রিভিউ: আ লিটল প্রিন্সেস (ছোট্ট রাজকন্যা)
বইয়ের নাম: আ লিটল প্রিন্সেস (ছোট্ট রাজকন্যা)
লেখক: ফ্রান্সিস হজসন বার্নেট (Frances Hodgson Burnett)
অনুবাদ: মঈন আহমেদ
মূল্য: ১৫০ টাকা
প্রকাশনা: বাংলা একাডেমি
চিলেকোঠায় এক রাজকুমারী থাকে। অন্ধকার, ঠাণ্ডা, ঘুপচি সেই ঘরে একটা নড়বড়ে খাট ছাড়া তেমন আসবাব নেই। খাটের ওপর একটামাত্র শতচ্ছিন্ন কাঁথা। দেয়ালের চুনকাম খসে পড়ছে। তোমরা ভাবছো, দূর ছাই, এমন ঘরে আবার রাজকুমারী থাকতে পারে নাকি! রাজকন্যারা তো থাকে সাত-রঙের রঙিন প্রাসাদে, ঘুমায় মখমলের বিছানায়; সুন্দর-সুন্দর জামা আর হাজারো জিনিস দিয়ে ঠাসা থাকে তাদের দেরাজ। কিন্তু, আজ তোমাদের যার কথা বলছি সেই রাজকুমারী এমন এক মনখারাপ-করা চিলেকোঠাতেই থাকত। আমাদের এই ছোট্ট রাজকুমারীর নাম, সারা ক্রু।
না, রাজার মেয়ে নয় সারা; সে ছিল তার বাবার আদরের রাজকন্যা। একমাত্র মেয়েকে প্রাণের চেয়েও বেশি ভালো বাসতেন বাবা। সারা কিন্তু সবসময় এই চিলেকোঠায় থাকত না। একদিন তার সবকিছুই ছিল যা একজন ছোট্ট রাজকুমারীর থাকা উচিত; রেশমি-সাটিন ফুলতোলা ফ্রক, খেলার জন্য হাজারো খেলনা, ছবিওয়ালা বই, কোনোকিছুরই কমতি ছিল না। তার বাবা কাজ করতেন দূরদেশে ভারতে, তাই সারার বয়স যখন ৭ বছর, ভালো আদবকায়দা ও পড়ালেখা শেখার জন্য ওকে লন্ডন শহরের এক নামীদামী বোর্ডিং স্কুলে ভর্তি করে দিলেন।
স্কুলের প্রধান শিক্ষিকা মিস মিনচিন ভীষণ গদগদ হয়ে বললেন, ‘আপনার মেয়েকে আমরা খুব যত্নে রাখব, কোনো চিন্তা করবেন না।’ বাবা নিশ্চিন্ত হয়ে মেয়েকে অনেক আদর করে দিয়ে বিদেশে চলে গেলেন।
স্কুলে সব ছোট ছোট মেয়ের একজন হয়ে গেলো সারা। সারা-র দামি সুন্দর পোশাক, জামা-জুতো, লক্ষ্মী মিষ্টি পুতুল, দেখে অন্যরা তো অবাক! স্কুলের শিক্ষিকারাও ধনী বাবার একমাত্র মেয়ে বলে সারাকে বাড়তি গুরুত্ব দিতেন। স্কুলের সবচেয়ে ভালো ঘরে থাকতে দেয়া হয়েছে ওকে।
তবে দামি দামি জিনিসের জন্য নয়, নিজের গুণেই সারা ছিল সবার থেকে আলাদা। তার মতো বুদ্ধিমতী, মিষ্টভাষী মেয়ে আর দ্বিতীয়টি ছিল না। সারা কল্পনা করতো, সে একজন রাজকুমারী, আর রাজকুমারীর আচরণ তো এমনই হওয়া উচিত; নিজের ঐশ্বর্য বিলিয়ে দেয়া উচিত সবার মাঝে। সারা স্কুলের সব মেয়েকে নিজের খেলনা দিয়ে খেলতে দিতো। বন্ধুদের জন্য চায়ের আয়োজন করতো। ছোটদের পড়ায় সাহায্য করতেও অনীহা ছিল না। সারা-র সবচেয়ে বড় গুণ ছিল কল্পনাশক্তি। খুব সাধারণ কিছুতেও সে সৌন্দর্য খুঁজে পেতো, কল্পনার জাদুর ছোঁয়ায় গড়ে নিতে পারতো মেঘের রাজ্যে ঝকমকে প্রাসাদ। মন থেকে গল্প তৈরি করে শোনাতে পারতো বলে গল্প-বলিয়ে হিসেবেও সবার প্রিয় হয়ে উঠল সারা।
কিন্তু কিছু মানুষ তো সবখানেই থাকে যারা কারও ভালো দেখতে পারে না। এই স্কুলেও কয়েকটি হিংসুটে মেয়ে ছিল যারা সারার দুর্নাম করে বেড়াত। ‘হুঁহ, উনি নিজেকে রাজকন্যা ভাবেন,’ টিটকিরি দিয়ে বলত ওরা, ‘অহংকারে মাটিতে পা পড়ে না!’
