২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাব বাড়িতে একদিন

গ্রীষ্মের হাড় জ্বালানো গরম কাকে বলে, সেটা এবার ঢাকায় বসে টের পেলো সভ্যতা আর ঐতিহ্য। ছোটবেলাটা শীতপ্রধান দেশে কাটিয়েছে ওরা, তাই ঢাকার এই দমবন্ধ গরমে প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়েছিল ওদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শারমিন রেজোওয়ানা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 03:12 PM

Updated : 12 Oct 2022, 03:47 PM

তবে গত দু’দিনের বৃষ্টি এখন কিছুটা স্বস্তির প্রলেপ এনে দিয়েছে। সভ্যতা-ঐতিহ্যেরও প্রায় এক মাসের গ্রীষ্মের ছুটি শুরু হয়ে গেছে। দুই ভাই-বোন মিলে ভাবছিল, এই লম্বা ছুটিটা কীভাবে কাজে লাগানো যায়? ওদের মনের কথা বুঝেই যেন বা ঠিক এই সময়েই ওদের নানা ভাইও ঢাকায় এলেন কিছুদিন ওদের সঙ্গে কাটিয়ে যাবেন বলে।

নানাকে দেখেই ওরা ঠিক করে ফেললো যে ঢাকার পুরাকীর্তিগুলো দেখে ফেলবে এই ছুটিতে। প্রত্নতাত্ত্বিক নানা ভাইকে ভ্রমণের সঙ্গী হিসেবে পাওয়ার এমন সুযোগ আর নাও আসতে পারে, তিনি তো বেশিরভাগ সময়েই তাঁর গবেষণায় ব্যস্ত থাকেন।

সেদিন ভোরে প্রাতঃভ্রমণ সেরে এসে নানা বারান্দায় বসে চা পান করছিলেন, সেই সময়ে সভ্যতা আর ঐতিহ্য গিয়ে ওদের পরিকল্পনার কথা জানালে তিনিও সানন্দেই রাজি হয়ে গেলেন। এর আগে ওরা লালবাগের কেল্লা দেখেছে শুনে নানা বললেন আজ তাহলে তোমাদের এমন একটা প্রাসাদ দেখতে নিয়ে যাব যার জন্য ঢাকাবাসী এক সময়ে গর্ব করতো। কী নাম? কোথায় সেটা? ইত্যাদি বলে সভ্যতা আর ঐতিহ্যের সমস্বরে চিৎকার জুড়ে দিলো। জবাবে মৃদু হেসে নানাভাই জবাব দিলেন-‘আহসান মঞ্জিল’।

Image
আলোকচিত্রঃ সাজ্জাদুর রাশেদ

আলোকচিত্রঃ সাজ্জাদুর রাশেদ

এরপর চা, ডিম, রুটি দিয়ে নাস্তা সেরে যারযার ব্যাকপ্যাকে ক্যামেরা, পানির বোতল, ছাতা ইত্যাদি নিয়ে তারা তিনজন বেড়িয়ে পড়লো পুরানো ঢাকায় কুমারটুলির দিকে। সেখানেই ওয়াইজ ঘাটের কাছে, বুড়িগঙ্গার তীরে রয়েছে ঢাকার নবাবদের একসময়ে আবাসস্থল ও প্রাসাদ ‘আহসান মঞ্জিল’। পুরানো ঢাকার গলিপথ ধরে এগিয়ে এক সময়ে পৌঁছে গেলো প্রাসাদ দরজার কাছে। তারপর গেইটের কাছের টিকেট ঘর থেকে টাকা দিয়ে টিকেট কেটে লম্বা রাস্তা ধরে ভেতরে প্রবেশ করেই ওদের চোখ জুড়িয়ে গেলো; সবুজ লনের একপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গাঢ় গোলাপি রঙা প্রাসাদ গুলো।

