সমুদ্রের ত্রাস: অর্কা তিমি
সাদা পেট কালো পিঠের অদ্ভুত নকশার ভীষণ সুন্দর একটা তিমির প্রজাতি সমুদ্রে দেখা যায়। একে বলা হয় Killer Whale বা খুনি তিমি। ও বাবা! তিমি আবার খুনি কীভাবে হয়, আমরা তো জানি তিমি ভীষণ আদুরে আর ভদ্র একটি প্রাণী। আসলে সকল প্রাণীরই কিছু প্রজাতি থাকে যার একজন আরেকজনের খুব কাছাকাছি হলেও বেশ আলাদা। যেমন ধরো বানর আর মানুষ।
আজকে যে তিমির প্রজাতির কথা বলবো, এদের নাম অর্কা তিমি (Orca Whale) বা শুধু অর্কা (Orca) বললেও সবাই এক নামে চিনে, এমনই কুখ্যাত এই তিমি। বলা হয়ে থাকে, এটি সাগরের সবচেয়ে বড় শিকারি স্তন্যপায়ী প্রাণী। এদের শিকার ধরার পদ্ধতিও খুব বিচিত্র, কিছুটা ভয়ানকও বটে, দুই একটা শুনলেই বুঝে ফেলবে--
অর্কা তিমিরা দলবদ্ধভাবে থাকতে খুব পছন্দ করে। সমুদ্রে যখন এরা শিকার ধরে, তখন এরা এদের লেজ দিয়ে প্রচণ্ড জোরে পানিতে আঘাত করে শিকারকে একদম ভড়কে দেয়। শুধু তাই না, পানির নিচেও লেজ দিয়ে একইভাবে আঘাত করে। এই আঘাতে হেরিং মাছসহ অন্যান্য মাছেরা সাথে সাথেই মারা যায়।
একসাথে অনেকগুলো অর্কা তিমি দল বেঁধে ঐ মাছকে চারপাশ থেকে ঘিরে ধরে। এরা এমনভাবে গোল হয়ে শিকারকে ঘিরে ধরে, যেন শিকার কোনভাবেই পালাতে না পারে। এরপর খুব আস্তে আস্তে ঐ দলের অর্কা তিমিরা গোল হয়েই মাছের কাছে যেতে থাকে এবং লুপ তৈরি করে যাতে কোন দিক থেকেই মাছ পালাতে না পারে। এরই সাথে অর্কা তিমিরা পানির মধ্যে বুদবুদ তৈরি করে এবং ডাকাডাকি করে মাছকে প্রচণ্ড ভয় দেখায়। যখন একদল অর্কা তিমির মাঝে আটকে পড়া মাছটি টের পায় তার আর পালানোর উপায় নেই, তখন সে পানির উপরের দিকে চলে যেতে চেষ্টা করে। ঠিক তখনই অর্কা তিমিরা লেজ দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে মাছকে মেরে ফেলে।
তবে এদের দল বেঁধে থাকার ব্যাপারটা সত্যিই মুগ্ধ করে দেওয়ার মতো। শিকার ধরার সময় বড় অর্কা তিমিরা ছোটদেরকে শিখিয়ে দেয় কীভাবে শিকার ধরতে হয়। শুধু তাই না, মা অর্কা যখন লেজ দিয়ে আঘাত করে, বাচ্চা অর্কাও তখন মা কে অনুকরণ করে।
অর্কা তিমিরা শিকারকে যন্ত্রণা দিয়ে মারলে কী হবে, নিজেদের মধ্যে তাদের ভালোবাসা-যত্নের অন্ত নেই। কোনো অর্কা তিমি সামান্য আহত হলেই যে কোনো দলের যে কোনো অর্কা তার সেবা যত্নের জন্য চলে আসে। আহত অর্কাকে নিরাপদ জায়গায় রেখে তার জন্য খাবার সংগ্রহও করে। ১৯৯৬ সালে স্টাম্পি নামের একটি বাচ্চা অর্কা নৌকার আঘাতে আহত হওয়ার পর ৫ টি ভিন্ন দলের অর্কা তিমিরা তার সাহায্যে এগিয়ে আসে।
গবেষকরা মনে করেন, অর্কা তিমিদের মত চমৎকার সামাজিক বন্ধন খুব কম প্রাণীদের মাঝেই দেখা যায়।
