মেঘলা দিনে কার্জন হলে
গত কয়েকদিন ধরে আষাঢ়ের বৃষ্টি অবিরাম ঝরেই যাচ্ছে, কখনও টিপটিপ করে আবার কখনও ঝমঝমিয়ে চারপাশ ভাসিয়ে দিচ্ছে। রোজার জন্য স্কুল বন্ধ, ঐতিহ্য আর সভ্যতা ধরতে গেলে দিনের বেশির ভাগ সময়টাই বারান্দায় বসে বৃষ্টি দেখে। অনেকদিন পরে দেশের ফিরে বাংলাদেশের বৃষ্টি ওরা বেশ উপভোগ করছিল শুরুর দিকে, কিন্তু তিন-চার দিনেও যখন বৃষ্টি থামার কোনো নাম নেই তখন একটু একটু করে একঘেয়ে লাগতে থাকে ওদের।
তাই সেদিন সকাল বেলাটা মেঘলা হয়ে থাকলেও বৃষ্টি হচ্ছে না দেখে নানা ভাইকে ধরে ঝুলে পড়লো ওরা, এই ফাঁকে টুক করে যদি ধারে কাছের কোনো জায়গা থেকে বেড়িয়ে আশা যেত!
নানাভাই বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন, ওদের আবদার শুনে মুখের ওপর থেকে কাগজটা সরিয়ে আকাশের দিকে চাইলেন। ধুসর মেঘের দল গম্ভীর ভাবে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে যাচ্ছে। তিনি বললেন, মনে হয় দুপুরের দিকটায় আবার বৃষ্টি শুরু হবে; যদি যেতে চাও তবে চট করে তৈরি হয়ে নাও, আমরা এখনই বেরুবো।
‘হুররে’ বলে দুই ভাই-বোন দৌড়ালো তৈরি হয়ে নেবার জন্য। কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে, নতুন কিছু দেখা হবে এই খুশিতে কোথায় যাচ্ছে সেটাও জিজ্ঞেস করার কথা মনে রইলো না ওদের। মিনিট পনেরোর মধ্যে বেড়িয়ে পড়লো ওরা, শাহবাগ পেড়িয়ে গাড়ি যখন টিএসসির দিকে যাচ্ছিল, তখন ঐতিহ্য জানতে চাইলো, নানাভাই আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে যাচ্ছি। নানা বললেন, পুরো বিশ্ববিদ্যালয়টা আজকে হয়তো দেখা যাবে না, তবে আমরা আজ কার্জন হল, মুসা খাঁ মসজিদ এবং আশেপাশের আরও কিছু ঐতিহাসিক স্থাপনা দেখবো।
‘মীর জুমলা’ গেইট দেখা শেষ করে ওরা হাঁটলো ‘তিন নেতার মাজারে’র দিকে। এখানে শায়িত আছেন বাংলার তিন মহান নেতা-- শেরে বাংলা এ কে ফজলুল হক(১৮৯৬-১৯৬২), হোসেন শহিদ সোহরাওয়ার্দী (১৮৯৩-১৯৬৩)এবং খাজা নাজিমুদ্দিন(১৮৯৪-১৯৬৪)। এঁরা তিন জনই ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৪৭ সালে যখন দেশ বিভাগ হলো তখন বিভিন্ন প্রয়োজনে ঢাকায় বেশ কিছু নতুন ও আধুনিক স্থাপত্য নির্মিত হয়, তিন নেতার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই মাজারটিও সেই সময়েই নির্মাণ করা হয়েছিল। জানো এই স্থাপনার স্থপতি কে ছিলেন? এস কে মাসুদ আহমেদ।
তিন নেতার মাজারের পেছনের ঐ যে তিন গম্বুজ মসজিদটি দেখছো ওটা নির্মিত করা হয়েছিলো মুঘল শাসনামলে, নাম হলো হাজি শাহবাজ মসজিদ! নানা ভাই কথা বলতে বলতে নাতি-নাতনীকে নিয়ে মসজিদের দিকে এগিয়ে গেলেন। হাজি শাহবাজ নামের এক মুঘল ব্যবসায়ী ১৬৭৯ সালে নিজের জন্য এই মসজিদ এবং সংলগ্ন একটা একটা দরগাহ নির্মাণ করেছিলেন। বর্তমানে ঢাকায় যত মুঘল মসজিদ আছে তাদের মধ্যে সংরক্ষণের দিক থেকে খান শাহাবাজ মসজিদ সম্ভবত সবচেয়ে ভাল অবস্থায় রয়েছে। তবে সামনের তিন নেতার মাজারটা মসজিদের সৌন্দর্য অনেকটাই নষ্ট করে ফেলেছে, সামনের দিক থেকে বোঝাই যায় পিছনে কোন স্থাপত্য আছে কিনা! যে কোনো সংরক্ষিত স্থাপনার আশে পাশে নতুন স্থাপনা গড়তে হলে নিয়ম অনুযায়ী এই সব বিষয়গুলো খেয়াল করার কথা, কিন্তু এখানে কেন যে মানা হয়নি- নানার গলায় আক্ষেপের সুর শুনতে পেলো ওরা।
