রিভিউ - নুলিয়াছড়ির সোনার পাহাড়
লেখকঃ শাহরিয়ার কবির
প্রকাশকঃ প্রতীক প্রকাশনা সংস্থা
মূল্যঃ ৭৫ টাকা
প্রথম প্রকাশঃ ১৯৭৬
রূপলাল লেনের পুরনো বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকে আবির। ওর নিজের ঘরটি বাড়িটির চিলেকোঠায়। সে ঘরে বসে সবদিকে দেখা যায়, তাই এই ঘরটি আবিরের খুব প্রিয়। তাই বলে আবার ভেবো না সে চিলেকোঠায় বসে চারিদিক দেখে দেখেই দিন কাটিয়ে দেয়। আবির পড়ালেখায় খুব ভালো। এই তো, ক’দিন আগে ষান্মাসিক পরীক্ষায় বরাবরের মতোই প্রথম হয়েছে ও। তবে পড়ার বইয়ের মধ্যেই সে তার সব কাজ সীমাবদ্ধ রাখে না। পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বইও ওর খুব পছন্দ। কখনও হাকলবেরি ফিনের সঙ্গে অভিযানে বেরোয় মনে মনে, কখনও ট্রেজার আইল্যান্ডের জিমের সঙ্গে সমুদ্রে গুপ্তধন শিকারে বেরিয়ে পড়ে। ওর মনে হয়, ইস, নিজের জীবনে যদি এমন একটা রক্ত-টগবগ করা এডভেঞ্চার এসে হাজির হতো! আবিরের কল্পনা এই ছুটিতে এভাবে সত্যি হয়ে যাবে তা কে জানত?
আবিরের চাচাত ভাই বাবু বেড়াতে এসেছে আমেরিকা থেকে। বাবু হলো আবিরের একমাত্র বন্ধু। দুজনের মধ্যে বেজায় মিল-- দুজনেই বই পড়তে ভালোবাসে, এডভেঞ্চারের স্বপ্ন দেখে। একদিন সকালে নাশতার টেবিলে মা বললেন, ‘নেলীর চিঠি এসেছে।’ আবিরের নেলী খালা খুব মজার মানুষ, সবকিছুতে তার খুব উৎসাহ। মা বলেন, নেলী খালা নাকি একের পর এক ‘উদ্ভুট্টি কান্ড’ করে চলেছেন। বিদেশে বড় হয়েছেন, এখন থাকেন কক্সবাজারে। নেলী খালা কখনও ডিম বিক্রির ব্যবসা শুরু করেন, আবার কখনও সবজির কারবারে লেগে পড়েন! বাবা শুনে হাসেন। এইবার কিন্তু নেলী খালার চিঠি পড়ে বাবা-মা দুজনেই গম্ভীর হয়ে গেলেন। নেলী খালা বার্মা সীমান্তের কাছে নুলিয়াছড়ি নামের প্রত্যন্ত এলাকায় একটি পুরানো জমিদার বাড়ি কিনেছেন। এটাকে সারিয়ে নিয়ে গেস্ট হাউজ করার ইচ্ছে। বাবা-মা দুশ্চিন্তা করলেও আবির ও বাবু তো শুনেই চনমনে। সবচেয়ে দারুণ কথা হলো, নেলী খালা আবিরকে দাওয়াত করেছেন নুলিয়াছড়িতে কিছুদিন বেড়িয়ে যেতে। আবিরের মনে হল, নেলী খালার জলপাই-রঙের চিঠিটা যেন ওকে ভূমধ্যসাগরের কোনো দ্বীপে যাওয়ার ডাক দিয়েছে!
আবির আর বাবু লটবহর গুছিয়ে ট্রেনে করে নুলিয়াছড়ি এসে পৌঁছালো। নেলী খালার কাছে ওদেরই বয়সী দুই বোন ললি আর টুনি বেড়াতে এসেছে। ললির চুলগুলো ববছাঁট করা, চোখে চশমা, মুখটা আদুরে রাশান পুতুলের মতো। আর টুনি মাথার দুদিকে দুটো খোঁপা করেছে, আরেকটু ওপরে হলেই শিং মনে হত!
নেলীখালার কেনা বাড়িটা যেন পাহাড়ের গায়ে একটা দুর্গ। সন্ধ্যার লাল-বেগুনী আলোতে বিশাল পুরানো বাড়িটাকে রহস্যময় মনে হয়। সামনে সারিবাঁধা রাধাচূড়া, কৃষ্ণচূড়া গাছ। বাড়িতে অনেকগুলো বড় বড় ঘর, জানালা দিয়ে পাহাড় আর সমুদ্র দেখা যায়।
এতো সুন্দর জায়গায় বেড়াতে এসে আবির-বাবু আর ললি-টুনি যে ভীষণ খুশি বুঝতেই পারছো। আর নেলী খালা গোপনে আরেকটা কথা বললেন ওদের, এই নুলিয়াছড়িতে কোথাও নাকি সোনার খনি আছে। এখানকার পাহাড়ি নদীর বালিতে সোনার গুঁড়ো পাওয়া যায়।
ওরা নেলীখালাকে ঘর ঠিকঠাক করা, বাগান পরিষ্কার করায় সাহায্য করলো। এর মাঝে বুঝতে পারলো, বাড়ির কাজের লোকেরা সবাই একে ভূতের বাড়ি মনে করে। বুড়ো মালী তো বলেই দিলো, এটা নাকি আগে হার্মাদ জলদস্যুদের আস্তানা ছিল, কত মানুষ খুন করেছে ওরা, তাদের ভূত নাকি ঘুরে বেড়াচ্ছে আশেপাশে!
ওদের পরিচয় হলো বুড়ো নিকুঞ্জ পাকড়াশী, মেজর জাহেদ আর মুৎসুদ্দি সাহেবের সাথে। মুৎসুদ্দি কানে কিচ্ছু শোনেন না, সব কথা চেঁচিয়ে বলেন, তাই নেলী খালা নাম দিয়েছেন চিল্লানোসরাস।
ছেলেমেয়েরা কদিন পাহাড়-জঙ্গলে ঘুরে বেড়াল, সঙ্গে রইল নেলী খালার গ্রেহাউন্ড কুকুর স্ক্যাটরা। চারপাশে ঝাউ আর সেগুনের বন। ছবির মত সুন্দর সোনাবালি নদী নেমে এসেছে পাহাড় থেকে।
এদিকে নেলী খানার গেস্টহাউজে দুই নতুন ভাড়াটে এসেছে, নাম ফতে আর গোবর্ধন। এই দুজনের কাজকর্ম বেশ সন্দেহজনক মনে হলো আবির ও ওর বন্ধুদের কাছে। নির্জন পাহাড়ে কী করছে ওরা? এই এলাকায় কি সত্যিই লুকানো আছে জলদস্যুর গুপ্তধন? আর আন্নাকালীর পাহাড়ের পোড়ো মন্দিরে কী ঘটছে? গেস্টহাউজে নানারকম অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। কে যেন নেলীখালাকে ভয় দেখিয়ে এই এলাকা থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছে!
ওরা ঠিক করল, এই রহস্য সমাধান করেই ছাড়বে। হার্মাদের ভূত হোক, বা স্মাগলার হোক, কাউকে ভয় করে না ওরা।
আবির ও তার বন্ধুদের এই জমজমাট অভিযানের সঙ্গী হতে পারো তোমরাও। সংগ্রহ করে নাও শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। বইটি ১৯৭৬ সালে প্রথম প্রকাশিত হওয়ার পর অসংখ্য পাঠকের ছেলেবেলাকে রঙিন করেছে।
