লেটো দলের ‘ব্যাঙাচি’
ছোট্ট এক গ্রাম চুরুলিয়া। সেই গ্রামে একরাতে উৎসবের রোল উঠল। সে এক দারুণ কাণ্ড। আশপাশের দশ গ্রামের লোক জমেছে সেখানে। তারা ‘লেটো’ গান শুনবে। গান দিয়ে দুই দলের লড়াই হবে, মজা করে সেই লড়াই দেখবে।
যথাসময়ে লেটো গানের আসর শুরু হলো। দু’দলের লড়াই বেশ জমে উঠেছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। একদল গান করে আরেক দলের জন্য প্রশ্ন রেখে যায়। আরেক দল গানের মধ্যেই যুক্তি-তক্কো দিয়ে তার উত্তর দেয়, আবার পাল্টা প্রশ্ন রেখে যায়। লড়াই ভারি জমে উঠেছে। ভিন গায়ের এক নামকরা দল আজ এসেছে আসরে। এই দলের খুবই নাম-ডাক। আসর শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা কোণঠাসা করে ফেলল বিপক্ষ দলকে।
বিপক্ষ দলের এই হেরে যায় যায় ভাব, এমন সময় সেই দলের এক ফুটফুটে চেহারার ছেলে উঠে এলো মঞ্চে। মঞ্চ সাজানো হয়েছিলো রকমারি বাতি দিয়ে। আলো পড়ে ছেলেটির মুখ আর চোখ যেন ঝলকে উঠছিল। তার চুলগুলো এ সময় বেশ লম্বা ছিল। ছেলেটি মঞ্চে উঠে হাত পা নেড়ে, নাচের তালে তালে গাইতে লাগল। যেমন তার মিষ্টি গলা, তেমন তার অভিনয়। দেখেশুনে মুগ্ধ হয়ে গেল আসরের সবাই। প্রায় হেরে যাওয়া দলে জাগলো খুশির জোয়ার।
এ সময় অবশ্য ছেলেদের মেয়ে সেজেই গান গাইতে হতো। তবে, এই কিশোরের লম্বা চুলে তো তাকে এমনিতেই মেয়ে বলে চালিয়ে দিয়েছিল লেটোর দলের ওস্তাদজী।
ভিনগায়ের দল গানের ভিতর দিয়ে নানা রকম সওয়াল করছিল। সওয়াল মানে প্রশ্ন। আর বালক কবি নাচতে নাচতে, কোমর দুলিয়ে, ঘাড় নেড়ে নেড়ে দুহাত ওপরে তুলে সুর করে তাদের সব সওয়ালের উত্তর দিয়ে দিল। তারপর করে বসলো এক জবর প্রশ্ন।
ব্যস! আর যায় কোথায়? ভিন গাঁয়ের দল পড়লো মহা মুশকিলে। তারা কোনো জবাবই খুঁজে পেল না। সবাই বসে রইলো মাথা নীচু করে। জয়ী হলো বালকের দল।
নিমশা গ্রামে রাখাল বালক আর নিষ্কর্মা ছেলেরা একটা গানের দল গড়ে তুলেছিল। তবে, শখ করে তৈরি এই দলটিতে তেমন কোনো গায়ক ছিল না যে নেচে গেয়ে তালে তালে পালাগান করতে পারবে। কিন্তু ছোটো এই বালকটিকে পেয়ে তো তারা ধন্য হয়ে গেল।
পালা শেষ হলো। আসরের মধ্যেই বালক-কবিকে বুকে জড়িয়ে ধরলেন দলের সর্দার। বললেন--‘ওরে আমার ব্যাঙাচি, বড় হয়ে তুই একদিন নিশ্চয়ই গোখরো সাপ হবি।’
