২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেভ

মেরিডা কে চেনো? সেই যে লাল চুলের সাহসী রাজকন্যা, যে ভালোবাসে পাহাড় চড়তে, ঘোড়ার পিঠে চড়ে বনের মধ্যে ঘুরে বেড়াতে, বাবার রাজ্যের বাজারে গিয়ে হইচই করতে আর তীর-ধনুকের খেলা দেখাতে? আজকে তোমাদের সেই রাজকন্যা মেরিডার গল্প বলবো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>ফারহিন কবির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2015, 06:16 PM

Updated : 12 Oct 2022, 03:56 PM

মেরিডাদের রাজ্য স্কটল্যান্ডে। ওর বাবা, রাজা ফারগাস একটু পাগলাটে মানুষ। তার নেশা বন্য ভালুক শিকার করা। মেরিডা যখন ছোট তখন একবার ওকে বন্য ভাল্লুক আক্রমণ করে। রাজা ফারগাস অসীম সাহসের সাথে সেই ভাল্লুকের সাথে লড়াই করেন। সেই লড়াইয়ে তিনি তার একটা পা হারান তিনি। বুঝতেই পারছো রাজা ফারগোস তার কন্যাকে কত্ত ভালোবাসেন।

মেরিডার মা রাণী এলিনর। রাজা পাগলাটে হলেও রাণী কিন্তু খুব শান্ত ধীর বুদ্ধির মানুষ। তাঁর একমাত্র ধ্যানজ্ঞান হচ্ছে মেরিডাকে যোগ্য ‘ভবিষ্যৎ রানী’ হিসেবে গড়ে তোলা। আর সে জন্য তিনি প্রতি মুহূর্তেই ওকে কড়া শাসনে রাখেন। উঠতে, বসতে, চলতে, কথা বলতে, হাঁটতে, খেতে, এমনকি খাওয়ার টেবিলে বসতেও নানান রাজকীয় নিয়মনীতির বেড়াজালে আবদ্ধ করে রাখেন মেয়েকে। কিন্তু মেরিডা পুরোই বাবার মেয়ে, সে ভালোবাসে মুক্ত জীবন, যে জীবন হবে ধনুক থেকে ছুটে যাওয়া তীরের মতোই স্বাধীন। মায়ের সাথে তাই প্রতিনিয়ত মেরিডার এক অদ্ভুত দ্বন্দ্ব। আরও আছে মেরিডার তিনটে ছোট ছোট ভাই। ক্ষুদে রাজপুত্ররা সর্বক্ষণের বিচ্ছুগিরি সবাইকে জ্বালাতন করে মারে। আর সুযোগ পেলেই শাহী রান্নাঘর থেকে মিষ্টি চুরি করে খায়।

আরও আছে মেরিডার কালো একটি ঘোরা। সেটি আবার মেরিডার ভীষণ ভক্ত, মনিবের সমস্ত দস্যিপনা আর ঘর পালানোর একমাত্র সাথী। সেই সাথে আছে বাবার উপহার দেয়া একটি কাঠের ধনুক, এটা যেন মেরিডার অস্তিত্বের একটি অংশ। সারাক্ষণ সে এটাকে নিজের সাথেই রাখে, আর সুযোগ পেলেই তীর ধনুক দিয়ে লক্ষ্য-বিদ্ধ করার খেলায় মেতে ওঠে। এভাবেই রাজকন্যা ধীরে ধীরে হয়ে ওঠে পাকা এক তীরন্দাজ।

রাজ্যের নিয়ম-শাসন মেরিডার জীবন আরও দুর্বিষহ করে তোলে, যখন রানী এলিনর রাজকন্যার বিয়ের ব্যবস্থা করেন। রানীর পরিকল্পনা মাফিক ‘কনে দেখার সভা’ আয়োজন করা হয়। নানান দেশ থেকে রাজপুত্ররা আসে, বীরত্ব আর যুদ্ধ কৌশল দেখিয়ে রাজকন্যার মন জয় করতে। কিন্তু ওরাও মেরিডার মতোই। মেরিডাও যেমন রাণীর মতো কেদারদস্তু হতে আগ্রহী না। রাজপুত্ররাও কেউ বিরাট যোদ্ধা হতে আগ্রহী না। ফলে যখন তাদের বীরত্ব দেখিয়ে মেরিডার মন জয় করতে বলা হল, উল্টা মেরিডাই তার রণ দক্ষতা দেখিয়ে তাক লাগিয়ে দিল।

অদ্ভুত এই ঘটনায় রানী এলিনর প্রচণ্ড রেগে যান, তাঁর মনে হয়, ভরা মজলিশে মেরিডা আসলে তাঁকে অসম্মান করেছে। রাগের মুখে তিনি মেরিডার ধনুকটি কেড়ে নিয়ে আগুনে ছুঁড়ে ফেলেন। দুঃখে, অভিমানে, মেরিডা সেই রাত্রেই রাজ্য ওর প্রিয় কালো ঘোড়া ওকে নিয়ে যায় গভীর জঙ্গলে চলে যায়। সেখানে দেখা মেলে এক বুড়ি ডাইনীর। মেরিডার গল্প শুনে ডাইনী ওকে একটা জাদুর কেক দেয়। এই কেক খেলেই নাকি রানী এলিনর ‘বদলে’ যাবেন। মেরিডা প্রাসাদে ফিরে আসে। রানীকে খেতে দেয় সেই মন্তর পড়া জাদুর পিঠা। ও ভাবে, এইবার বুঝি মায়ের মন বদল হবে, মা এবার ওকে স্বাধীনতা দেবেন।

কিন্তু ডাইনীর জাদুমন্ত্রে রানী এলিনরের এ কী হলো! মানুষ থেকে বদলে গিয়ে তিনি হয়ে গেলেন একটা বিশাল রোমশ ভালুক! ওদিকে রাজা ফারগাস আর তাঁর বাহিনী, ওরা তো ভালুকের সাড়া পেয়েই সেটাকে শিকার করার জন্য মরিয়া হয়ে উঠলো। অতএব, মেরিডাকে এবার পালাতে হবে, বাঁচাতে হবে তার মা কে।

এখন তাহলে কী হবে? মেরিডা কি পারবে তার ভালুক শিকারি বাবার কাছ থেকে মাকে বাঁচাতে? সে কি পারবে ডাইনীর জাদুর মায়া ছিন্ন করে রানী এলিনরকে আবারও মানুষ রূপে ফিরিয়ে আনতে? রানী কি তাঁর অন্যায় রাজকীয় শাসন থেকে মুক্তি দেবেন মেরিডাকে?

এই গল্পের শেষটা জানতে হলে দেখে ফেলো ডিজনি পিক্সার এর মজার শিশুতোষ এনিমেশন মুভি ‘ব্রেভ’।