২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকার ঘুড়ি উৎসব

ঘুড়ি ওড়ানো দারুণ মজার এক খেলা। শৈশব-কৈশোর পেরিয়েও তাই অনেকেই এই মজার খেলাটি ছাড়তে পারেন না। এই ঘুড়ি প্রথম উড়িয়েছিল চীনারা। ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশেও ঘুড়ির প্রসার ঘটে। আর বিভিন্ন দেশ তো এই ঘুড়ি ওড়ানো নিয়ে নানা ধরণের উৎসবেরই আয়োজন করে থাকে। আজ তাহলে উত্তর আর দক্ষিণ আমেরিকা মহাদেশের ঘুড়ি উৎসবের কথা জেনে নেওয়া যাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আশরাফুল ইসলাম সাগর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 12:37 PM

Updated : 12 Oct 2022, 03:42 PM

ব্রাজিলের কথা বললেই আমাদের সবার আগে মনে আসে ফুটবলের কথা। ফুটবলকে একটা নান্দনিক পর্যায়ে নিয়ে যাওয়া ব্রাজিল কিন্তু ঘুড়ি ওড়ানোর উৎসবেও কম যায় না। ব্রাজিলের শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক মানুষের কাছেও ঘুড়ি ওড়ানো খুব মজার একটা খেলা। আমরা যেমন ঘুড়ি নিয়ে আরেকজনের ঘুড়ি কেটে দেওয়ার চেষ্টা করি, ব্রাজিলেও এরকম ঘুড়ি নিয়ে কাটাকাটি খেলা খুবই জনপ্রিয়। শুধু তাই নয়, ওই ঘুড়ি কেটে দেওয়ার পর তার পিছনে মোটর সাইকেল নিয়ে ছুটে গিয়ে ঘুড়ি উদ্ধার করাও ওদের খুবই প্রিয়। এভাবে মোটর সাইকেল নিয়ে ছোটার কারণে প্রায়ই নানা দুর্ঘটনা ঘটে। তাই শেষমেশ ব্রাজিলে মোটর সাইকেল নিয়ে ঘুড়ির পিছনে ছোটা নিষিদ্ধই করা হয়েছে।

গায়ানায় বছরের সব সময়ে সেভাবে ঘুড়ি ওড়ানোর চল নেই। এখানে ঘুড়ি উৎসব হয় ইস্টারের সময়। এই ঘুড়ি উৎসব যাকে বলে ধর্মীয় ঐতিহ্যের একটা অংশ। কাজেই তাতে অংশও নেয় সবাই। রাজধানী জর্জটাউনে তো বটেই, অন্যান্য সমূদ্রতীরবর্তী এলাকাগুলোতেও সপ্তাহব্যাপী এই উৎসব চলে। বড়দের সঙ্গে সঙ্গে ছোটরাও অংশ নেয় ঘুড়ি ওড়ানোর খেলায়।

কলম্বিয়াতেও ঘুড়ি ওড়ানো ভীষণ জনপ্রিয় খেলা। অগাস্ট মাসে কেউ যদি কলম্বিয়ায় যায়, তাহলে দেখতে পাবে, পার্কে তো বটেই, কোথাও খোলা জায়গা পেলেই মানুষ ঘুড়ি ওড়াতে শুরু করে দিয়েছে। বছরের অন্য সময় ঘুড়ি ওড়ানোর মাত্রাটা কম হলেও, পুরো আগস্ট মাস জুড়েই ছেলে-বুড়ো সবাই মেতে থাকে ঘুড়ি নিয়ে।

চিলির ঘুড়ি ওড়ানোর উৎসবে আবার বিশেষ এক গুরুত্ব আছে। চিলির স্বাধীনতা দিবস ১৮ সেপ্টেম্বর। সেদিন ঘুড়ি ওড়ানোর উৎসব আয়োজন করা হয়। এমনিতেই চিলিতে ঘুড়ি ওড়ানো অন্যতম জনপ্রিয় একটি খেলা।

দক্ষিণ আমেরিকার কথা তো জানা গেল। এবার দেখা যাক, উত্তর আমেরিকা মহাদেশের কী অবস্থা।

কানাডা আর যুক্তরাষ্ট্রের নানা রাজ্যজুড়ে ঘুড়ি নিয়ে অনেক আগে থেকেই নানা উৎসব চলে আসছে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশে ‘কালার দ্য উইন্ড’ নামে একটা উৎসব হয়। ২০০১ সালে শুরু হওয়া এই উৎসবটি হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় শনিবার। যুক্তরাষ্ট্রের শীতকালীন ঘুড়ি উৎসবগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড়।

১৯৬৭ সালে শুরু হয়েছে ‘ব্লসম কাইট ফেস্টিভাল’। ওয়াশিংটন ডিসিতে হওয়া এই ঘুড়ি উৎসবটি ‘ন্যাশনাল চেরি ব্লসম’ উৎসবের একটি অংশ হিসেবে আয়োজিত হয়। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে আরও একটি ঘুড়ি উৎসবের সূচনা হয়েছে। এর নাম ‘উইন্ডলেস কাইট ফেস্টিভাল’। এই উৎসবটি হয় ওয়াশিংটনের লং বিচ এলাকায়। ক্যালিফোর্নিয়ার বার্কলেতে ‘বার্কলে কাইট ফেস্টিভাল’ এর শুরুটা হয়েছিল ১৯৮৬ সালে। যুক্তরাষ্ট্রের এই উৎসবগুলো প্রতি বছরই খুব ঘটা করে পালন করা হয়।

ওয়েস্টার্ন কানাডা আর আটলান্টিক কানাডা-- কানাডার এই দুই রাজ্যেই ঘুড়ি উৎসবটা বেশ জমকালো করে আয়োজন করা হয়ে আসছে বেশ কয়েক বছর থেকে। ওয়েস্টার্ন কানাডার সুইফট কারেন্ট শহরে ২০০৪ সাল থেকে আয়োজন করা হচ্ছে ‘উইন্ডস্কেপ কাইট ফেস্টিভাল’। আর ‘ডায়াপি কাইট ইন্টারন্যাশনাল’ উৎসবটি ২০১০ সাল থেকে শুরু হয়েছে আটলান্টিক কানাডার ডায়াপি শহরে। ২০১৩ সালে এই উৎসবে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় তিন হাজার।