নানা ভাই বললেন, এই যে দেখছো বিশাল প্রাসাদ, শুরুতে কিন্তু এটা এমন ছিল না আর এর মালিকানাও ছিল অন্যদের হাতে। এখানে আগে ফরিদপুরের জালালদির জমিদার শেখ এনায়েত উল্লাহর রঙমহল ও কুঠিবাড়ি ছিল। তার ছেলে শেখ মতিউল্লাহ একসময়ে সেই সব বাড়ি বিক্রি করে দেন ওলন্দাজদের কাছে। ওলন্দাজেরাই এখানে ওদের বাণিজ্যকুঠি স্থাপন করে। এরপর ১৮৩০ সালে ঢাকার নবাবদের পূর্বপুরুষ খাজা আলিমউল্লাহ ওলন্দাজদের কাছ থেকে ভবনগুলো কিনে নিয়ে বসবাস করতে শুরু করেন। তবে এখন যে জাঁকজমকপূর্ণ পালাডিয়ান স্থাপত্য রীতিতে তৈরি প্রাসাদ দেখছো তার বেশির ভাগই খাজা আবদুল গনির সময়ে নির্মিত, আর তিনিই তাঁর ছেলে আহসানউল্লাহর নামানুসারে এই প্রাসাদের নাম দিয়েছিলেন ‘আহসান মঞ্জিল’। বর্তমান প্রাসাদের উত্তর দিকের তোরণ আর নহবত খানা তাঁর আমলেই নির্মিত। আবদুল গনি ‘আহসান মঞ্জিল’ নির্মাণের জন্য কোলকাতার বিখ্যাত নির্মাণ প্রতিষ্ঠান ‘মার্টিন অ্যান্ড কোম্পানি’-কে নিযুক্ত করেছিলেন।

প্রথম দফায় এর নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৮৫৯ সালে; শেষ হয় ১৮৭২ সালে।

বুড়িগঙ্গা নদীর দিকে মুখ করে বানানো উঁচু মঞ্চের উপর স্থাপিত দোতালা প্রাসাদের পেয়াজাকৃতির গম্বুজযুক্ত অংশটাকে মাঝে রেখে দু’পাশের অংশ একই পরিকল্পনায় বানানো হয়েছিল, এই প্রাসাদটাকে বলা হতো রং মহল। আর পাশের দোতলা প্রাসাদটা পরিচিত ছিল অন্দরমহল নামে। ঐতিহাসিকগণ বলেন এই ভবনটা রং মহলের চাইতে প্রাচীন।

সেই ১৮৮৮ সালে একবার ঢাকায় প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল আর তাতে নবাব বাড়ির মাঝের অংশটা ভেঙ্গে যায় আর একেবারে গুঁড়িয়ে যায় ওলন্দাজদের কুঠিবাড়ি। সেই ভাঙ্গা অংশ মেরামত করার সময়েই মাঝখানের সুন্দর গম্বুজটা বানানো হয়েছিল আর।এবারের নির্মাণ কাজে কিন্তু নবাবরা আর ইংরেজ সাহেবদের ডাকলেন না, এদের বদলে দেশীয় ইঞ্জিনিয়ার বাবু গোবিন্দ চন্দ্র রায় কে এ কাজের ভার দেন। রঙমহল বা মূল প্রাসাদের পূর্ব দিকের প্রান্তে আছে একটা বড় অভ্যর্থনা কক্ষ, কার্ড-রুম, পাঠাগার আর চারটি থাকার ঘর। পশ্চিম অংশের দোতলায় আছে জলসাঘর, হিন্দুস্থানি কক্ষসহ চারটি থাকার ঘর আর নিচতলায় রয়েছে আহসান মঞ্জিলের বিখ্যাত দরবার হলটি। এছাড়া নিচে একটি বিলিয়ার্ড রুম ও পাঁচটা থাকার ঘর রয়েছে।

সভ্যতা আর ঐতিহ্য সামনের বিশাল সিঁড়িটি দেখে একদম বাচ্চাদের মতো উত্তেজিত হয়ে গেল। ওহ নানাভাই এই সোজা দোতলায় উঠে যাওয়া সিঁড়িটি কী সুন্দর! নানাভাইও ওদের মতোই উত্তেজিত ভঙ্গিতে বলা শুরু করেন, হা এটাই এই প্রাসাদের অনন্য বৈশিষ্ট্য। তোমরা জানো, ত্রিপুরা আগরতলার উজ্জয়ন্ত রাজপ্রাসাদটিও প্রায় আহসান মঞ্জিলেরই মতো দেখতে? দুটি প্রাসাদ একই সময়ে নির্মিত হয়েছিল। সেটাটিও এখন জাদুঘরে রূপান্তরিত হয়েছে।

Image
আলোকচিত্রঃ সাজ্জাদুর রাশেদ

আলোকচিত্রঃ সাজ্জাদুর রাশেদ

এরপর সভ্যতা-ঐতিহ্য নানাভাইয়ের হাত ধরে চললো প্রাসাদের ভিতরের সংগ্রহশালাটি দেখতে। বর্তমানে এই জাদুঘরের সংগ্রহের সংখ্যা চার হাজার ছড়িয়ে গেছে, আর সব নিদর্শনই নবাব পরিবার এবং তৎকালীন ইতিহাস । প্রাসাদের একত্রিশটি কক্ষের মধ্যে তেইশটিতে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। আর এর মধ্যে বিশেষ নয়টা কক্ষ আলোকচিত্রকর ফ্রিৎজকাপের তোলা ছবি দেখে সে অনুযায়ী সাজানোর চেষ্টা করা হয়েছে।

ঐতিহ্য বললো, ফ্রিৎজকাপের কথা আমি পড়েছি, উনি সম্ভবত, উনিশ শতকে ঢাকায় এসেছিলেন আর কলকাতায় ‘এফ কাপ অ্যান্ড কো’ নামে তার একটা স্টুডিও ছিল, তাই না?

