২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাদের গল্প: পোয়া বারো

এই যে সামনে ইদ আসছে। মনে করো, ইদে বাবা তোমাকে একটা জামা দিলেন, খালা একটা দিলেন, ফুপু এক জোড়া জুতো দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রাসয়াত রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2015, 03:45 PM

Updated : 12 Oct 2022, 03:56 PM

যে মামাকে তুমি চিনতেও না তিনি তোমার জন্য একটা দারুণ গিফট পাঠিয়েছেন। মানে মনে করো তোমার একেবারে পোয়া বারো অবস্থা। “পোয়া বারো” অবস্থা বলতে যে চরম সৌভাগ্য বোঝানো হয়েছে এটা নিশ্চয়ই তুমি বুঝে ফেলেছো। কিন্তু আসলে এই “পোয়া বারো” কথাটা এলো কোথা থেকে তা কি জানতে চাও? আচ্ছা জানা যাক।

প্রাচীনকালে লুডুর মতো একটা খেলা ছিল, সেটিকে পাশা খেলা বলতো। যদিও খেলাটি লুডুর মতো শুধু দেখতেই ছিল এমনিতে সেটি ছিল জুয়া খেলা। সেই পাশা খেলা থেকেই “পোয়া বারো” কথাটা এসেছে। পাশা খেলায় তিনটি গুটি থাকে। জিনিসটা অনেকটা লুডু খেলার ছক্কার মতো তবে, প্রত্যেকটি গুটিতে ১,২,৫ ও ৬ নম্বর থাকে। ছক্কার মতো ১,২,৩,৪,৫,৬ নয়। গুটিগুলো যখন চালা হয় সেটাকে বলে দান। অনেকটা লুডুর মতই তবে পার্থক্য হচ্ছে লুডুতে একটা ছক্কা দিয়ে দান দিতে হয় এখানে তিনটা গুটি।

পাশার তিনটি গুটি একসাথে চাল দিলে যদি সম্বলিত সমষ্টি হয় ৯ তাহলে খেলা শুরু হয়। তবে যদি দুটা গুটিতে ৬ আর অন্যটিতে ১ হয় তাহলে, ৬+৬+১= ১৩ হয়। এটি সবচেয়ে দামি চাল, সবচেয়ে দুর্লভও বটে। পাশা খেলায় ১ কে বলা হয় পোয়া, আর বাকি দুটা ৬ মিলে হয় ১২ সব মিলিয়ে সেটা হয়, পোয়া বারো। আগেই তো বলেছি এটা খুবই দামই চাল এবং পরম সৌভাগ্য থাকলেই এমন চাল হয় বলে ধারণা করা হয়। এভাবেই পোয়া বার মানে চরম সৌভাগ্য অবস্থা বর্ণনা করার একটা প্রচলন শুরু হলো। বিষয়টি বেশ মজার। কেননা, বর্তমান যুগে অনেকেই ১৩কে দুর্ভাগ্যের সংখ্যা হিসেবে বিবেচনা করে, আর সেই ১৩ ই নাকি সৌভাগ্যের চাল। বর্তমানে পাশা খেলার চল একদমই উঠে গেলেও, প্রাচীনকাল থেকে চলে আসা এই প্রবাদটি মুখে মুখে এখনও রয়ে গেছে।

যেমন ইদের দিন বাবা ইদি দিলেন, মা আলাদা দিলেন, খালা দিলেন, ফুপু দিলেন, এত কিছুর পর আবার দাদাভাই এসেও দিলেন, উনার সাথে উনার এক বন্ধুও ছিলেন তিনিও বড় অংকের একটা ইদি দিলেন। হলো তো তোমার পোয়া বারো অবস্থা?