চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চোখ বন্ধ করে একবার ভাবো তো, তোমার আশেপাশে ঘিরে থাকা যন্ত্রপাতিগুলো আর নেই। প্রথম প্রথম একটু মজাই লাগবে। কিন্তু যখন দেখবে তোমার সহজ জীবন রাতারাতি বদলে গিয়ে ভীষণ কঠিন হয়ে গিয়েছে তখন বুঝবে চোখ বুজে কী ভুলটাই না করেছিলে। মনে হবে ধুর ছাই, কেন যে এই বাজে ভাবনাটা ভাবতে গেলাম।
বিজ্ঞান তার আবিষ্কৃত প্রযুক্তি এবং যন্ত্রপাতির মাধ্যমে আমাদের দৈনন্দিন কাজের যন্ত্রণা যে কত কমিয়ে এনেছে তা কি আর বলে শেষ করা যাবে? এর থেকে বরং চলো ভাবি আরও কী কী নতুন প্রযুক্তি তৈরি করা যায় আমাদের জীবনে আরও সুন্দর এবং আরামদায়ক করার জন্য।
তবে শুধু ভাবলেই কিন্তু হবে না। অন্যদেরও নিজের ভাবনা জানাতে হবে। তবেই না সবাই মিলে পরিকল্পনা করে সেই ভাবনার প্রযুক্তি সামনে নিয়ে আসতে পারবে।
তোমাদের সেইসব ভাবনাকে জানতে এবং সবাইকে জানাতে আগামী ১৬ জুন বিকাল ৪ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিষয় ‘তোমার স্বপ্নের ভবিষ্যৎ ডিভাইস’। চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি দেশের সর্ববৃহৎ প্রযুক্তি আয়োজন ‘বাংলাদেশে আইসিটি এক্সপো-২০১৫’র অংশ। ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত চলা এই প্রদর্শনীতে তোমাদের মতো শিশু কিশোরদের মাঝে প্রযুক্তি সম্পর্কে ধারণা তৈরি করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বয়সভিত্তিক দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তোমাদের মধ্যে যাদের বয়স ৪ থেকে ৭ বছর এবং ৮ থেকে ১২ বছর তারা যথাক্রমে দুইটি বিভাগে অংশ নিতে পারবে।
এ প্রতিযোগিতায় অংশ নিতে তোমরা অনলাইনে http://goo.gl/DKCAibঠিকানায় নিবন্ধন করতে পারো অথবা অনুষ্ঠানের শুরুতে মেলা প্রাঙ্গণে গিয়েও নিবন্ধন করা যাবে।
তাহলে আর দেরি কেন, তোমাদের রঙ নিয়ে জলদি তৈরি হয়ে যাও। নিজেদের স্বপ্নের ডিভাইস এঁকে জিতে নাও নানান উপহার।