এরপরের গন্তব্য কার্জন হল, সেটা এখান থেকে হেঁটেই যাওয়া যাবে। কিছু দূর এগিয়ে চারিদিকের গাঢ় সবুজ গাছের চলচ্চিত্রের মাঝে লাল রঙা ইটের কার্জন হল প্রথম দর্শনেই ওদের মুগ্ধ করলো। নানা বললেন, বর্তমানে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে এটি নির্মিত হয়েছিল ঢাকা কলেজের পাঠাগার হিসেবে। যদিও বিখ্যাত ঐতিহাসিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ইতিহাস বিভাগের শিক্ষক আহমেদ হাসান দানী একে ‘টাউন হল’ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে ১৯০৪ সালে প্রকাশিত ‘ঢাকা প্রকাশ’ নামের সংবাদপত্রের এক প্রতিবেদনে একে ঢাকা কলেজের পাঠাগার হিসেবেই উল্লেখ করা হয়েছে। সেখানে আরও লেখা রয়েছে এই ভবন নির্মাণে ভাওয়ালের রাজকুমারগণ দেড় লক্ষ টাকা অনুদান দিয়েছেন। সেদিনটা ছিল ১৯০৪ সালের ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার; এদিন ভারতবর্ষের ভাইসর লর্ড কার্জনের ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং সেই উপলক্ষেই ঢাকা প্রকাশ সংবাদটি প্রকাশ করেছিল। ওরা ঘুরে ঘুরে দেখছিল আর সঙ্গে নানা ভাইয়ের বলে যাওয়া তথ্যগুলো মন দিয়ে শুনে নিচ্ছিলো।
কথা বলতে বলতে ওরা এসে বসলো কার্জন হলের পেছনে পুকুরটির পাড়ে। আকাশে মেঘের আনাগোনা বেড়ে গেছে এর মধ্যে। নানা ভাই বললেন, জানো তো- কার্জন হলের সঙ্গে জড়িয়ে আছে আমাদের অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস। এই সুন্দর ভবনটি নির্মাণ করা হয়েছিল দেশ বিভাগের ঠিক এক বছর আগে। এর অনেক বছর পরে ১৯৪৭ সালে যখন ঢাকা পশ্চিম বঙ্গের রাজধানী হিসেবে ঘোষিত হয় তখন এই কার্জন হলের সামনেই সেই আনন্দ উদযাপন করা হয়। এরপরের বছর ১৯৪৮ সালের ২৪ মার্চ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান।পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা এলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সদম্ভে ঘোষণা দিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা। সমবেত শিক্ষার্থীরা ‘না না’ বলে প্রতিবাদে ফেটে পরে, সূত্রপাত হয় মহান ভাষা আন্দোলনের। ঐতিহ্য আর সভ্যতা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল সব।
ওরা দেখলো ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদটির বর্তমান অবস্থা তেমন ভালো নয়, সারা গায়ে পরগাছা আর বয়সের জরাজীর্ণ ছাপ। মন খারাপ হয়ে গেলো ওদের।
ওদিকে আকাশটাও মেঘের ভার আর যেনো ধরে রাখতে পারছিল না, একটা দুটো করে বড় বড় বৃষ্টির ফোঁটা পরতে শুরু করলে। ওরা প্রায় দৌড়ে চলে গেলো গাড়ির কাছে। কার্জন হল দেখতে এসে উপরি পাওনার মতো অনেক কিছু দেখা হলেও বাকি রয়ে গেলো হাইকোর্ট ভবন, বর্ধমান হাউস সহ বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা।
সে সব না হয় আরেকদিন দেখা হবে- ততদিন সবাই ভাল থেকো।