নানা ভাই বললেন, হ্যাঁ, উনিই। আর এ যাবত সেই আমলের ঢাকায় যা যা আলোকচিত্র পাওয়া গেছে তার বেশির ভাগই তাঁর তোলা। ১৮৯০ থেকে পরবর্তীকালে ঢাকার নবাব পরিবারের ছবির একটা বড় অংশ কাপই তুলেছিলেন।  কথা বলতে বলতে ওরা একে একে দেখতে লাগলো নবাবদের ব্যবহৃত আসবাবপত্র, সুন্দর সব ঝাড়বাতি, তৈজসপত্র, উনিশ শতকের সৈনিকদের অস্ত্র-শস্ত্র, নবাব পরিবারের বংশলতিকা, ঐতিহাসিক বিভিন্ন ছবি, নথিপত্র ইত্যাদি। তবে ওদের বেশি ভাল লাগলো নবাবদের ডাইনিং রুম, বিলিয়ার্ড ঘর, সিন্দুক কক্ষ বা নবাবদের কোষাগার এবং রাজকীয় অতিথিদের থাকার ঘর। এই সবগুলো ঘর ফ্রিৎজকাপের ছবি অনুসারে সেভাবেই সাজানো হয়েছে। তবে সে সবের কোনো ছবি তোলা গেলো না, কারণ জাদুঘরের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ।

আহসান মঞ্জিলের ভেতরের সংগ্রহশালা দেখতে দেখতে ঐতিহ্য জিজ্ঞেস করলো, আচ্ছা নানাভাই, এরা কীভাবে নবাব উপাধি পেলো? নানাভাই বললেন, এই পরিবারের খাজা আবদুল গণির কথা তো তোমাদের আগেই বলেছিলাম। ইনি সেই সময়ে পূর্ব বাংলার সবচে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তোমরা ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের কথা শুনেছো নিশ্চয়ই, সেই সিপাহি বিদ্রোহের সময়ে ইনি বিদ্রোহ দমনে ইংরেজদের অনেক সাহায্য করেছিলেন। এরপর থেকেই ইংরেজদের সঙ্গে তাঁর বেশ সুসম্পর্ক তৈরি হয়। তিনি তাঁর বিভিন্ন কাজের মাধ্যমে তৎকালীন ব্রিটিশ সরকারের বেশ প্রিয় ব্যক্তিদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। এসব কারণে ১৮৭৫ সালে ব্রিটিশ সরকার খাজা আবদুল গনিকে ‘নবাব’ উপাধি দেন এবং বংশানুক্রমিক ভাবে সেটা ব্যবহারেও অনুমতিও। তখন থেকেই এঁরা ‘ঢাকার নবাব’ নামে পরিচিত হয়ে ওঠেন।

নবাব আবদুল গণির পরে নবাব পরিবারের আরেকজন ব্যক্তিও প্রবল প্রতাপশালী হয়ে ওঠেন, যার নামে এই প্রাসাদ- সেই নবাব আহসান উল্লাহ (১৮৪৬-১৯০১ ইং)। আধুনিক ঢাকার রূপান্তরে এই দুই নবাবের অবদান অনেক। নবাব আবদুল গণি ঢাকায় সর্ব প্রথম বিশুদ্ধ পানি সরবরাহ করার ব্যবস্থা চালু করেন আর নবাব আহসানউল্লাহ শুরু করে বিদ্যুৎ-এর ব্যবস্থা। এছাড়া তিনি সার্ভে স্কুল নামে একটা স্কুলও নির্মাণ করেন, সেটাই আজকের দিনের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যাকে তোমরা এক নামে চিনো বুয়েট নামে!

