদলে টাকা গুনতে বসে গেল। গুনে দেখল পিউ মোট দুই হাজার চারশো চল্লিশ টাকা পেয়েছে। টাকাগুলো আলামারিতে সাবধানে রেখে লাইট নিভিয়ে পিউ শুয়ে পড়লো। শুয়েই মনে হলো, ইশশ্! এই বছরের ঈদ শেষ, আরেকটা ঈদের জন্যে আরও এক বছর অপেক্ষা করতে হবে।