লেটোর দলের অধিকাংশ শিল্পী ছিল মূলত কিশোর। লেটো গানের দলে কিশোরদের অংশগ্রহণ থাকতে হতো আর যে সব কিশোর লেটোর গানে অংশ নিতো তারা ব্যাঙাচি’ নামে পরিচিত হতো।
লেটো গানে কিশোররা মেয়ে সেজে নাচ করে। তাদের বলা হয় বাই, ছোকরা ও রাঢ়। রাজকন্যা বা রাণী সাজে যারা তাদের বলা হয় রাণী। পাঠক বলা হয় যারা রাজা, মন্ত্রী, রাজপুত্র ও সেনাপতি সাজে। আর যারা নাচ, গান, অভিনয় ও সংলাপ ইত্যাদির দ্বারা দর্শক-শ্রোতাদের হাসায় তাদের বলা হয় সংদার বা সঁংগাল। গানের আসরে বিপক্ষের গোদা কবিকে হারিয়ে দিতেন, তা দেখে তাঁর চাচা লেটো গুরু বজলে করীম বলতেন, দুখু ‘বেঙাচি নয় গোখরো’, তিনি লেটো গানের জন্যে উপাধি পান ‘ভ্রমর কবি বা ভোমর কবি’ হিসেবে।
একসময় সুযোগ বুঝে গ্রামের ‘লেটো’ দলে যোগ দিয়েছিলেন তিনি। এতে তার নাম হয়েছিল। তাছাড়া, সমাজের নানা ধরনের লোকের সঙ্গে মেশবার সুযোগও পেয়েছিলেন তিনি। এটা-ওটা জানবার সুযোগও প্রচুর পাওয়া গিয়েছিল। কিন্তু ছন্নছাড়া জীবন তাঁকে হাতছানি দিতে লাগলো বড় কিছু করার জন্য।
এই লেটো দলে থাকার সময়ই তার কবিতা রচনায় হাতেখড়ি হয়েছিল। তখন তার বয়স আর কতোই বা হবে, এই তোমাদেরই মতোই। হয়তো বারো কি তেরো, সেই বয়সেই তিনি এমন সব কবিতা রচনা করতেন যে, সকলের তাক লেগে যেতো। তার সে সময়কার একটি কবিতা শোনো-
চাষ করো দেহ জমিতে।
হবে নানা ফসল এতে।।
নামাজে জমি ‘উগালে’
রোজাতে জমি‘সামলে’
কলেমায় জমিতে মই দিলে
চিন্তা কি হে এই ভবেতে।।
চুরুলিয়া, নিমশা আর রাখাকুল-এই তিন গ্রামে তখন ছিলো তিনটি নামকরা লেটো দল। এসব দলের জন্য নাটক রচনার ভার পড়লো বালক নজরুলের ওপর। এতে তিনি দুটো পয়সার মুখ দেখলেন বটে, কিন্তু বাড়ির লোকেরা তার এসব গান-বাজনা করাটা মোটেই পছন্দ করল না। কারণ তাদের কাছে এগুলো হলো বে-শরীয়তি কাজ।এর ওপর তার দুরন্তপনা তো আছে।গ্রামের লোকজনও শেষে অতিষ্ঠ হয়ে উঠল।
মাখতে মাখতে গমের আটা
ঘামে ভিজলো আমার গাটা।
তার এই গান শুনে সঙ্গী-সাথীরা তো হেসেই খুন। নজরুল তখন গম্ভীর হয়ে বলতেন, ‘তোমরা আমাকে ঠাট্টা করছো! কিন্তু দেখো, যেমন করেই হোক, একদিন আমি এ দেশের মস্ত বড় কবি হব।’
মনের জোর আর নিজের সাধনার জোরেই, নিজের বিদ্রোহী স্বপ্ন দেখার ফলেই লেটোর এই ব্যাঙাচি পরে বড় হয়ে উঠেছিলেন। তিনি তো আর রুটির দোকানের সেই গায়কটি নন, বড় হয়ে তিনি হয়েছিলেন বিদ্রোহী কবি। তিনিই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