কথা বলতে বলতে জাদুঘর থেকে বেড়িয়ে এসে ওরা প্রাসাদের সামনের লনের একপাশে একটা গাছের ছায়ায় ঘাসের উপরে হাত-পা ছড়িয়ে বসলো। আকাশ মেঘলা, থেকে থেকে বেশ ঠাণ্ডা একটা হাওয়া বইছিল। সভ্যতা একটা ঘাস ছিঁড়ে নিয়ে ওটার গোঁড়াটা দাঁতে কাটতে কাটতে বললো, নানাভাই মূল প্রাসাদের সামনে ঐ সাদা রঙের লিফটটা বসিয়েছে কেন? দেখতে একদমই ভাল লাগছে না।

নানা বললেন, এটা নাকি প্রতিবন্ধীদের জাদুঘর পরিদর্শনের সুবিধার জন্য বানিয়েছে এরা। তবে আমরা যে আমাদের ঐতিহ্য সংরক্ষণে কতটা পিছিয়ে আছি, সেটার একটা প্রমাণ হয়ে থাকবে এই কাজটা। এদের শাস্তি হওয়া দরকার। পৃথিবীর কোনো সভ্য দেশে এভাবে ঐতিহাসিক ভবন বিকৃত করার নজির দেখতে পাবে না তোমরা। আর এই কাজটা ঐতিহাসিক স্থাপনা বিষয়ক আইনের পরিপন্থী হয়েছে, আশাকরি কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব এই বেখাপ্পা লিফট সরিয়ে নিয়ে বিকল্প কোন ব্যবস্থা নেবে। নানাভাইকে রেগে উঠতে দেখে আলোচনা অন্য প্রসঙ্গে ঘোরাতে চাইলো সভ্যতা, জিজ্ঞেস করলো- নানা, এই নবাবদের শেষ পর্যন্ত কী হলো, ওঁরা এমন সুন্দর প্রাসাদ ছেড়ে চলে গেলেন কেন?

Image
আলোকচিত্রঃ সাজ্জাদুর রাশেদ

আলোকচিত্রঃ সাজ্জাদুর রাশেদ

নানা ভাই বললেন, সে এক দীর্ঘ ইতিহাস, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এখন শুধু এটুকু জেনে রাখ যে অব্যবস্থাপনা এবং বিভিন্নভাবে প্রচুর অর্থ ব্যয় করে ঢাকার নবাবগণ এক সময়ে স্থানীয় মহাজন আর ব্রিটিশ সরকারের কাছে ঋণগ্রস্ত হয়ে পরেন। পতিত জমিদারী পরিচালনার ভার ১৯০৭ সালে নওয়াব সলিমুল্লাহ কোর্ট অব ওয়ার্ডসের কাছে তুলে দিতে বাধ্য হন তাঁরা। এরপর জমিদারী প্রথার বিলুপ্তি হলে সরকার ১৯৫২ সালে ঢাকা নবাব এস্টেটের অধিগ্রহণ করলে শুরু হয়ে আহসান মঞ্জিলের দুর্দিন। মঞ্জিলের বিভিন্ন ঘর সাধারণ মানুষদের কাছে ভাড়া দেয়া শুরু হয়, দ্রুত হারাতে থাকে এর আদি জৌলুস। এই ভাবে চলতে চলতে ১৯৭৪ সালে নবাব পরিবার প্রাসাদটির জন্য নিলামের ঘোষণা দেয়। সৌভাগ্যক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হস্তক্ষেপে সেই নিলাম বন্ধ হয় এবং একে বাংলাদেশ জাতীয় জাদুঘরের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হয়। এরপর ধীরে ধীরে এই প্রাসাদকে জাদুঘরে রূপান্তরিত করে ১৯৯২ সালে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

আরও একটা মজার তথ্য জেনে রাখ, শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরে আহসান মঞ্জিলের একটি খুব সুন্দর অনুকৃতি আছে, যেটা ফিলিগ্রী অলংকরণে বানানো। ঐতিহ্য বললো, ভাইয়া আমরা যেদিন জাদুঘর দেখেতে যাবো এটা কিন্তু খেয়াল করে দেখে নিতে হবে।

সভ্যতা আর ঐতিহ্য তো ওদের নানাভাইয়ের সঙ্গে আহসান মঞ্জিল ঘুরে এলো-কিন্তু তোমরা যারা এখনও এই অপূর্ব প্রাসাদটি দেখনি, সময় করে একদিন বেড়িয়ে পরো। আহসান মঞ্জিল বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাদবাকি দিন খোলা থাকে। গ্রীষ্মকালে (এপ্রিল-সেপ্টেম্বর) সকাল ৯.৩০ মিনিট থেকে বিকেল ২.৩০টা পর্যন্ত আর শীতের দিনে (অক্টোবর-মার্চ) সকাল ১০.৩০ থেকে বিকেল ৩.০০টা পর্যন্ত খোলা থাকে।

টিকেটের দামটাও জেনে নাও- বড়দের জন্য জনপ্রতি টিকেট মূল্য পাঁচ টাকা, ১২ বছরের নীচের বাচ্চাদের জন্য দুই টাকা। আর যদি স্কুল বা কলেজ থেকে সবাই মিলে যাও তবে আগে থেকে জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গেলে বিনামূল্যেই বেড়িয়ে আসতে পারবে।