স্কুলের অধ্যক্ষা মিস মিনচিন মানুষটিও সুবিধের না। সারাকে মিষ্টি মিষ্টি কথা বলতেন ঠিকই, কিন্তু ছোট্ট সারার বুদ্ধি ও ব্যক্তিত্বের সামনে নিজেকে খেলো মনে হয় তাঁর। তাই মনে মনে সারাকে পছন্দ করতে পারেন না কখনও।
সারার এগারো বছরের জন্মদিনে হঠাৎ সব এলোমেলো হয়ে গেলো। উকিল মিস্টার ব্যারো এসে জানালেন, সারার বাবা ক্যাপ্টেন ক্রু মারা গেছেন ভারতে। টাকাপয়সা কিছুই রেখে যাননি তিনি।
যেন একটা ঝড় এসে ওলটপালট করে দিলো ছোট্ট মেয়েটার জীবন। পৃথিবীতে সবচেয়ে ভালোবাসত যাকে, সেই বাবার মৃত্যুর খবর ওকে স্তব্ধ করে দিলো।
কিন্তু বিপদ যখন আসে, একা আসে না। এতদিনের রাজকন্যা এখন পথের ভিখিরির মতোই নিঃস্ব। মিস মিনচিন তো রাগে জ্বলে উঠলেন, ‘কে দিবে জন্মদিনের পার্টির খরচ? কে দিবে উপহারের দাম? আমি নিজের গাঁটের পয়সা থেকে দিবো নাকি, অ্যাঁ?’
কোথাও যাওয়ার জায়গা নেই সারার। বাবা ছাড়া পরিবারের কেউ ছিল না। মিস মিনচিন বললেন, ‘দয়া করে থাকতে দিচ্ছি, রাস্তায় বের করে দিচ্ছি না, বুঝলে?’ সারার ভালো জামাকাপড়, পুতুল, বই সব নিয়ে নিলেন মিস মিনচিন, ওগুলো দিয়ে ধার শোধ করতে হবে। সারা এতদিন যে ঘরে থাকত এখন সেটাও আর রইল না। চিলেকোঠার ঘুপচি ঘরে জায়গা হল ওর। থাকা-খাওয়ার খরচ উশুল করে নেয়ার জন্য নিচু ক্লাসের বাচ্চাদের পড়ানোর কাজ দেয়া হল।
পরদিন, সারা যখন বহু পুরনো একটা জামা পরে ক্লাসরুমে এসে ঢুকলো, সব মেয়েরা হাঁ করে তাকিয়ে রইল! ফিসফিসানি শুরু হল সবার মধ্যে। হিংসুটে মেয়েগুলো একে অন্যকে গুঁতো মেরে হাসলো। একে বাবাকে হারানোর দুঃখ, তার ওপর এই দশা, অপমান! কিন্তু সারা-র ব্যক্তিত্ব ওকে মুখ লুকাতে দিলো না। মনে মনে ভাবলো, ‘আমি রাজকুমারী, জামাকাপড় দিয়ে তা হয় না, হয় অন্তরের শক্তিতে। এটা আমার জন্য একটা পরীক্ষা।'
মাথা উঁচু করে ক্লাসে ঢুকলো সারা।
কিন্তু দিনদিন ছোট্ট সারার জীবনের এই পরীক্ষা কঠিন থেকে আরও কঠিন হতে লাগলো। যে শিক্ষিকারা আগে ওকে কত তোয়াজ করতেন, তাঁরা রূঢ় ব্যবহার শুরু করলেন। ক্লাসের মেয়েরা লজ্জায় ওর সঙ্গে কথাই বলে না। চিলেকোঠায় থাকা ভিখিরিনীর সঙ্গে কি ওরা মিশতে পারে! শুধু কয়েকজন বন্ধু হাজার বিপদেও পাশে রইলো। কিন্তু মিস মিনচিনের তীক্ষ্ণ দৃষ্টির উপেক্ষা করে সবার সামনে সারার সঙ্গে কথা বলতে সাহস পায় না। মাঝে মাঝে গভীর রাতে চিলেকোঠায় ওরা দেখা করতে আসে।
মিস মিনচিন ভেবেছিলেন, রাজকুমারী থেকে ভিখিরি হয়ে গিয়ে সারা ভেঙে পড়বে। কিন্তু সারা-র মাথা উঁচু করে চলা, বকুনিতেও চোখের পানি না ফেলা, সবসময়ই মিষ্টি আচরণ দেখে তাঁর রাগ বেড়ে গেলো। ‘মেয়েটার কিসের এতো দেমাগ?’ ভাবলেন তিনি, ‘এখানে বিনিপয়সায় আছে, ও তো একটা কাজের মেয়ে ছাড়া কিছু না!’
তাই তিনি সারাকে বাজার করা, চিঠি পোস্ট করতে যাওয়াসহ আরও সব ফাইফরমাশ খাটার কাজে লাগিয়ে দিলেন। এখন রান্নাঘরের বাবুর্চিও ওর সঙ্গে যা-তা ব্যবহার শুরু করল। সারার একটাই পুরনো কোট, সেটা পরে লন্ডনের রাস্তায় প্রচণ্ড ঠাণ্ডা আর বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে কাজ সারতে হয় ওকে। ফিরতে দেরি হলে আবার খাবার জোটে না, বাবুর্চি বলে, ‘তোমার জন্য খাবার সাজিয়ে আমি বসে থাকব নাকি? নাও, এই একটা রুটি ছাড়া আর কিছু নেই।'
সারাকে বাঁচিয়ে রেখেছে ওর সাহস আর কল্পনাশক্তি। রাস্তা দিয়ে যেতে যেতে ও কল্পনা করে, ‘এই যে আমার গায়ে খুব সুন্দর পশমি কোট, আহ! কী আরাম! কীসের ঠাণ্ডা!’
একদিন প্রচণ্ড খিদের মধ্যেও নিজের খাবারের অনেকটা এক এতিম পথ শিশুকে দিয়ে দিল সারা।
মনকে ব্যস্ত রাখতে ও নির্জন চিলেকোঠার ইঁদুর ও চড়ুইপাখির সঙ্গে কথা বলে। এলাকার অন্য বাড়িগুলোর মানুষদের দেখে, তাদের নিয়ে ভাবে। কখনো কল্পনা করে, ‘আচ্ছা, যদি এমন হয়, কেউ এসে বলে, আমি সত্যি একজন হারিয়ে যাওয়া রাজকন্যা?’
শেষ পর্যন্ত কী হল এই সাহসী ছোট্ট রাজকুমারীর জীবনে? সারা কি পারলো নিজের সাহস ও শক্তি দিয়ে দুর্দশাকে জয় করতে? কোনো জাদু, কোনো আশ্চর্য মিরাকল কি ঘটলো? জানতে হলে আজই পড়ে নাও, ‘আ লিটল প্রিন্সেস’ বইটি!
বিখ্যাত ইংরেজ লেখিকা ফ্রান্সিস হজসন বার্নেট-এর লেখা এই বইটি প্রথম ছাপা হয় ১৯০৫ সালে। একশো বছরেরও বেশি সময় ধরে এ বই হাজার হাজার ছেলেমেয়েকে হাসিয়েছে, কাঁদিয়েছে। শিখিয়েছে-- টাকাপয়সা নয়, জামাকাপড় নয়, মানুষের আসল শক্তি তার মনুষ্যত্বে, ভালোবাসায়, ব্যক্তিত্বে।
বইটি পড়লে মনে হবে, তুমিও পারো রাজকুমারী হতে!
